ঢাকা রোববার, ১৮ অক্টোবর ২০২৬

রানি-কাজলের বাড়ির পূজা উৎসব এবার কেন বিশেষ

রানি-কাজলের বাড়ির পূজা উৎসব এবার কেন বিশেষ
×
×

কাজল ও রানি মুখার্জি। (ফাইল ছবি)

সমকাল ডেস্ক

প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৬ | ১৪:৫৩

মুম্বাইয়ে বাঙালির দুর্গাপূজা মানেই কাজল ও রানি মুখোপাধ্যায়ের পরিবারের পূজা ঘিরে বাড়তি আগ্রহ। এবার সেই উৎসব আরও বিশেষ, কারণ ৮০ বছরে পা দিয়েছে নর্থ বোম্বে সার্বজনীন দুর্গোৎসব।

কেরলের বিখ্যাত গুরুভায়ুর মন্দিরের স্থাপত্যের আদলে তৈরি হয়েছে মণ্ডপ। প্রায় ১৭ ফুট উচ্চতার প্রতিমায় রয়েছে আসল সোনার গয়না। ঐতিহ্যবাহী এই আয়োজনে গত ১৫ অক্টোবর উপস্থিত ছিলেন কাজল, তার মা অভিনেত্রী তনুজা ও বোন তনিশা মুখোপাধ্যায়।

১৯৪৮ সালে সান্তাক্রুজে ছোট পরিসরে শুরু হয়েছিল এই দুর্গাপূজা। পদ্মশ্রী শশধর মুখোপাধ্যায়, তার স্ত্রী সতীরানি মুখোপাধ্যায়, জে এম ভদ্রসহ কয়েকজনের উদ্যোগে শুরু হওয়া সেই আয়োজন সময়ের সঙ্গে পরিণত হয়েছে মুম্বাইয়ের অন্যতম পরিচিত দুর্গোৎসবে। 

আট দশকের পথচলায় এই পূজা ধরে রেখেছে বাঙালির সংস্কৃতি ও পারিবারিক ঐতিহ্য। প্রতি বছর এখানে সাধারণ দর্শনার্থীদের পাশাপাশি ভিড় করেন বলিউডের তারকারা।

মুম্বাই টকিজ ও ফিল্মিস্তান স্টুডিওর সঙ্গে যুক্ত প্রখ্যাত চলচ্চিত্র প্রযোজক শশধর মুখোপাধ্যায় এই পূজার সাংস্কৃতিক ঐতিহ্য গড়ে তোলার পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। পরবর্তী সময়ে প্রজন্মের পর প্রজন্ম ধরে পরিবারের সদস্যরা এই আয়োজনের দায়িত্ব পালন করেছেন। তাদের মধ্যে ছিলেন রাম মুখোপাধ্যায় ও দেব মুখোপাধ্যায়ের মতো বিশিষ্টজনেরা।

এবারের পূজায় মণ্ডপসজ্জায় বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে কেরলের গুরুভায়ুর মন্দিরের স্থাপত্যকে। সেই আদলে তৈরি হয়েছে মণ্ডপ, যা উৎসবে যোগ করেছে ভিন্ন মাত্রা। প্রতিবারের মতো এবারও প্রতিমা তৈরি করেছেন কলকাতার শিল্পী অমিত পাল ও তাঁর দল। প্রায় ১৭ ফুট উচ্চতার প্রতিমাটির সাজসজ্জায় রয়েছে সোনার গয়না।

গত ১৫ অক্টোবর আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় পূজার ৮০তম আয়োজন। উদ্বোধনী অনুষ্ঠানে কাজল, তার মা তনুজা ও বোন তনিশা ছাড়াও উপস্থিত ছিলেন পরিবারের অন্য সদস্যরা। ছিলেন পরিচালক অয়ন মুখোপাধ্যায় ও অভিনেত্রী শরবানি।

উৎসবের কিছু মুহূর্ত সামাজিক যোগাযোগমাধ্যমেও ভাগ করে নিয়েছেন কাজল। ছবির সঙ্গে তিনি লিখেছেন, দিনটি মা-কে তাঁর নানা রূপে উপলব্ধি করার—মা, মেয়ে, রক্ষাকর্তা ও দেবী হিসেবে।

নর্থ বোম্বে সার্বজনীন দুর্গোৎসবের আকর্ষণ শুধু তারকাদের উপস্থিতিতে সীমাবদ্ধ নয়। প্রতিমা উন্মোচন, ঢাকের তালে নাচ, সিঁদুর খেলা ও নানা আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে এখানে মিলেমিশে যায় বাঙালির ধর্মীয় আবেগ, পারিবারিক ঐতিহ্য ও বলিউডের তারকাখচিত উপস্থিতি। ৮০ বছরের এই আয়োজন তাই মুম্বাইয়ে বসবাসরত বাঙালিদের কাছে বিশেষ আবেগেরও নাম। সূত্র: টিভি নাইন

আরও পড়ুন

×