ঢাকা বুধবার, ০৭ অক্টোবর ২০২৬

ক্যানসারে আক্রান্ত কথাশিল্পী নাসরীন জাহান, চিকিৎসায় সহায়তার আহ্বান

ক্যানসারে আক্রান্ত কথাশিল্পী নাসরীন জাহান, চিকিৎসায় সহায়তার আহ্বান
×

কথাশিল্পী নাসরীন জাহান

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৬ | ২২:৪১

বাংলা সাহিত্যের কথাশিল্পী নাসরীন জাহান এক বছরেরও বেশি সময় ধরে ক্যানসারের সঙ্গে লড়াই করছেন। দীর্ঘমেয়াদি চিকিৎসার মধ্যে কিডনি জটিলতাও দেখা দিয়েছে তাঁর। নিয়মিত কেমোথেরাপি, চিকিৎসা ও ওষুধের ব্যয় বাড়তে থাকায় তাঁর চিকিৎসা চালিয়ে নেওয়া পরিবারের জন্য কঠিন হয়ে পড়েছে। এ অবস্থায় তাঁর চিকিৎসায় সহায়তার জন্য পরিবার, স্বজন ও শুভানুধ্যায়ীদের প্রতি আহ্বান জানানো হয়েছে।

নাসরীন জাহানের স্বামী কবি আশরাফ আহমদ জানিয়েছেন, এক বছরেরও বেশি সময় আগে তাঁর ইউরিনারি ব্লাডারে ক্যানসার শনাক্ত হয়। এরপর থেকে নিয়মিত কেমোথেরাপি চলছে। পাশাপাশি তিনি কিডনি জটিলতায় ভুগছেন। গত কয়েক মাস ধরে তাঁর রক্তে ক্রিয়েটিনিনের মাত্রা ৬ দশমিক ৫-এর ওপরে রয়েছে।

বাংলা কথাসাহিত্যে স্বতন্ত্র ভাষা ও বিষয়বোধের জন্য পরিচিত নাসরীন জাহান। তাঁর প্রথম উপন্যাস ‘উড়ুক্কু’ প্রকাশের পরই পাঠকমহলে সাড়া ফেলে। পরবর্তী সময়ে গল্প, উপন্যাসসহ বিভিন্ন ধরনের লেখায় তিনি তৈরি করেছেন নিজস্ব সাহিত্যভুবন। তাঁর প্রকাশিত গ্রন্থের সংখ্যা ৫০টির বেশি। সাহিত্যকর্মের স্বীকৃতি হিসেবে বাংলা একাডেমি পুরস্কারসহ বিভিন্ন পুরস্কার ও সম্মাননা পেয়েছেন তিনি।

চলমান চিকিৎসার ব্যয় পরিবারের পক্ষে বহন করা কঠিন হয়ে পড়ায় নাসরীন জাহানের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন তাঁর স্বজন, প্রকাশক ও শুভানুধ্যায়ীরা। প্রকাশনা সংস্থা অন্যপ্রকাশের প্রধান নির্বাহী মাজহারুল ইসলাম বলেন, পরিবার ও স্বজনদের পাশাপাশি প্রকাশক, পাঠক, লেখক, সংস্কৃতিকর্মী ও শুভানুধ্যায়ীদের এ সময়ে এগিয়ে আসা প্রয়োজন। একই সঙ্গে সরকারেরও দায়িত্বশীল ভূমিকা প্রত্যাশা করেন তিনি।

নাসরীন জাহানের চিকিৎসায় সহায়তার আহ্বান জানিয়ে মাজহারুল ইসলাম বলেন, ‘সংকটের সময়ে একজন মানুষের পাশে আরেকজন দাঁড়াবে, এটাই তো মানবিকতার সবচেয়ে সুন্দর পরিচয়। আসুন, আমরা সকলে মিলে কথাশিল্পী নাসরীন জাহানের পাশে দাঁড়াই। তাঁর পাশে দাঁড়াতে আমাদের এতটুকু সহযোগিতাই এখন অনেক বড় বিষয়।’

নাসরীন জাহানের নিকটাত্মীয় কবি ফরিদ কবিরও তাঁর চিকিৎসার ব্যয় নির্বাহে সুহৃদদের সহযোগিতার অনুরোধ জানিয়েছেন। তাঁর চিকিৎসায় আর্থিক সহায়তা সরাসরি পাঠানোর ব্যবস্থা করা হয়েছে।

সহায়তা পাঠানোর তথ্য

নাম: Nasreen Jahan
ব্যাংক: Mutual Trust Bank Limited
শাখা: Panthapath Branch
অ্যাকাউন্ট নম্বর: 00303 1001 2266
SWIFT Code: MTBL BDDH

Taptap Send বা অন্য কোনো সুরক্ষিত অ্যাপের মাধ্যমে ওই ব্যাংক হিসাবে সরাসরি অর্থ পাঠানো যাবে। এ ছাড়া বিকাশের মাধ্যমেও সহায়তা পাঠানো যাবে।

বিকাশ: 01713006487

আরও পড়ুন

×