অভিনেতা ইমরান ও তার প্রেমিকাকে ছেড়ে দিয়েছে দিল্লি পুলিশ
ইমরান খান, তার প্রেমিকা লেখা ওয়াশিংটন ও জায়েন মারি খান। ছবি: কোলাজ
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১১ অক্টোবর ২০২৬ | ১৪:১৯ | আপডেট: ১১ অক্টোবর ২০২৬ | ১৫:১১
ভারতের মুম্বাইয়ে বিক্ষোভে অংশ নিয়ে আটকের কয়েক ঘণ্টা পর মুক্তি পেয়েছেন বলিউড অভিনেতা ইমরান খান, তার প্রেমিকা লেখা ওয়াশিংটন ও অভিনেত্রী জায়েন মেরি। শনিবার ককরোচ জনতা পার্টির (সিজেপি) বিক্ষোভে যোগ দেওয়ার পর তাদের আটক করে পুলিশ।
মুক্তি পাওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের অভিজ্ঞতার কথা জানিয়েছেন তারা। শনিবার রাতে ইনস্টাগ্রামে একটি রিল প্রকাশ করে মুক্তির বিষয়টি নিশ্চিত করেন লেখা। পরে আরেকটি স্টোরিতে ইমরান ও জায়েনকে জড়িয়ে ধরার ছবি প্রকাশ করেন তিনি। তবে মুক্তির পরও তাদের ভোগান্তি হয়েছে বলে অভিযোগ করেন লেখাও।
তার দাবি, বাড়ি ফেরার জন্য গাড়ি ভাড়া করতে গিয়ে সমস্যায় পড়েন তারা। তাদের নিয়ে যেতে রাজি হওয়া চালকদের পুলিশ ভয় দেখাচ্ছিল বলেও অভিযোগ করেন তিনি।
অন্যদিকে, আটকের পুরো ঘটনা নিয়ে ইনস্টাগ্রামে একাধিক স্টোরি প্রকাশ করেন জায়েন। তার পোস্ট করা ভিডিওতে দেখা যায়, তাদের পুলিশের গাড়িতে তোলা হচ্ছে। কোথায় নিয়ে যাওয়া হবে, সে বিষয়েও তাঁদের কিছু জানানো হয়নি বলে অভিযোগ করেন তিনি।
আটকের ঘটনায় উত্তেজনার মধ্যেও মজার মুহূর্ত তৈরি করেন ইমরান। জায়েনের শেয়ার করা একটি ভিডিওতে দেখা যায়, ২০০৮ সালে মুক্তি পাওয়া ইমরানের প্রথম সিনেমা ‘জানে তু... ইয়া জানে না’র প্রসঙ্গ তোলা হয়েছে।
এর আগে পুলিশের গাড়ির ভেতর থেকে নিজের একটি সেলফি ইনস্টাগ্রামে পোস্ট করেছিলেন অভিনেতা। ক্যাপশনে লিখেছিলেন, ‘দেখা যাচ্ছে, আমাকে গাড়িতে ঘুরতে নিয়ে যাওয়া হচ্ছে।’
পরে ছবিটি দিয়ে তৈরি একটি মিমও শেয়ার করেন জায়েন। সেখানে ইমরানের অভিনীত ‘গোরি তেরে পেয়ার মে’ সিনেমার জনপ্রিয় গান ‘ধাট তেরি কি, ম্যায় ঘর নেহি জানা’র উল্লেখ ছিল।
প্রসঙ্গত, ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তুলে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ দাবি করছে সিজেপি। এ নিয়ে মুম্বাই ও দিল্লিসহ ভারতের বিভিন্ন স্থানে বিক্ষোভ হয়েছে। দিল্লিতেও বিক্ষোভ ঘিরে ব্যাপক ধরপাকড়ের ঘটনা ঘটেছে। রাজধানীর বিভিন্ন এলাকা থেকে চার হাজারের বেশি বিক্ষোভকারীকে আটক করা হয়। তাঁদের মধ্যে সিজেপির কয়েকজন নেতা ও বিরোধী রাজনৈতিক দলের পরিচিত ব্যক্তিরাও রয়েছেন। সূত্র: এনডিটিভি
- বিষয় :
- ইমরান খান
- বিক্ষোভ
- ককরোচ জনতা পার্টি