টাইগার শ্রফের ওপর গুলি, আটক ৩ সন্দেহভাজন
ছবি: সংগৃহীত
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৬ | ১৩:২০
বলিউড অভিনেতা টাইগার শ্রফের ওপর গুলি চালানোর ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে রাজস্থানের কোটা রেলওয়ে স্টেশন থেকে আটক করা হয়েছে। পুনে-জয়পুর এক্সপ্রেসে ভ্রমণের সময় মুম্বাই পুলিশের তথ্যের ভিত্তিতে রাজস্থান অ্যান্টি-গ্যাংস্টার টাস্ক ফোর্স (এজিটিএফ) ও কোটা সিটি পুলিশের যৌথ দল তাদের আটক করে।
আটক ব্যক্তিদের মধ্যে দুজন হরিয়ানার এবং একজন বিহারের বাসিন্দা। তারা লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সঙ্গে যুক্ত বলে সন্দেহ করা হচ্ছে। পুলিশের ধারণা, তাদের দুজন ভাড়াটে হামলাকারী এবং তৃতীয়জন হামলার পর পালাতে সহায়তা করেছিলেন। তাদের মধ্যে হরিয়ানার সোনিপতের ১৭ বছর বয়সী এক কিশোর, বিহারের বেগুসরাইয়ের ২২ বছর বয়সী ঋত্বিক কুমার ওরফে রোশন এবং সোনিপতের ১৮ বছর বয়সী রেহান রয়েছেন। রোশন বর্তমানে মুম্বাইয়ের আন্ধেরি পশ্চিমে থাকেন এবং র্যাপিডো রাইডার হিসেবে কাজ করেন।
এর আগে সন্দেহভাজনদের খুঁজতে মুম্বাই পুলিশ তল্লাশি জোরদার করে। এ সময় হামলাকারীদের কয়েকটি ছবিও সামনে আসে। কাছ থেকে তোলা একটি ছবিতে দুজনকে পাশাপাশি দাঁড়িয়ে থাকতে দেখা যায়, তাদের একজনের মাথায় ছিল কালো টুপি।
সংবাদ সংস্থা এএনআইয়ের তথ্য অনুযায়ী, তদন্তকারীদের সন্দেহ, হামলাটি প্রশিক্ষিত বন্দুকধারীরা চালিয়েছেন। হামলার আগে তাঁরা অভিনেতার গতিবিধি পর্যবেক্ষণ করেছিলেন। সূত্রের দাবি, টাইগার শ্রফের সাপ্তাহিক রুটিন সম্পর্কে জানতেন হামলাকারীরা। অভিনেতা প্রতি রোববার জুহুর ফুটবল মাঠে যান—এ তথ্যের ভিত্তিতে তারা তার ওপর নজর রাখছিলেন। গাড়ি নিয়ে মাঠ থেকে বের হওয়ার সময় টাইগারকে লক্ষ্য করে গুলি চালানো হয়।
গুলি চালানোর পর হামলাকারীরা আগে থেকে ঠিক করে রাখা পথ ধরে এসভি রোড হয়ে ভিলে পার্লে ও আন্ধেরির দিকে চলে যান। পরে আন্ধেরি পশ্চিম রেলওয়ে স্টেশনের কাছে মোটরসাইকেলটি ফেলে রেখে বোরিভালিগামী ট্রেনে ওঠেন। প্রাথমিক গোয়েন্দা তথ্য অনুযায়ী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাত থেকে বাঁচতে তারা মহারাষ্ট্রের সীমান্ত পেরিয়ে প্রতিবেশী গুজরাটেও প্রবেশ করেছিলেন।
এদিকে, মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে বলেছেন, মুম্বাইয়ে গ্যাং-সংশ্লিষ্ট সহিংসতা বরদাস্ত করা হবে না। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
রোববার গভীর রাতে গুলির ঘটনার পর শিন্ডে মুম্বাইয়ের বান্দ্রায় টাইগার শ্রফের বাসভবনে গিয়ে টাইগারের সঙ্গে দেখা করেন। ৩৬ বছর বয়সী অভিনেতার স্বাস্থ্যের খোঁজ নেওয়ার পাশাপাশি তার উদ্বিগ্ন পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং পর্যাপ্ত নিরাপত্তার আশ্বাস দেন।
রোববার সন্ধ্যায় মুম্বাইয়ের জুহু এলাকায় এ ঘটনা ঘটে। অজ্ঞাত হামলাকারীরা টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে গুলি চালায়। অভিনেতা অক্ষত থাকলেও তার গাড়িচালক ও অন্য একজন আহত হন।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি পোস্টে লরেন্স বিষ্ণোই গ্যাং এ হামলার দায় স্বীকার করেছে বলে দাবি করা হয়েছে। তবে পুলিশ এখনো ওই দাবির সত্যতা নিশ্চিত করেনি।
অভিনেতার সঙ্গে সাক্ষাতের পর শিন্ডে সাংবাদিকদের বলেন, নব্বইয়ের দশকে গ্যাং-যুদ্ধ বেড়ে গেলে অপরাধী চক্রগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছিল। এখন একইভাবে এসব চক্রের শিকড় উপড়ে ফেলার সময় এসেছে।
সূত্র: এনডিটিভি
- বিষয় :
- বলিউড অভিনেতা
- টাইগার শ্রফ
- গুলি
- আটক