ঢাকা মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬

তৃতীয়বার মা হওয়ার অপেক্ষায় অ্যান হ্যাথাওয়ে

তৃতীয়বার মা হওয়ার অপেক্ষায় অ্যান হ্যাথাওয়ে
×

অ্যান হ্যাথাওয়ে

আনন্দ প্রতিদিন ডেস্ক

প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৬ | ১৩:৫৭ | আপডেট: ০৬ অক্টোবর ২০২৬ | ১৪:১৭

পাঁচটি বড় সিনেমা। শুটিং, প্রচারণা, প্রিমিয়ার আর লালগালিচার ব্যস্ততায় ২০২৬ সালটা যেন থামার সুযোগ দেয়নি হলিউড অভিনেত্রী অ্যান হ্যাথাওয়েকে। এবার সে ব্যস্ততা থেকে সাময়িক বিরতি নিচ্ছেন ৪৩ বছর বয়সী অস্কারজয়ী এই অভিনেত্রী।

তৃতীয়বারের মতো মা হওয়ার অপেক্ষায় থাকা অ্যান ইতোমধ্যে চলে গেছেন মাতৃত্বকালীন ছুটিতে।

গত ২ অক্টোবর জিমি ফ্যালনের শোতে উপস্থিত হয়ে অ্যান জানান, তাঁর তৃতীয় সন্তান যেকোনো সময় পৃথিবীর মুখ দেখতে পারে। এর আগে জুনে সামাজিক মাধ্যমে এক ভিডিওর মাধ্যমে স্বামী অ্যাডাম শুলম্যানের সঙ্গে তৃতীয় সন্তানের অপেক্ষার খবর জানান তিনি। অ্যান ও অ্যাডামের দুই ছেলে। তারা হলেন ১০ বছরের জোনাথন ও ছয় বছরের জ্যাক।

মাতৃত্বের নতুন অধ্যায়ের আগে কাজ থেকে বিরতি নেওয়ার বিষয়টিও অবশ্য অ্যান জানিয়েছেন তার নিজস্ব রসবোধে।

‘ভেরিটি’ মুক্তির আগে প্রকাশিত একটি ভিডিওতে মেকআপ নেওয়ার সময় ক্যামেরার সামনে বসে তিনি জানান, ২ অক্টোবর সিনেমাটি মুক্তির পরদিনই তিনি ‘ধোঁয়ার কুণ্ডলীতে’ মিলিয়ে যাবেন। কথাটি শেষ করার সঙ্গে সঙ্গে পর্দাজুড়ে ধোঁয়া ছড়িয়ে পড়ে এবং ফ্রেম থেকে অদৃশ্য হয়ে যান অভিনেত্রী। পরে তাঁর স্টাইলিস্ট এরিন ওয়ালশকে দেখা যায়, মজা করে অ্যানকে খুঁজছেন। 

এই ‘অন্তর্ধান’ যে নিছক মজা নয়, সেটি আগেই জানিয়েছিলেন অ্যান। গত সেপ্টেম্বরে এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, ‘ভেরিটি’ মুক্তির পরদিন থেকে জনসমক্ষের ব্যস্ততা থেকে দূরে থাকবেন। 

চলতি বছর অ্যানকে দেখা গেছে একের পর এক আলোচিত সিনেমায়। ‘মাদার মেরি’, ‘দ্য ডেভিল ওয়্যার্স প্রাডা ২’, ‘দি অডিসি’, ‘দি এন্ড অব ওক স্ট্রিট’ ও ‘ভেরিটি’।

এই পাঁচটি সিনেমাতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন তিনি। সিনেমার কাজের পাশাপাশি প্রচারণা ও প্রিমিয়ারের ব্যস্ততাও সামলাতে হয়েছে তাঁকে। তবে এবার ক্যামেরার সামনে নয়, পরিবারকে সময় দেওয়ার পালা। দীর্ঘ কর্মব্যস্ততার পর মাতৃত্বের এই সময়টিকে উপভোগ করতে আপাতত পর্দার আলো থেকে দূরে থাকছেন অ্যান হ্যাথাওয়ে। কবে আবার নতুন কাজ নিয়ে ফিরবেন, সেটি এখন দেখার অপেক্ষা।

আরও পড়ুন

×