আইয়ুব বাচ্চুর অপ্রকাশিত গানের সংখ্যা জানালেন স্ত্রী চন্দনা
আইয়ুব বাচ্চু
বিনোদন ডেস্ক
প্রকাশ: ২০ অক্টোবর ২০২৬ | ১৭:৪৬
বাংলাদেশের ব্যান্ডসংগীতের অবিসংবাদিত সম্রাট, কিংবদন্তি আইয়ুব বাচ্চুর গান মানেই দর্শকের উম্মাদনা। মৃত্যুর সময় এ তারকা অনেকগুলো অপ্রকাশিত গান রেখে গেছেন, যা এখনো প্রকাশ পায়নি। গত ১৮ অক্টোবর আইয়ুব বাচ্চুর মৃত্যুবার্ষিকীতে জানা গেল অপ্রকাশিত গানের সংখ্যা কত।
এদিন সন্ধ্যায় ঢাকার মগবাজারের সেলিব্রেশন কমিউনিটি পয়েন্টে আয়োজিত এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তার স্ত্রী ফেরদৌস আক্তার চন্দনা। সেখানে তিনি জানান, অপ্রকাশিত গানের সংখ্যা দুই’শতাধিক।
ফেরদৌস আক্তার চন্দনা বলেন, আইয়ুব বাচ্চু ভাইয়ের ২০০টি গান এখনো কেউ শোনেনি। এবি ফাউন্ডেশনের হাতে প্রায় দুইশো গান আছে। ধাপে ধাপে এ গানগুলোর প্রকাশ করা হবে।’
১৯৬২ সালের ১৬ আগস্ট চট্টগ্রামে জন্ম আইয়ুব বাচ্চুর। ২০১৮ সালের ১৮ অক্টোবর হঠাৎ থেমে যায় এবির জীবনের পথচলা। দেখতে দেখতে তার প্রয়াণের আটটি বছর পার হতে চলেছে, অথচ তার শূন্যতা এতটুকু ম্লান হয়নি।
‘সেই তুমি কেন এত অচেনা হলে’ কিংবা ‘চলো বদলে যাই’, ‘রুপালি গিটার’, ‘এখন অনেক রাত’, ‘ঘুম ভাঙা শহরে’, ‘মাধবী’, ‘বাংলাদেশ’, ‘হাসতে দেখো গাইতে দেখো’, কিংবা ‘জন্মহীন নক্ষত্র’-এর মতো গানগুলো প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে দিচ্ছে এক অনন্য ভালো লাগা।
শুধু ব্যান্ডের গানই নয়, একক ও মিশ্র অ্যালবাম কিংবা চলচ্চিত্রের প্লে-ব্যাকে গাওয়া ‘কষ্ট পেতে ভালোবাসি’, ‘উড়াল দেব আকাশে’, ‘এক আকাশ তারা’, ‘মেয়ে’, ‘আকাশ কাঁদে বাতাস কাঁদে’, ‘তারা ভরা’র মতো কালজয়ী গানগুলো তাঁর মাথায় শ্রেষ্ঠত্বের মুকুট পরিয়েছে।
- বিষয় :
- আইয়ুব বাচ্চু
- মিউজিক
- গান