ঢাকা রোববার, ১৮ অক্টোবর ২০২৬

নানা পাটেকার

মৃত্যুর আগে শেষ কয়েক ঘণ্টায় যা ঘটেছিল

মৃত্যুর আগে শেষ কয়েক ঘণ্টায় যা ঘটেছিল
×
×

নানা পাটেকার

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৬ | ১৫:১৩ | আপডেট: ০৮ অক্টোবর ২০২৬ | ১৫:৩৬

মাত্র চার দিন আগেও গোয়ার এক অনুষ্ঠানে নাচ-গানে মাতিয়েছিলেন সবাইকে। প্রাণবন্ত সেই আয়োজনে জীবন নিয়েও কথা বলেছিলেন নানা পাটেকার। অথচ কয়েক দিনের ব্যবধানে থেমে গেল এই অভিনেতার জীবন।

বৃহস্পতিবার সকালে গোয়ার বাসভবন থেকে অচেতন অবস্থায় নানা পাটেকারকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। প্রায় ৪৫ মিনিট ধরে চিকিৎসকেরা তাকে বাঁচানোর চেষ্টা করেও শেষ পর্যন্ত ব্যর্থ হন।

নানার মৃত্যুর আগে শেষ কয়েক ঘণ্টায় কী ঘটেছিল, তা জানিয়েছেন গোয়ার মণিপাল হাসপাতালের অঙ্কোলজি বিভাগের প্রধান চিকিৎসক শেখর সালকার। অচেতন অবস্থায় নানাকে হাসপাতালে নিয়ে গিয়েছিলেন তার এক বন্ধু।

চিকিৎসকের ভাষ্য অনুযায়ী, রাত আড়াইটার দিকে কাছের এক বন্ধুকে মেসেজ করেছিলেন নানা। সেখানে তিনি জানিয়েছিলেন, শরীর ভালো লাগছে না। কিন্তু গভীর রাত হওয়ায় ওই বন্ধু তখন মেসেজটি দেখতে পাননি। পরে তিনি নানাকে ফোন করেন। এরপর ভোর ৪টার দিকে অভিনেতার বাড়িতে পৌঁছান।

শেখর সালকার বলেন, ‘আমাদের যতটুকু মনে পড়ছে, রাত ২টা ৩০ মিনিটে বন্ধুকে মেসেজ করে নানা পাটেকার জানিয়েছিলেন যে তিনি সুস্থবোধ করছেন না। কিন্তু গভীর রাত হওয়ায় তার বন্ধু মেসেজটি দেখতে পাননি। তাই পরে নানাকে ফোন করেন। এরপর ভোর ৪টার দিকে তিনি পাটেকারের বাড়িতে যান। ততক্ষণে অভিনেতার শরীর ঘামতে শুরু করেছিল এবং অন্যান্য উপসর্গ দেখা দিচ্ছিল।’

তিনি আরও জানান, নানার শারীরিক অবস্থার অবনতি হতে থাকায় দ্রুত প্রয়োজনীয় প্রাথমিক চিকিৎসা দেওয়ার ব্যবস্থা করা হয়। কিন্তু ধীরে ধীরে জ্ঞান হারাতে শুরু করেন অভিনেতা। তখন বাড়ির পরিচারককে অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করতে হাসপাতালে পাঠানো হয়।

এরই মধ্যে হাসপাতাল থেকে একটি জরুরি চিকিৎসক দল নানার বাড়িতে যায়। তবে চিকিৎসকেরা পৌঁছানোর আগেই অভিনেতা পুরোপুরি অসাড় হয়ে পড়েছিলেন। এরপর তাকে সিপিআর দেওয়া হয়। তাতেও সাড়া না পাওয়ায় ভোর ৪টা ২০ মিনিটের দিকে তাকে গোয়ার মণিপাল হাসপাতালে নেওয়া হয়।

হাসপাতালে পৌঁছানোর পরও নানাকে বাঁচাতে সর্বোচ্চ চেষ্টা করেন চিকিৎসকেরা। প্রায় ৪৫ মিনিট ধরে কার্ডিয়াক ম্যাসাজ ও সিপিআর দেওয়া হয়। কিন্তু শেষ পর্যন্ত সব চেষ্টা ব্যর্থ হয়। ভোর ৫টা ২০ মিনিটের দিকে নানা পাটেকারকে মৃত ঘোষণা করা হয়।

নানা ওই হাসপাতালের নিবন্ধিত রোগী ছিলেন না। তাই ঘটনাটি ‘মেডিকো-লিগ্যাল’ মামলা হিসেবে নথিভুক্ত করে পুলিশকে জানানো হয়েছে। পরে ময়নাতদন্তের জন্য অভিনেতার মরদেহ গোয়া মেডিক্যাল কলেজে নেওয়া হয়।

চিকিৎসকেরা জানিয়েছেন, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পরই নানার মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিতভাবে জানা যাবে। সূত্র: সংবাদ প্রতিদিন

আরও পড়ুন

×