ঢাকা বুধবার, ০৭ অক্টোবর ২০২৬

একঝাঁক তারকা নিয়ে শুরু হলো ‘ফিরে আসার গল্প’

একঝাঁক তারকা নিয়ে শুরু হলো ‘ফিরে আসার গল্প’
×

‘ফিরে আসার গল্প’ নির্মাতা-শিল্পীরা

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৬ | ১৯:৪৫ | আপডেট: ০৭ অক্টোবর ২০২৬ | ১৯:৫০

‘এটা আমাদেরই গল্প’ সাড়া জাগানোর পর নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজের রচনা ও পরিচালনায় নতুন ধারাবাহিক নাটক ‘ফিরে আসার গল্প’ দর্শকের সামনে অবমুক্ত হলো। আজ (৭ অক্টোবর) ইউটিউবে এসেছে এর প্রথম পর্ব। প্রথম পর্ব প্রচারের ৩ ঘণ্টা ৩৭ মিনিটের মধ্যেই ১ মিলিয়ন ভিউ অতিক্রম করেছে।

পারিবারিক গল্প নিয়েই সাজানো হয়েছে এটি। প্রতি বুধ ও বৃহস্পতিবার দুপুর ১২টায় সিনেমাওয়ালার ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে এর নতুন নতুন পর্ব।

‘এটা আমাদেরই গল্প’র অভিনয়শিল্পীদের বড় একটি অংশের পুনর্মিলন ঘটেছে নতুন ধারাবাহিকটিতে। তাদের মধ্যে রয়েছেন খায়রুল বাসার, মনিরা আক্তার মিঠু, দীপা খন্দকার, ডা. এজাজুল ইসলাম, মাহমুদুল ইসলাম মিঠু, অদিতি জামান স্নেহা, মুকিত জাকারিয়া, এমএনইউ রাজু ও ডিকন নূর।

একঝাঁক তারকা নিয়ে তৈরি হয়েছে ‘ফিরে আসার গল্প’। দুই অভিনেতা জাহিদ হাসান ও শহীদুজ্জামান সেলিম প্রায় ১৩ বছর পর আবারও একই ধারাবাহিকে অভিনয় করেছেন। রাজের পরিচালনায় অনেক বছর পর জাহিদ হাসানের নতুন ধারাবাহিক এটি। এ ছাড়া আছেন তানজিম সাইয়ারা তটিনী ও ফাইজুল ইয়ামিন।

‘ফিরে আসার গল্প’র নামেই যেন লুকিয়ে আছে গল্পের মূল আবেগ। সময়ের কোনো এক পর্যায়ে সম্পর্ক কিংবা অনুভূতির কাছেই আবার ফিরে আসার প্রয়োজন তৈরি হয় মানুষের। সেই ফিরে আসার পথ, তার টানাপড়েন ও আবেগ নিয়েই ধারাবাহিকটি।

নাটকটির আবহকে আরও সমৃদ্ধ করতে তৈরি হয়েছে তিনটি গান। এর মধ্যে দুটি দ্বৈত গান এবং অন্য গানটির থাকছে দুটি সংস্করণ। গানগুলোতে কণ্ঠ দিয়েছেন নাজমুন মুনিরা ন্যানসি, আরফিন রুমি, ইমরান মাহমুদুল, দোলা রহমান, সজীব দাস ও পুলক অধিকারী।

টাইটেল গান ‘ওরে প্রিয়া রে’ লিখেছেন কবির বকুল। ‘ওরে প্রিয়া রে’ গানটিতে কণ্ঠ দিয়েছেন ন্যানসি ও ইমরান মাহমুদুল। সুর ও সংগীত পরিচালনা করেছেন নাভেদ পারভেজ।

‘ফিরে আসার গল্প’-এর টাইটেল গান গেয়েছেন আরফিন রুমি। তারই সুর ও সংগীতে তৈরি হয়েছে গানটি। এর আরেকটি সংস্করণে কণ্ঠ দিয়েছেন দোলা রহমান।

এ ছাড়া ‘প্রেমের কারিগর’ শিরোনামে গানটির সুর ও সংগীত পরিচালনা করেছেন সজীব দাস। তার সঙ্গে গানটিতে কণ্ঠ দিয়েছেন পুলক অধিকারী। গানটির কথা লিখেছেন সালাহউদ্দিন সাগর।

আরও পড়ুন

×