ঢাকা মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬

প্রবাসী বাঙালিদের জন্য সাবিনা ইয়াসমিনের বিশেষ আয়োজন

প্রবাসী বাঙালিদের জন্য সাবিনা ইয়াসমিনের বিশেষ আয়োজন
×

সাবিনা ইয়াসমিন

আনন্দ প্রতিদিন প্রতিবেদক

প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৬ | ১৩:৪৪

বাংলাদেশের সংগীতাঙ্গনের বরেণ্য শিল্পী সাবিনা ইয়াসমিন দুটি আয়োজনে সংগীত পরিবেশন করতে যুক্তরাজ্য গেছেন। গত ৪ অক্টোবর সকাল ৭টা ৪০ মিনিটের ফ্লাইটে যুক্তরাজ্যের উদ্দেশে ঢাকা ছাড়েন তিনি। সফরে তাঁর সঙ্গে রয়েছেন তবলায় চন্দন দত্ত, লিড গিটারে মনোয়ার হোসেন টুটুল এবং কি-বোর্ডে পার্থপ্রতিম বাপ্পী।

আগামী ১১ অক্টোবর লন্ডনে এবং ১৫ অক্টোবর স্কটল্যান্ডে দুটি আয়োজনে সংগীত পরিবেশন করবেন সাবিনা ইয়াসমিন। লন্ডনের আয়োজনটি অনুষ্ঠিত হবে ১৭তম লন্ডন বাংলা বইমেলা ও সাহিত্য-সাংস্কৃতিক উৎসবের অংশ হিসেবে। ১০ অক্টোবর থেকে হ্যানবুরি স্ট্রিটের দ্য ব্রাডি আর্টস অ্যান্ড কমিউনিটি সেন্টারে শুরু হবে এ উৎসব। উৎসবের দ্বিতীয় দিনে মঞ্চে উঠবেন দেশের এই বরেণ্য শিল্পী।

নিজের এই সফর প্রসঙ্গে সাবিনা ইয়াসমিন বলেন, ‘বাংলা ভাষা, সাহিত্য ও সাংস্কৃতিক ঐতিহ্যকে প্রবাসী প্রজন্মের কাছে তুলে ধরা এবং তাদের শিকড়ের সঙ্গে যুক্ত রাখার লক্ষ্যেই এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ। আয়োজনটি নিয়ে শ্রোতার বেশ আগ্রহ দেখছি। গত বছর প্রথমবার এই উৎসবে গান গেয়েছিলাম। এবারও আয়োজক ও শ্রোতার আগ্রহে একই উৎসবে গান পরিবেশন করতে যাচ্ছি। আশা করছি এবারের আয়োজনও সবদিক দিয়ে সুন্দর হবে ইনশাআল্লাহ।’

চন্দন দত্ত জানান, ১১ অক্টোবর যুক্তরাজ্যের পূর্ব লন্ডনের মেফেয়ার ভেন্যুতে টিকিটের বিনিময়ে আসা দর্শকদের জন্যও সংগীত পরিবেশন করবেন সাবিনা ইয়াসমিন। এই আয়োজনে তাঁর সঙ্গে থাকবেন যন্ত্রশিল্পীরাও। 

এদিকে শুধু এই আয়োজনে অংশ নিতে ৭ অক্টোবর লন্ডনের উদ্দেশে রওনা হচ্ছেন পপতারকা ফেরদৌস ওয়াহিদ।

তিনি বর্তমানে আরটিভির ‘লিটল স্টার’ রিয়েলিটি শোর সঙ্গে যুক্ত থাকলেও বিশেষ এই আয়োজনের জন্য কর্তৃপক্ষকে জানিয়ে যুক্তরাজ্যে যাচ্ছেন। ১৪ অক্টোবর তাঁর দেশে ফেরার কথা রয়েছে।

আয়োজন নিয়ে ফেরদৌস ওয়াহিদ বলেন, ‘সাবিনা ইয়াসমিন আমাদের সংগীতাঙ্গনের একজন অনন্য শিল্পী। তাঁর সঙ্গে একই আয়োজনে থাকতে পারা এবং তাঁর গান কাছ থেকে উপভোগ করা সবসময়ই আনন্দের। যুক্তরাজ্যে তাঁর এবারের পরিবেশনা নিঃসন্দেহে প্রবাসী বাঙালি শ্রোতার জন্য বিশেষ আকর্ষণের হবে। তাঁর কণ্ঠে বাংলা গানের ঐতিহ্য ও আবেগ নতুন করে প্রাণ পাবে–এটাই প্রত্যাশা করছি।’

১৯৫৪ সালের ৪ সেপ্টেম্বর জন্ম নেওয়া সাবিনা ইয়াসমিন ছোটবেলা থেকে সংগীতের আবহে বেড়ে ওঠেন। দীর্ঘ সংগীতজীবনে আধুনিক গান, চলচ্চিত্রের গান, লোকগান ও দেশাত্মবোধক গানে তিনি অসামান্য জনপ্রিয়তা অর্জন করেছেন। বিশেষ করে বাংলাদেশের চলচ্চিত্রের গানে তাঁর অবদান অনন্য। 

প্রেম-বিরহ, আনন্দ-বেদনা কিংবা দেশপ্রেম–বিভিন্ন অনুভূতির গান তাঁর কণ্ঠে পেয়েছে স্বতন্ত্র মাত্রা। স্বচ্ছ কণ্ঠ, শব্দের নিখুঁত উচ্চারণ, সুরের ওপর নিয়ন্ত্রণ এবং সংযত আবেগের প্রকাশ তাঁর গায়কির অন্যতম বৈশিষ্ট্য। দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য কালজয়ী গান উপহার দিয়ে তিনি বাংলাদেশের সংগীতের ইতিহাসে নিজের অবস্থান সুদৃঢ় করেছেন। এবারের যুক্তরাজ্য সফর শেষে আগামী ১৮ অক্টোবর দেশে ফেরার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে এই গুণী শিল্পীর।

আরও পড়ুন

×