ঢাকা রোববার, ১৮ অক্টোবর ২০২৬

মা হওয়ার পর চেহারা নিয়ে কটাক্ষ, জবাব দিলেন ক্যাটরিনা

মা হওয়ার পর চেহারা নিয়ে কটাক্ষ, জবাব দিলেন ক্যাটরিনা
×
×

ক্যাটরিনা কাইফ। ছবি: দ্য স্টেটসম্যান

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১০ অক্টোবর ২০২৬ | ১৪:৫৩ | আপডেট: ১০ অক্টোবর ২০২৬ | ১৫:০৭

মা হওয়ার পর শারীরিক গঠনে পরিবর্তন এসেছে বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফের। কিন্তু স্বাভাবিক এই পরিবর্তন নিয়েও সামাজিক যোগাযোগমাধ্যমে কটাক্ষের শিকার হতে হয়েছে তাকে। 

সম্প্রতি চলচ্চিত্র পরিচালক কুক্কু কোহলির শেষকৃত্যে উপস্থিত হওয়ার পর ক্যাটরিনার চেহারা নিয়ে শুরু হয় আলোচনা-সমালোচনা। এবার সৌন্দর্যের প্রচলিত ধারণা ও সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রোলিং নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করলেন অভিনেত্রী।

ক্যাটরিনার এই পরিস্থিতিতে তার পাশে দাঁড়িয়েছেন বলিউডের অনেক তারকা। বিষয়টি নিয়ে নাম উল্লেখ না করে সমালোচকদের খোঁচা দিয়েছিলেন সালমান খানও। 

এবার নিজেই জানালেন, অপরিচিত মানুষের নেতিবাচক মন্তব্য কিংবা বডি শেমিং তাঁর আত্মবিশ্বাসে প্রভাব ফেলতে পারে না। নিজের বিউটি ব্র্যান্ডের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে সামাজিক যোগাযোগমাধ্যমের প্রভাব ও ট্রোলিং নিয়ে কথা বলেন ক্যাটরিনা।

তার মতে, সময়ের সঙ্গে শরীরে যে পরিবর্তন আসে, তা স্বাভাবিকভাবে গ্রহণ করার মধ্যেই আত্মবিশ্বাস ও সৌন্দর্যের প্রকাশ। অচেনা মানুষের মন্তব্য নিয়ে অযথা চিন্তা করারও কোনো প্রয়োজন নেই।

নিজের অবস্থান ব্যাখ্যা করে ক্যাটরিনা বলেন, “সোশ্যাল মিডিয়ায় কে কী মন্তব্য করছে, তা যেন কখনও নিজের আত্মসম্মান বা নিজস্ব মূল্যবোধকে প্রভাবিত করতে না পারে। অন্য মানুষের মতামত নিয়ে চললে নিজের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাটা হারিয়ে যায়। তাই সমালোচনা হলেও ভয়ে নিজের সিদ্ধান্ত থেকে পিছিয়ে আসা একদমই অনুচিত।”

জীবনে সময়ের সঙ্গে নানা পরিবর্তন আসতে পারে বলেও মনে করেন ক্যাটরিনা। কখনো নিজেকে খুব সুন্দর মনে হতে পারে, আবার কখনো নিজের চেহারা নিয়ে তেমন ভালো অনুভূতি নাও হতে পারে। 
তবে পরিস্থিতি যা-ই হোক, নিজের প্রতি আত্মবিশ্বাস ধরে রাখাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মনে করেন এই অভিনেত্রী। সূত্র: দ্য ওয়াল

আরও পড়ুন

×