আবারও হাস্যরসাত্মক গল্পে মোশাররফ করিম-নীলাঞ্জনা
মোশাররফ করিম ও নীলাঞ্জনা নীলা
আনন্দ প্রতিদিন প্রতিবেদক
প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৬ | ১৬:২৩
অভিনেতা মোশাররফ করিম ও নীলাঞ্জনা নীলাকে আবারও একসঙ্গে দেখা যাবে নতুন নাটকে। ‘জামাই মানে যন্ত্র-না’ শিরোনামে নাটকটি রচনা করেছেন ইউসুফ আলী খোকন। নির্মাণ করেছেন পরিচালক সরদার রোকন। ইতোমধ্যে নাটকটির দৃশ্যধারণ শেষ হয়েছে। শিগগিরই একটি ইউটিউব চ্যানেলে নাটকটি প্রচার করা হবে বলে জানিয়েছেন নির্মাতা। এর আগে মোশাররফ করিমের সঙ্গে বেশ কয়েকটি নাটকে অভিনয় করেছেন নীলা। সেগুলোর মধ্যে রয়েছে ‘জামাই বউ অতি চালাক’, ‘বাবার বিয়ে’, ‘জামাই বউ আসামি’, ‘ফিটফাট বাবু’ ও ‘বউ পাগল জামাই’। নতুন নাটকটি নিয়েও আশাবাদী নীলা।
নাটকটি প্রসঙ্গে পরিচালক সরদার রোকন বলেন, ‘মোশাররফ করিমের সঙ্গে কাজ করতে গিয়ে অনেক কিছু শেখার সুযোগ পাই। নতুন নাটকে মোশাররফ করিমের পাশাপাশি নীলাঞ্জনা নীলাও ভালো অভিনয় করেছেন। গল্প ও অভিনয় মিলিয়ে নাটকটি দর্শকের ভালো লাগবে বলে আশা করছি।’
নাটকে অভিনয় প্রসঙ্গে মোশাররফ করিম বলেন, ‘সরদার রোকন যত্ন নিয়ে নাটকটি নির্মাণের চেষ্টা করেছেন। গল্পটি অন্যরকম। নীলাও আগের চেয়ে ভালো অভিনয়ের চেষ্টা করেছে। বরাবরের মতো আমাদের পর্দা রসায়ন দর্শকের ভালো লাগবে–এ আশা করাই যায়।
নীলাঞ্জনা নীলা বলেন, ‘নন্দিত অভিনেতা মোশাররফ করিমের সঙ্গে শুরুতে অভিনয় করতে কিছুটা ভয় কাজ করত। তবে একসঙ্গে একাধিক নাটকে কাজ করতে গিয়ে বিষয়টি এখন উপভোগ করছি। তাঁর সঙ্গে কাজের মধ্য দিয়ে অভিনয় সম্পর্কে শেখার সুযোগও হয়।’ এর আগে সরদার রোকনের পরিচালনায় মোশাররফ করিম ‘ভাঙ্গারির বউ রাজরানি’, ‘রেডিও জয়নাল’ ও ‘ইনজেকশন মতিন’ নাটকে অভিনয় করেছেন। নতুন নাটক ‘জামাই মানে যন্ত্র-না’য় পারিবারিক সম্পর্ক ও হাস্যরসের গল্প তুলে ধরা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। নাটকটি প্রচারের নির্দিষ্ট তারিখ এখনও জানানো হয়নি।
- বিষয় :
- মোশাররফ করিম
- নীলাঞ্জনা নীলা