ইতালির লুক্কা চলচ্চিত্র উৎসবে সেরা সিনেমা ‘মাস্টার’
‘মাস্টার’ সিনেমার একটি দৃশ্য
বিনোদন ডেস্ক
প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৬ | ১৪:৩৭
ইতালির মর্যাদাপূর্ণ লুক্কা চলচ্চিত্র উৎসবের ২২তম আসরে সেরা চলচ্চিত্রের পুরস্কার অর্জন করেছে বাংলাদেশের চলচ্চিত্র ‘মাস্টার’। বিষয়টি সামাজিক মাধ্যমে এক পোস্টের মাধ্যমে নিশ্চিত করেছেন ছবির পরিচালক রেজওয়ান শাহরিয়ার সুমিত।
তিনি লিখেছেন, ‘সুদূর তাসকানি থেকে কী দারুণ একটি খবর এলো কিছুক্ষণ আগে! লুক্কা ফিল্ম ফেস্টিভ্যালের সেরা চলচ্চিত্রের পুরস্কারটি আমরা জিতে নিয়েছি! এই অর্জন ‘মাস্টার’ সিনেমার সর্বজনীনতা এবং প্রাসঙ্গিকতার আরেকটি প্রমাণ।’
পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র প্রতিযোগিতায় বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে লড়তে হয়েছে ‘মাস্টার’-কে। জুরি বোর্ডের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে পরিচালক বলেন, ‘এতগুলো দুর্দান্ত কাজের মাঝে আমার টিমের সকলের কঠোর পরিশ্রমকে মূল্যায়ন করার জন্য বিচারকমণ্ডলীর কাছে আমি গভীরভাবে কৃতজ্ঞ। আমার পুরো কলাকুশলী টিমের প্রতি রইল অনেক অনেক ভালোবাসা—সত্যিই অসাধারণ ছিল আপনাদের ডেডিকেশন!’
পুরস্কার জয়ের প্রতিক্রিয়ায় ছবিটির অভিনেত্রী আজমেরী হক বাঁধন বলেন, ‘এই পুরস্কার আমাদের জন্য ভীষণ আনন্দ ও গর্বের। ‘মাস্টার’ শুধু একটি সিনেমা নয়, এটি আমাদের সময়, সমাজ ও মানুষের নানা সংকটের কথা বলে। এমন একটি গল্প আন্তর্জাতিক দর্শক ও জুরি বোর্ডের কাছে স্বীকৃতি পেয়েছে, এটা সত্যিই আনন্দের। রেজওয়ান শাহরিয়ার সুমিতসহ পুরো টিমের পরিশ্রমের ফল এই অর্জন। একজন অভিনয়শিল্পী হিসেবে এমন একটি কাজের অংশ হতে পেরে আমি নিজেকে ভাগ্যবান মনে করছি। আশা করি, এই স্বীকৃতি বাংলাদেশের চলচ্চিত্রকে আন্তর্জাতিক অঙ্গনে আরও বেশি মানুষের কাছে পৌঁছে দেবে।’
এবারের উৎসবে জুরি বোর্ডের দায়িত্বে ছিলেন অস্কারজয়ী কস্টিউম ডিজাইনার ফ্রাঙ্কা স্কুয়ার্সিয়াপিনো, লিথুয়ানিয়ান পরিচালক ও প্রযোজক শারুনাস বার্তাস এবং ইতালীয় অভিনেতা, পরিচালক ও চিত্রনাট্যকার মিকেলে রিওনদিনো। সিনেমাটির প্রশংসা করে জুরি বোর্ডের অফিসিয়াল বক্তব্যে বলা হয়েছে, গল্পটা দেখতে সাধারণ মনে হলেও, বর্তমান বিশ্বে গণতন্ত্র যেভাবে নানা সংকটের মুখে পড়েছে—সিনেমাটি তা অসাধারণভাবে ফুটিয়ে তুলেছে। এই গল্পে আমরা এমন একজন আদর্শবান শিক্ষককে দেখি, যিনি সবসময় সৎ পথে চলতে চান এবং সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে চান। তাঁর সততা ও আদর্শ হয়তো পুরো সমাজকে বদলে দিতে পারত, কিন্তু সমস্যা বাঁধে অন্য জায়গায়। ব্যক্তিস্বার্থকে প্রাধান্য দেওয়ার রাজনৈতিক ব্যবস্থার জটিল মারপ্যাঁচে শেষ পর্যন্ত তাঁকে দুর্নীতির কাছে হার মানতে হয়।
উল্লেখ্য, এবারের উৎসবে জুরি বোর্ডের দায়িত্বে ছিলেন অস্কারজয়ী কস্টিউম ডিজাইনার ফ্রাঙ্কা স্কুয়ার্সিয়াপিনো, লিথুয়ানিয়ান পরিচালক ও প্রযোজক শারুনাস বার্তাস এবং ইতালীয় অভিনেতা, পরিচালক ও চিত্রনাট্যকার মিকেলে রিওনদিনো।
চলতি আসরে বিশ্ব চলচ্চিত্রের দুই প্রখ্যাত ব্যক্তিত্ব নান্নি মোরেত্তি এবং জুলিয়ান শ্নেবেলকে আজীবন সম্মাননা প্রদান করা হয়। এ ছাড়া পরিচালক নিকোলাস উইন্ডিং রেফন তাঁর নতুন সিনেমার জন্য ‘গোল্ডেন প্যান্থার অ্যাওয়ার্ড’ পেয়েছেন।
‘মাস্টার’-এ অভিনয় করেছেন নাসির উদ্দিন খান, আজমেরী হক বাঁধন ও জাকিয়া বারী মম, ফজলুর রহমান বাবু, শরীফ সিরাজ, তাসনোভা তামান্না, আমিনুর রহমান মুকুল, মাহমুদ আলম প্রমুখ।
- বিষয় :
- সিনেমা
- চলচ্চিত্র
- চলচ্চিত্র উৎসব