সমু চৌধুরীর চিকিৎসার সব খরচ দেবে অভিনয়শিল্পী সংঘ
সমু চৌধুরী। ছবি: সংগৃহীত
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৬ | ২০:১৭
দীর্ঘদিন ধরে অসুস্থ অভিনেতা সমু চৌধুরীর চিকিৎসার সম্পূর্ণ দায়িত্ব নিয়েছে অভিনয়শিল্পী সংঘ। পরিবারের সম্মতি পাওয়ার পর তাঁর চিকিৎসার প্রক্রিয়াও শুরু করেছে সংগঠনটি। বিষয়টি সমকালকে নিশ্চিত করেছেন অভিনয়শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে সমু চৌধুরীর কয়েকটি ভিডিও ছড়িয়ে পড়ার পর তার অসুস্থতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন সহকর্মী ও ভক্তরা। এরপর অভিনেতার পরিবারের সঙ্গে আলোচনা করে চিকিৎসার উদ্যোগ নেয় অভিনয়শিল্পী সংঘ।
রাশেদ মামুন অপু বলেন, ‘সমু চৌধুরীর চিকিৎসার দায়িত্ব নিতে আমরা প্রস্তুত। তার পরিবারের অনুমতির অপেক্ষায় ছিলাম। আজ সমু চৌধুরীর মাসহ তার পরিবারের অনুমতি পেয়েছি। ইতিমধ্যে প্রক্রিয়া শুরু হয়েছে। তার পুরো চিকিৎসা আমাদের তত্ত্বাবধানে হবে। সমস্ত খরচ অভিনয়শিল্পী সংঘ বহন করবে।’
সমু চৌধুরীর পাশে দাঁড়ানোর উদ্যোগ অবশ্য এবারই প্রথম নয়। প্রায় তিন বছর আগে গফরগাঁওয়ে তাকে অসংলগ্ন অবস্থায় পাওয়ার পর নিরাপদ স্থানে নেওয়ার ব্যবস্থা করেছিলেন সংগঠনের সদস্যরা। সে সময় তাঁর চিকিৎসার উদ্যোগও নেওয়া হয়েছিল। তবে পরিবারের সম্মতি না পাওয়ায় সেই প্রক্রিয়া আর এগোয়নি।
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওগুলোতে কখনো বাজারে, কখনো মাজারে, আবার কখনো গানের আসরে দেখা যাচ্ছে অভিনেতাকে। এসব ভিডিও ছড়িয়ে দেওয়ার পরিবর্তে তাঁর চিকিৎসা ও সুস্থতার দিকে নজর দেওয়ার আহ্বান জানিয়েছেন ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা।
পরিবারের সম্মতি পাওয়ায় এবার সমু চৌধুরীর চিকিৎসার দায়িত্ব আনুষ্ঠানিকভাবে নিজেদের তত্ত্বাবধানে নিয়েছে অভিনয়শিল্পী সংঘ। সংগঠনটির পক্ষ থেকে তাঁর চিকিৎসার সব খরচ বহন করা হবে।
- বিষয় :
- অভিনয়শিল্পী সংঘ
- সমু চৌধুরী