দুই দিনে কোটি ভিউ, কী আছে অপূর্ব-নীহার এই নাটকে
জিয়াউল ফারুক অপূর্ব ও নাজনীন নীহা।
বিনোদন ডেস্ক
প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৬ | ১৬:৪৯ | আপডেট: ২৬ অক্টোবর ২০২৬ | ১৬:৫৪
একসঙ্গে জুটি হয়ে বেশ কয়েকটি নাটকে অভিনয় করেছেন জিয়াউল ফারুক অপূর্ব ও নাজনীন নীহা। তাদের জুটির নাটকগুলোও দর্শকের প্রত্যাশা পূরণ করেছে। আবারও জুটি হয়ে পর্দায় এসেছেন এই দুই তারকা। নাটকটির নাম ‘ভালো আছো তো’। প্রকাশের মাত্র দুই দিনেই কোটি ভিউয়ের মাইলফলক ছুঁয়েছে নাটকটি।
জাকারিয়া সৌখিনের নির্মাণে অপূর্ব ও নাজনীন নীহার অভিনীত ‘ভালো আছো তো’ প্রকাশিত হয়েছে সিএমভির ইউটিউব চ্যানেলে। এর আগে একই নির্মাতার ‘মন দুয়ারি’ ও ‘মায়াপাখি’ নাটকেও জুটি হয়ে অভিনয় করেছিলেন তাঁরা। এবার সেই জুটি ও নির্মাতার নতুন কাজ দর্শকপ্রিয়তার নতুন নজির গড়েছে।
নাটকটি প্রকাশের পর থেকেই দর্শকের ইতিবাচক সাড়া পাচ্ছেন নির্মাতারা। ইউটিউবের মন্তব্যের ঘরে এখন পর্যন্ত প্রায় পাঁচ হাজার দর্শক প্রতিক্রিয়া জানিয়েছেন। তাঁদের অধিকাংশ মন্তব্য প্রশংসাসূচক।
নির্মাণসংশ্লিষ্টদের মতে, শুরুতে চমকপ্রদ দৃশ্য, ধীরে ধীরে ঘটনার গভীরে প্রবেশ, সাবলীল সংলাপ, আবেগের উপস্থাপন, দৃশ্যায়নে মুন্সিয়ানা এবং ব্যতিক্রমী শেষ দৃশ্য—সব মিলিয়ে দর্শককে ভিন্নমাত্রার অভিজ্ঞতা দিয়েছে ‘ভালো আছো তো’।

নাটকটির সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করেছেন নির্মাতা জাকারিয়া সৌখিন। তিনি বলেন, ‘সব সময় নিজের মনের মতো কাজ করতে চেয়েছি। কাজের স্বীকৃতি ও প্রাপ্তিতে আনন্দ হয়। এই প্রাপ্তি আমার একার নয়। প্রযোজক, শিল্পী, দর্শক ও আমার টিমকে অভিনন্দন জানাই।’
সিএমভির কর্ণধার এসকে সাহেদ আলী পাপ্পুও দর্শকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। তিনি বলেন, ‘এই সাফল্যে দর্শকদের কাছে আমরা কৃতজ্ঞ। অপূর্ব, নীহা, জাকারিয়া সৌখিনসহ পুরো টিমকে অভিনন্দন। সিএমভি সব সময় দর্শকচাহিদার কথা মাথায় রেখে রুচিশীল ও মানসম্মত কনটেন্ট তৈরি করছে। এমন প্রাপ্তি পরবর্তী কাজের ক্ষেত্রে অনুপ্রেরণা জোগায়।’
নাটকটির একমাত্র গান ‘যাকে ভালোবেসেছি’। আহমেদ রিজভীর কথায় গানটির সুর ও সংগীতায়োজন করেছেন সাজিদ সরকার। এতে কণ্ঠ দিয়েছেন মাহতিম সাকিব ও রুমি রুসা।
অপূর্ব ও নাজনীন নীহা ছাড়াও নাটকটিতে অভিনয় করেছেন মিলি বাশার, সমাপ্তি মাশুক, প্রান্ত প্রমুখ।
- বিষয় :
- জিয়াউল ফারুক অপূর্ব
- নাজনীন নীহা