মা থাকলে আনন্দটা সত্যি অন্য রকম হতো: পূজা
পূজা চেরি। ছবি: ফেসবুক
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৬ | ১৯:১১
দুর্গাপূজা মানেই নতুন পোশাক, মণ্ডপে মণ্ডপে ঘুরে বেড়ানো, আত্মীয়স্বজনের সঙ্গে আড্ডা আর নানা পদের খাবার। শৈশবের সেই আনন্দময় দিনগুলো সময়ের সঙ্গে স্মৃতির পাতায় জায়গা করে নিয়েছে। তবে কিছু শূন্যতা কোনো উৎসবে পূরণ হয় না। অভিনেত্রী পূজা চেরির কাছে তেমন এক শূন্যতার নাম মা।
পূজা এসেছে, চারদিকে উৎসবের আমেজ, অথচ পাশে নেই মা। তাই আনন্দের এই সময়ে তাঁকে আরও বেশি মনে পড়ছে অভিনেত্রীর।
পূজা চেরি সমকালকে বলেন, ‘পূজা এলো, অথচ মা নেই। তাকে ভীষণ মিস করি, বিশেষ করে এই আনন্দময় মুহূর্তে বেশি মনে পড়ছে। মা থাকলে পূজার আনন্দটা সত্যি অন্য রকম হতো।’

খুলনায় গ্রামের বাড়ি হলেও পূজা চেরির বেড়ে ওঠা রাজধানীর হাজারীবাগে। শৈশবের অনেক স্মৃতি জড়িয়ে আছে পুরান ঢাকার অলিগলি ও মন্দিরগুলোকে ঘিরে। দুর্গাপূজার দিনগুলোয় নানা রঙের পোশাক পরে ঘুরতে বের হতেন তিনি। পেতেন উপহারও। সব মিলিয়ে উৎসবের দিনগুলো তাঁর মনে তৈরি করত অন্য রকম ভালো লাগা।
ছোটবেলায় পূজার আনন্দ উপভোগ করতে ঘুরে বেড়াতেন তাঁতীবাজার, শাঁখারীবাজারসহ পুরান ঢাকার বিভিন্ন মন্দিরে। ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে বাড়ি ফিরতেন। এদিকে পূজা উপলক্ষে বাসায় আসতেন আত্মীয়স্বজনেরাও। সবাই মিলে একসঙ্গে খাওয়া-দাওয়া, গল্প আর আনন্দে কাটত সময়।
মহালয়া থেকে শুরু করে প্রতিমা বিসর্জন পর্যন্ত প্রতিটি দিনই ছিল উৎসবের রঙে রাঙানো। নতুন পোশাক, উপহার, মন্দিরে ঘোরাঘুরি আর প্রিয়জনদের সান্নিধ্য—সব মিলিয়ে শৈশবের পূজা ছিল পূজা চেরির কাছে এক আনন্দময় অধ্যায়।

কিন্তু সময়ের সঙ্গে বদলে গেছে সেই দিনগুলোর হিসাব। স্মৃতিতে রয়ে গেছে শৈশবের উচ্ছ্বাস, আর বর্তমানের উৎসবের মুহূর্তগুলোয় বারবার মনে পড়ে মায়ের কথা। পূজার আনন্দের ভিড়েও তাই মায়ের অনুপস্থিতিই বেশি অনুভব করেন এই অভিনেত্রী। তাঁর কাছে এখন উৎসবের সবচেয়ে মধুর স্মৃতিগুলোর সঙ্গে মিশে আছে এক গভীর শূন্যতা।
প্রসঙ্গত, মাত্র আট বছর বয়সে জাজ মাল্টিমিডিয়ার ‘ভালোবাসার রং’ চলচ্চিত্র দিয়ে ইন্ডাস্ট্রিতে পা রাখেন পূজা চেরি। তারপর ধীরে ধীরে হাতে আসতে থাকে বিভিন্ন পণ্যের বিজ্ঞাপনচিত্র। এরপরই জড়িয়ে যান নাটক, বিজ্ঞাপন এবং চলচ্চিত্রের সঙ্গে।
শিশুশিল্পী হিসেবেই মিডিয়া জগতে পা রাখলেও ‘পোড়ামন-২’ সিনেমার মাধ্যমে বড়পর্দায় নায়িকা চরিত্রে অভিনয় করে অল্প দিনের মধ্যে শিশুশিল্পীর খোলস ছাড়িয়ে বেরিয়ে আসেন তিনি। খুব অল্প সময়ের মধ্যে অভিনয় দিয়ে দর্শকের মনে জায়গা করে নিয়েছেন পূজা। তার সর্বশেষ মুক্তি পাওয়া সিনেমা ‘দম’। এতো তার বিপরীতে অভিনয় করেন আফরান নিশো।
- বিষয় :
- পূজা চেরি