সুখে থাকার রেসিপি দিলেন শুভ, বিয়ের পরিকল্পনা জানালেন কেয়া পায়েল
আরিফিন শুভ ও কেয়া পায়েল
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৬ | ১৫:১৫ | আপডেট: ০৬ অক্টোবর ২০২৬ | ১৫:৩৬
প্রেম, বিরহ বা ত্রিকোণ প্রেমের গল্প নিয়ে নাটক, চলচ্চিত্র কিংবা ওয়েব ফিল্মের কোনো অভাব নেই। কিন্তু বিয়ের পর একটা যুগলের জীবনে আসলে কী ঘটে, সেই বিবাহিত জীবন নিয়ে পর্দায় গল্প খুব একটা দেখা যায় না। সেই চিন্তা থেকেই হয়তো তরুণ নির্মাতা জাহিদ প্রীতম নির্মাণ করেছেন ‘হ্যাপিলি ম্যারিড’।
আগামী বুধবার মুক্তি পাওয়ার আগে সোমবার সন্ধ্যায় আগারগাঁওয়ের মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে হয়ে গেলো ‘হ্যাপিলি ম্যারিড’ এর বিশেষ প্রদর্শনী। সেখানে কথা বলেন ‘হ্যাপিলি ম্যারিড’-এর পাত্র-পাত্রী আরিফিন শুভ ও কেয়া পায়েল।
সিনেমাটির বিষয়বস্তু যেহেতু দাম্পত্য জীবন, তাই এই তারকার কাছে প্রশ্ন রাখা হয়, বিবাহিত জীবনে সুখে থাকার ‘রেসিপি’ বা উপায় আসলে কী? হাসিমুখেই শুভ উত্তর দেন, ম্যারিড লাইফে হ্যাপি থাকার রেসিপি হচ্ছে, প্রত্যেক সপ্তাহে একবার করে ‘হ্যাপিলি ম্যারিড’ দেখতে হবে। শুক্রবার দিন সকালবেলা উঠে এটি একবার করে দেখতে হবে, তাহলেই হ্যাপি ম্যারিড থাকতে পারবেন।’
এরপর আরিফিন শুভ বলেন, “পর্দার বাইরে বিয়ের বিষয়টা আকাশ পাতাল পার্থক্য। বিশেষ করে বাস্তজীবনের বিষয় পুরো আলদা। এটুকু বলতে পারি, আজ যারা সিনেমাটি দেখলেন এখানে একটি ডায়ালক আছে হ্যাপিলি ম্যারিড বা দাম্পত্যজীবন শুরু হয় হ্যাপি শব্দটি ফুরিয়ে গেলে। আমাদের এই সিনেমা দাম্পত্যজীবনের গুরুত্বপূর্ণ সব বিষয় উঠে এসেছে। আশাকরি দর্শকের ভালো লাগবে।”
এই ফিল্মের মধ্যদিয়ে অভিনেত্রী কেয়া পায়েল প্রথমবারের মতো ওয়েব ফিল্মে অভিনয় করেছেন। এদিন অনুষ্ঠানে দেরিতে আসার কারণে সাংবাদিকদের তোপের মুখে পড়তে হয় তাকে। ক্ষমা চেয়ে নিজের প্রথম ওয়েব ফিল্ম নিয়ে কথা বলেন কেয়া পায়েল।
তিনি বলেন, ‘এটা আমার প্রথম ফিল্ম। অসাধারণ একজন পরিচালক পেয়েছি। তার থেকে আনন্দের বিষয় হলো, আমার সঙ্গে আমার হিরো আরিফিন শুভ ভাইয়া ছিলেন। সব মিলিয়ে আমার কাছে এটা খুবই স্বপ্নের মতো একটি প্রজেক্ট। যে প্রজেক্টটির জন্য আসলে আমি এত দিন অপেক্ষা করেছি।’
চরিত্রটি ভালোভাবে ফুটিয়ে তুলতে নিজের জায়গা থেকে চেষ্টা করেছেন জানিয়ে এই অভিনেত্রী বলেন, ‘আমি আমার জায়গা থেকে চেষ্টা করেছি কাজটি ভালোভাবে করার, চরিত্রটি ভালোভাবে করার। বাকিটা আমি চাইব, আমার দর্শক, যারা আমাকে ভালোবাসে, তারা দেখুক। বাকি বিবেচনা তারা করুক।’
‘হ্যাপিলি ম্যারিড’ প্রসঙ্গে কেয়া পায়েল বলেন, ‘হ্যাপিলি ম্যারিডের পরের গল্পটা কী—আমরা তো ওই বিয়ের পরে হ্যাপিলি ম্যারিড হয়ে গেলাম, এর পরের চ্যাপ্টারটা কী, সেটা নিয়ে কি আমরা আদৌ ভাবি? ওই চ্যাপ্টারটা নিয়েই আসলে আমাদের গল্প।’
বিয়ে নিয়ে নিজের ভাবনার কথাও জানান কেয়া। তার ভাষায়, ‘প্রত্যেক মানুষেরই নিজের বিয়ে নিয়ে একটা ফ্যান্টাসি থাকে। কারণ, জীবনের এত বড় একটা সিদ্ধান্ত বিয়ে। আমার মনে হয়, অনেক বুঝে-শুনে, অনেক চিন্তা করে, আয়োজন করে মানুষ বিয়ে করে। আমার নিজেরও অনেক চিন্তা আছে। তবে তার আগে হ্যাপিলি ম্যারিড আসুক। এটা দেখে মানুষ কী বলে, সেটা দেখি।’
বাস্তব জীবনে কবে বিয়ে করবেন—এমন প্রশ্নের জবাবে কেয়া পায়েল বলেন, ‘আমি সব সময় ভাগ্যে বিশ্বাসী। ভাগ্যে যখন লেখা আছে, যার সঙ্গে লেখা আছে, আমি চাইলেও এটা ফেরাতে পারব না। বিয়ে তখন হয়েই যাবে। বিয়ে নিয়ে এত কিছু ভাবি না। শুধু এটাই ভাবি যে জীবনে এমন একজন মানুষকে চাই, যাকে নিয়ে সারাটা জীবন একসঙ্গে থাকতে পারি।’
সম্পর্ক টিকিয়ে রাখার ক্ষেত্রে বিশ্বাস ও সম্মানকে সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে করেন কেয়া। তিনি বলেন, ‘বিয়ে বা সম্পর্কে সবচেয়ে বড় দরকার হচ্ছে বিশ্বাস এবং দুজন মানুষের মধ্যে সম্মান। বিশ্বাস আর সম্মান।’
তার মতে, বিয়ের পর যেকোনো সমস্যার মুখোমুখি হওয়া স্বাভাবিক। কেয়া বলেন, ‘বিয়ের পরে যেকোনো সমস্যা তো হতেই পারে এবং সমস্যা হবে, এটা খুব স্বাভাবিক। সেই সমস্যাগুলোকে ফেস করে সেটা নিয়ে আসলে সারাটা জীবন পার করাটাই আমার মনে হয় বিয়ে।’
এ ক্ষেত্রে দায়িত্বের বিষয়টিও গুরুত্বপূর্ণ বলে মনে করেন তিনি। কেয়া বলেন, ‘বিয়ের পরে দায়িত্বটা অনেক থাকে। ভালোবাসা, কেয়ারের থেকেও বেশি দায়িত্ব। সেই দায়িত্বটা পালন করাও একটা বড় চ্যালেঞ্জ।’
‘হ্যাপিলি ম্যারিড’ সিনেমাটিতে বিয়ের পরের জীবনের একটি সুন্দর জার্নি তুলে ধরা হয়েছে বলেও জানান কেয়া। তিনি বলেন, ‘আমরা সব সময় চিন্তা করি, বিয়ে হ্যাপিলি হবে। ম্যারিড তো আমাদের জীবনের সবচেয়ে সুন্দর একটি অধ্যায়। এখানে একটা সুন্দর জার্নি আছে গল্পে। আমি চেষ্টা করেছি আমার পরিচালক যেভাবে চরিত্রটি চিন্তা করেছেন, তাঁর ভাবনার মতো করে চরিত্রটি করার।’
আরিফিন শুভ ও কেয়া পায়েল ছাড়াও ‘হ্যাপিলি ম্যারিড’ ওয়েব ফিল্মে অভিনয় করেছেন দীপা খন্দকার, অভিনেতা-নির্মাতা সালাহউদ্দিন লাভলু ও আরেফিন জিলানীসহ অনেকে।
- বিষয় :
- কেয়া পায়েল
- আরিফিন শুভ