অপহরণসহ পাওনা টাকা না দেওয়ার অভিযোগ, কী ঘটেছিল অভিনেত্রীর সঙ্গে
আকাঙ্ক্ষা চৌধুরী। ছবি: ইন্সট্রাগ্রাম
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৬ | ১৮:০৭ | আপডেট: ১৮ অক্টোবর ২০২৬ | ১৮:০৯
ভারতের পুনেতে একটি অনুষ্ঠানের আয়োজকদের বিরুদ্ধে নিজেকে অপহরণ, পাওনা অর্থ পরিশোধ না করাসহ কয়েকটি অভিযোগ তুলেছেন ভারতীয় অভিনেত্রী ও রিয়েলিটি শো তারকা আকাঙ্ক্ষা চৌধুরী। তার দাবি, নিজের দলের সদস্যদের ছাড়া তাকে জোর করে অনুষ্ঠানে নিয়ে যাওয়া হয়। পুরো ঘটনাটি তার কাছে অপহরণের মতো মনে হয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, অনুষ্ঠান ব্যবস্থাপনার দায়িত্বে থাকা তিনজনের সঙ্গে যোগাযোগ করছিলেন আকাঙ্ক্ষা। তাদের প্রত্যেকের বয়স ১৮ বছর বলে দাবি করেছেন তিনি।
তার অভিযোগ, আয়োজকেরা রাত সাড়ে ১০টা পর্যন্ত তাকে নিয়ে যাওয়ার জন্য গাড়ির ব্যবস্থা করেননি। অথচ ওই সময় অনুষ্ঠান শেষ হওয়ার কথা ছিল।

আকাঙ্ক্ষার দাবি, তিনি বারবার বরার পর তাকে নিতে লোক পাঠানো হয়। এরপর তাকে জোর করে গাড়িতে বসিয়ে পুনের পেদকার গ্রাউন্ডসে নিয়ে যাওয়া হয়। সেখানে দর্শকদের সামনে গাড়ি থামানো হয়। কিন্তু তখন তার সঙ্গে নিজের দলের কোনো সদস্য ছিলেন না।
আকাঙ্ক্ষা জানান, দলের সদস্যদের ছাড়া অনুষ্ঠানে প্রবেশ করতে পারবেন না এবং নিজেকে নিরাপদ মনে করছেন না—এ কথা তিনি আয়োজকদের বলেছিলেন। কিন্তু তার কথা শোনার পরিবর্তে সঙ্গে থাকা ব্যক্তিরা হাসাহাসি করেন।
ঘটনার বর্ণনা দিয়ে আকাঙ্ক্ষা বলেন, ‘জোর করে গাড়িতে বসিয়ে আমাকে মাঠে নামিয়ে দেওয়া হয়। দর্শকদের সামনে গাড়ি থামানো হয়। আমি চিৎকার করে বলছিলাম, আমার সঙ্গে টিম নেই, আমি ভেতরে যেতে পারব না। এখানে আমি নিরাপদ বোধ করছি না। অথচ এই ছেলেরা হাসছিল, আমার কথা শুনছিল না। কী বাজে ব্যবস্থাপনা! সবাইকে দিয়ে টাকা নিয়েছে, কাজেও লাগিয়েছে।’

আকাঙ্ক্ষার দাবি, ঘটনাটি তার কাছে অপহরণের মতো মনে হয়েছিল। তার অভিযোগ, সঙ্গে থাকা ব্যক্তিদের চড় মারার পরই গাড়িটি থামানো হয়।
তিনি বলেন, ‘এক অর্থে আমাকে অপহরণ করা হয়েছিল। আমি যখন তাদের চড় মারলাম, তখন তারা থামে। তাদের সবার বিরুদ্ধে মামলা করব, কাউকে ছাড়ব না।’
অনুষ্ঠানের অব্যবস্থাপনা ও পাওনা অর্থ পরিশোধ না করার অভিযোগের পাশাপাশি প্রচারের কাজে তার ছবি ব্যবহার নিয়েও আপত্তি জানিয়েছেন আকাঙ্ক্ষা।
তবে আকাঙ্ক্ষার এসব অভিযোগের বিষয়ে অনুষ্ঠান আয়োজকদের কোনো বক্তব্য এনডিটিভির প্রতিবেদনে উল্লেখ করা হয়নি। সূত্র: আউটলুক ইন্ডিয়া