ঢাকা রোববার, ১৮ অক্টোবর ২০২৬

নির্মাতা হওয়ার লক্ষ্যে পথচলা শুরু, ঘটনাচক্রে অভিনেতা হয়েছি: শিমুল

নির্মাতা হওয়ার লক্ষ্যে পথচলা শুরু, ঘটনাচক্রে অভিনেতা হয়েছি: শিমুল
×
×

শিমুল শর্মা। ছবি: ফেসবুক

রাসেল আজাদ বিদ্যুৎ

প্রকাশ: ১২ অক্টোবর ২০২৬ | ১৪:৩৬

শিমুল শর্মা। অভিনেতা ও নির্মাতা। সম্প্রতি স্ট্রিমিং প্ল্যাটফর্ম বঙ্গতে মুক্তি পেয়েছে তাঁর অভিনীত হাস্যরসাত্মক গল্পে নাটক ‘চেক আউট’। নতুন এ নাটক, অভিনয় ও নির্মাণ নিয়ে আগামীদিনের ভাবনাসহ অন্যান্য প্রসঙ্গে তাঁর সঙ্গে কথা বলেছেন রাসেল আজাদ বিদ্যুৎ

‘চেক আউট’ নাটকের গল্প... 
হালের কনটেন্ট ক্রিয়েটরদের কাণ্ডকারখানা নিয়ে ‘চেক আউট’ নাটকের গল্প। যেজন্য গল্পটা হয়ে উঠেছে সমকালীন আর চরিত্রগুলো অনেকটা চেনা।

অন্যান্য নাটক থেকে আলাদা মনে হবে কেন?
আমার ধারণা, হাস্যরসের মধ্য দিয়ে সমাজের যে বাস্তবতা গল্পে তুলে আনা হয়েছে, তা অন্যসব নাটক থেকে ‘চেক আউট’-কে আলাদা করে তুলেছে।

শিমুল শর্মা। ছবি: ফেসবুক

‘শর্টকাট’ নাটকের পর আবার লামিমা লামের সঙ্গে জুটি বাঁধলেন। দর্শকের প্রত্যাশা পূরণের জন্যই কি আবার জুটি বেঁধে অভিনয়? 
পর্দার জুটি গড়ে ওঠে দর্শকের চাওয়া থেকে। একেক ধরনের গল্পে দর্শক একেক রকম জুটিকে চান। আমাদের বেলায়ও সেটি হয়েছে। লামিমার সঙ্গে বেশ কিছু হাসির নাটকে অভিনয় করে দর্শক মনোযোগ কাড়তে পেরেছি। সর্বশেষ ‘শর্টকাট’ নাটকে জুটি বেঁধে পূরণ করতে পেরেছি দর্শকপ্রত্যাশা। আর ‘চেক আউট’ যেহেতু হাসির গল্পের নাটক, তাই নির্মাতা মাজিদুল ইসলাম স্বাধীন আমার বিপরীতে লামিমা লামকে বেছে নিয়েছেন।
 
আপনাকে বেশির ভাগ সময় হাসির নাটকে অভিনয় করতে দেখা যায়...

সব ধরনের গল্পে কাজ করতে চাই। সেই সুযোগ খুব যে একটা পেয়েছি, এমন নয়। তা ছাড়া দর্শকপ্রত্যাশা পূরণের একটা দায় সব সময় ছিল। তাদের ভালো লাগার কথা মাথায় রেখে স্যাটায়ার কমেডি নাটকগুলোতে অভিনয় করা। এর পরও চেষ্টা করছি, একটু একটু করে চেনা ছকের বাইরে গিয়ে কাজ করার।

অন্য টপিকে অভিনয়ের ইচ্ছে নেই?
সত্যি বলতে কী, আমি নিজেও খুব করে চাই, অভিনেতা হিসেবে না হলেও নির্মাতা হিসেবে নিখাদ একটি ভালোবাসার গল্প পর্দায় তুলে ধরতে। ইচ্ছে আছে সামনে ভালো ভালো কাজ করার।

শিমুল শর্মা। ছবি: ফেসবুক

নির্মাণ ও অভিনয়ের পাশাপাশি বেশ কিছু নাটকের গল্পভাবনাও ছিল আপনার। গল্পকার হিসেবে কোন বিষয়গুলো প্রাধান্য দেন?
এতদিন তো স্যাটায়ার কমেডি নিয়ে কাজ করেছি। যে কারণে আশপাশে যা কিছু ঘটছে, সেগুলো গল্পে তুলে আনার চেষ্টা করেছি। হাস্যকর শোনালেও সত্যি, চারদিকে নানা রকম রঙ্গ-তামাশা চলছে। যা দেখে মনে হয়, লোকজন তাদের বোধবুদ্ধি শিকেয় তুলে মন যা চাইছে, তা-ই করছে। বাস্তব জীবনটাই এখন হাস্যকর ঘটনায় ভরপুর। তাই তো চারপাশের ঘটনাগুলো নাটকের গল্পে রূপ নিচ্ছে প্রতিনিয়ত। আমিও তাই এসব অদ্ভুত আর উদ্ভট ঘটনা পুঁজি করে গল্প রচনার চেষ্টা করেছি। 

অভিনেতা ও নির্মাতার মধ্যে কোন পরিচয়কে প্রাধান্য দেন?
নির্মাতা হওয়ার লক্ষ্যে মিডিয়ায় পথচলা শুরু। আমার গুরু কাজল আরেফিন অমির (পরিচালক) কারণে ঘটনাচক্রে অভিনেতা বনে যাওয়া। হ্যাঁ– এ কথা সত্যি, অভিনেতা হিসেবে অসংখ্য মানুষের ভালোবাসা পেয়েছি। এর পরও আমার প্রথম এবং প্রধান চাওয়া নির্মাতা পরিচয়কে প্রতিষ্ঠিত করা। এর বাইরে অভিনয় করে যদি মানুষের মনে আনন্দ দিতে পারি, সেটি হবে বাড়তি পাওয়া।

আরও পড়ুন

×