ঢাকা রোববার, ১৮ অক্টোবর ২০২৬

দর্শক রজনীকান্তকে কেন এত ভালোবাসেন, শুটিং সেটে তা বুঝেছি: বিদ্যা বালান

দর্শক রজনীকান্তকে কেন এত ভালোবাসেন, শুটিং সেটে তা বুঝেছি: বিদ্যা বালান
×
×

রজনীকান্ত ও বিদ্যা বালান

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৬ | ১৮:৩৬ | আপডেট: ১৫ অক্টোবর ২০২৬ | ১৯:১৭

দক্ষিণী সিনেমার সুপারস্টার রজনীকান্তের সঙ্গে প্রথমবার শুটিংয়ের অভিজ্ঞতা জানিয়েছেন বলিউড অভিনেত্রী বিদ্যা বালান। ‘জেলার ২’ সিনেমায় একসঙ্গে কাজ করেছেন তারা। শুটিং সেটে রজনীকান্তের প্রবেশ নিয়ে তার মনে ছিল রাজকীয় আয়োজনের প্রত্যাশা। কিন্তু কোনো আড়ম্বর ছাড়াই নীরবে সেটে প্রবেশ করেন এই অভিনেতা। বিষয়টি অবাক করেছিল বিদ্যাকে।

সম্প্রতি ‘ভ্যারাইটি ইন্ডিয়া’কে দেওয়া এক সাক্ষাৎকারে রজনীকান্তের সঙ্গে কাজের অভিজ্ঞতা নিয়ে কথা বলেন বিদ্যা। তিনি বলেন, ‘আমি সেটে আগে থেকে ছিলাম। পরিচালকের সঙ্গে, চিত্রগ্রাহক ও সহকারীদের কয়েকজনের সঙ্গে গল্প করছিলাম। আমরা সবাই গোল হয়ে দাঁড়িয়ে হাসি-আড্ডায় মেতে ছিলাম। দূর থেকে একজনকে আমাদের দিকে আসতে দেখলাম। ভেবেছিলাম, তার প্রবেশের সময় তূর্য বাজবে, রাজকীয় কোনো আয়োজন হবে। কিন্তু তিনি নিঃশব্দে হেঁটে এলেন।’

শুটিংয়ের পুরো সময় রজনীকান্তের বিনয় ও স্বাভাবিক আচরণ মুগ্ধ করেছে বিদ্যাকে। তার মতে, এত বড় তারকা হয়েও রজনীকান্তের মধ্যে কোনো আড়ম্বর নেই। আশপাশের মানুষের সঙ্গে সহজভাবে মিশতে পারেন তিনি।

বিদ্যা বলেন, ‘তাঁর কাছ থেকে শেখার, প্রশংসা করার এবং নিজের মধ্যে ধারণ করার মতো অনেক কিছু আছে। তিনি যেভাবে আছেন, সেভাবে নিজেকে উপস্থাপন করেন। আমার মনে হয়, এ কারণে দর্শক তাকে এত ভালোবাসেন। তিনি খুবই অকৃত্রিম।’

রজনীকান্তের সঙ্গে প্রথম বা দ্বিতীয় দিনের সাক্ষাতের একটি স্মৃতিও ভাগ করে নেন বিদ্যা। অভিনেত্রী জানান, রজনীকান্ত তাকে বলেছিলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে তার প্রকাশ করা রিল ভিডিওগুলো দেখেন এবং সেগুলো তার কাছে বেশ মজার লাগে। এতে শুটিংয়ের শুরুতে অনেকটা স্বস্তি পেয়েছিলেন বিদ্যা।

তার ভাষায়, ‘আমার মনে আছে, প্রথম বা দ্বিতীয় দিনে তিনি আমার রিল ভিডিও নিয়ে কথা বলেছিলেন। বলেছিলেন, ‘আমি তোমার ভিডিওগুলো দেখি। সেগুলো খুব মজার।” কথাটা শুনেই আমি অনেকটা স্বস্তি পেয়েছিলাম।’

রজনীকান্তের মতো অভিজ্ঞ ও জনপ্রিয় অভিনেতার সঙ্গে কাজের সুযোগ পেয়ে কৃতজ্ঞ বিদ্যা। তার মতে, রজনীকান্তের আন্তরিক আচরণ শুটিংয়ের পরিবেশকে সহজ করে তুলেছিল। তাঁর সামনে অভিনয় করতে গিয়ে বাড়তি চাপ অনুভব করতে হয়নি।

বিদ্যা বলেন, ‘তিনি আপনাকে নিজের মতো থাকতে দেন। এমন অনুভূতি তৈরি করেন না যে তিনি আপনাকে দেখছেন, বিচার করছেন কিংবা আপনার কাজের ওপর নজর রাখছেন।’

নেলসন দিলীপকুমার পরিচালিত ‘জেলার ২’ সিনেমায় রজনীকান্ত ও বিদ্যা বালান ছাড়াও অভিনয় করেছেন এস জে সূর্য, মিঠুন চক্রবর্তী, সুরজ ভেঞ্জারামুডু, রম্যা কৃষ্ণন, যোগী বাবু ও মিরনা। সিনেমাটির সংগীত পরিচালনা করেছেন অনিরুদ্ধ রবিচন্দর। ২০২৩ সালের ব্যবসাসফল সিনেমা ‘জেলার’-এর সিক্যুয়েলটি আজ, আজ প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। সূত্র: আউটলুক ইন্ডিয়া

আরও পড়ুন

×