ঢাকা বুধবার, ০৭ অক্টোবর ২০২৬

আসিফের নতুন গান ও কোরিয়া সফর

আসিফের নতুন গান ও কোরিয়া সফর
×

আসিফ আকবর। ছবি: ফেসবুক

আনন্দ প্রতিদিন প্রতিবেদক

প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৬ | ১৫:১১

বেশ কিছুদিনের বিরতি শেষে নতুন একক গান প্রকাশ করলেন নন্দিত কণ্ঠশিল্পী আসিফ আকবর। শিরোনাম ‘ভুলে গেছি তোমাকে’। ‘মন থেকে উঠে গেছো তুমি, ভুলে গেছি আমি তোমাকে; নেই ভালোবাসা বলে কিছু, বুঝেছি ভালোবেসে ঠকে; তোমারই পিছে ছুটেছি মিছে, পড়েছে কালি তাই চোখের নিচে’–এমন কথায় সাজানো গানটি লিখেছেন স্নেহাশীষ ঘোষ।

রাজেশ ঘোষের সুরে সংগীতায়োজন করেছেন এম এম পি রনি। ইয়ামিন এলানের পরিচালনায় নির্মিত মিউজিক ভিডিওতে অংশ নিয়েছেন শিল্পী আসিফ আকবর নিজে। এরই মধ্যে ‘ভুলে গেছি তোমাকে’ গানটি প্রযোজনা প্রতিষ্ঠান আর আর মিউজিকের ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে। 

আসিফ আকবর জানান, ‘ভুলে গেছি তোমাকে’র সূত্র ধরে অনেকদিন পর রাজেশ ঘোষের সুরে কোনো গানে কণ্ঠ দিয়েছেন তিনি। রাজেশ তার সংগীত ক্যারিয়ারের সর্বাধিক জনপ্রিয় গানের সুরকার। যেকোনো সৃষ্টিতে এই সুরকারের সঙ্গে তাঁর বোঝাপড়াও দারুণ। তাই আশা করছেন, এই পুরোনো শিল্পী-সুরকার জুটির নতুন এ আয়োজন সংগীতপ্রেমীদের প্রত্যাশা পূরণ করবে।

এদিকে নতুন গান প্রকাশের পাশাপাশি দক্ষিণ কোরিয়া সফরের প্রস্তুতি নিয়ে ফেলেছেন আসিফ আকবর। ইনছন বাংলাদেশ কমিউনিটি ইন কোরিয়া [আইবিসিকে] এর আয়োজনে ‘বাংলাদেশ উৎসব ২০২৬’-এ অংশ নিতে তাঁর এই দক্ষিণ কোরিয়া সফর।

আগামী ১০ অক্টোবর ইনছনের ইনচিওন সামসান ওয়ার্ল্ড জিমনেসিয়ামে আয়োজিত এই উৎসবে পারফর্ম করবেন তিনি। 

আরও পড়ুন

×