গ্ল্যামারের চেয়ে গল্প-চরিত্রকে বেশি গুরুত্ব দিই: উর্বী
প্রিয়ন্তী উর্বী। ছবি: ফেসবুক
রেজাউল করিম
প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৬ | ১৫:৩৪ | আপডেট: ২৯ অক্টোবর ২০২৬ | ১৫:৩৬
অভিনয়ে গ্ল্যামারের চেয়ে গল্প ও চরিত্রকে বেশি গুরুত্ব দেন প্রিয়ন্তী উর্বী। তাই কখনও ব্যতিক্রমী গল্পের নাটকে, কখনও পারিবারিক টানাপোড়েনের কাহিনিতে, আবার কখনও বড় পর্দায় ভিন্নধর্মী চরিত্রে দেখা যাচ্ছে তাঁকে।
সম্প্রতি ‘বউ পালানোর পরে’ ও ‘দাদি ভয়ংকর’ নাটকে অভিনয় করে দর্শকের মনোযোগ পেয়েছেন এই অভিনেত্রী। এরই মধ্যে নতুন নাটক ‘অজানা মায়া’য় হাজির হয়েছেন। অন্যদিকে ঈদে বাণিজ্যিক সিনেমায় অভিষেকের পর চলচ্চিত্রেও নিয়মিত কাজ করার আগ্রহ রয়েছে তাঁর।
সম্প্রতি লেজার ভিশনের ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে উর্বী অভিনীত নাটক ‘অজানা মায়া’।
শফিকুর রহমান শান্তনুর গল্পে নাটকটি পরিচালনা করেছেন এল আর সোহেল। নাটকের গল্পে উঠে এসেছে নিম্নমধ্যবিত্ত পরিবারের সংকট ও সম্পর্কের টানাপোড়েন।
প্রিয়ন্তী বলেন, ‘নাটকটির গল্প অসাধারণ। এখানে চেনা জীবনের ছায়া রয়েছে। আশপাশের মানুষের অভিজ্ঞতা ও সামাজিক বাস্তবতার সঙ্গে দর্শক সহজে মিল খুঁজে পেতে পারেন। এ ধরনের গল্প মনে দাগ কাটতে পারে বলে নাটকটিতে অভিনয়ে আগ্রহী হয়েছিলাম। নাটকটি নিয়ে দর্শক সাড়াও ভালো পাচ্ছি।’
‘অজানা মায়া’র আগে ‘বউ পালানোর পরে’ নাটকে অভিনয় করেও আলোচনায় আসেন প্রিয়ন্তী। নাটকটির নাম ও বিষয়বস্তু ঘিরে দর্শকের মধ্যে তৈরি হয়েছে নানা প্রতিক্রিয়া। একজন দর্শক মন্তব্যে নাটকটির সামাজিক প্রভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।
উর্বী বলেন, ‘বিনোদনের পাশাপাশি নাটকের গল্প কীভাবে সম্পর্ক, পরিবার ও সামাজিক মূল্যবোধ উপস্থাপন করছে, তা নিয়েও দর্শকের আগ্রহ রয়েছে। তবে একটি নাটকের বিষয়বস্তুকে কীভাবে গ্রহণ করবেন, তা দর্শকের নিজস্ব অভিজ্ঞতা ও দৃষ্টিভঙ্গির ওপরও নির্ভর করে।’
গ্ল্যামারাস চরিত্রের বাইরে অভিনয়ের আগ্রহ প্রসঙ্গে প্রিয়ন্তীর অবস্থান স্পষ্ট। তাঁর কাছে সবার আগে গল্প। চরিত্রটি আকর্ষণীয় হলে সেটি শহুরে, গ্ল্যামারাস কিংবা গ্রামের সাধারণ কোনো মেয়ের– যে ধরনেরই হোক, অভিনয়ে আপত্তি নেই তাঁর।
প্রিয়ন্তীর ভাষায়, গল্প ভালো লাগলে চরিত্রের বাহ্যিক ধরন নিয়ে ভাবেন না। সুন্দর দেখানোর চেয়ে অভিনয়কে বেশি গুরুত্ব দেন। তাঁর মতে, নির্মাতারাও ইদানীং তাঁকে গ্ল্যামারনির্ভর চরিত্রের বাইরে ভাবছেন। এতে অভিনয়ের ভিন্ন ভিন্ন দিক তুলে ধরার সুযোগ সৃষ্টি হচ্ছে। প্রতিদ্বন্দ্বিতা নিয়েও তাঁর ভাবনা আলাদা। অন্য কোনো অভিনেত্রীকে প্রতিদ্বন্দ্বী মনে করেন না তিনি। বরং প্রতিনিয়ত নিজের সঙ্গে লড়াই করে আরও ভালো অভিনয় করার চেষ্টা করেন। এই মনোভাব থেকে অভিনয়ে দীর্ঘ পথ পাড়ি দেওয়ার স্বপ্ন দেখেন প্রিয়ন্তী।
চলচ্চিত্রে কাজের প্রস্তাব আগেও পেয়েছেন প্রিয়ন্তী। তবে গল্প ও চরিত্র পছন্দ না হওয়ায় সেসব প্রস্তাবে রাজি হননি। ‘নীলচক্র’-এর মতো পছন্দের গল্পের সিনেমা দিয়ে অভিষেক হওয়াকে নিজের জন্য ইতিবাচক অভিজ্ঞতা হিসেবে দেখছেন তিনি। ভবিষ্যতেও ভালো গল্প ও চরিত্র পেলে চলচ্চিত্রে কাজ করতে চান। সংখ্যার চেয়ে মানসম্মত কাজের প্রতি তাঁর আগ্রহ বেশি।
ভিউ ও জনপ্রিয়তার প্রসঙ্গেও প্রিয়ন্তীর দৃষ্টিভঙ্গি স্পষ্ট। তিনি জানান, টিকটক ব্যবহার করেন না। এমনকি ভিউনির্ভর কাজের হিসাবও খুব একটা বোঝেন না। তাঁর বিশ্বাস, ভালো গল্প ও মানসম্মত কাজের স্থায়িত্ব থাকে। দর্শক তাৎক্ষণিকভাবে দেখুন কিংবা পরে আবিষ্কার করুন, ভালো কাজ একসময় নিজের জায়গা করে নেয়। জনপ্রিয়তার চেয়ে অভিনয়ের জায়গাটিকে বড় করে দেখতে চান প্রিয়ন্তী।
তাঁর স্বপ্ন, আরও বড় পরিসরে নিজেকে প্রতিষ্ঠিত করা এবং ভালো কাজের সঙ্গে যুক্ত থাকা। রাস্তায় বের হলে মানুষ তাঁকে চিনবে কিনা কিংবা তাঁকে ঘিরে ভিড় জমবে কিনা– এসবকে সাফল্যের মাপকাঠি মনে করেন না তিনি। বরং অভিনয়ের দক্ষতা বাড়ানো ও ভালো চরিত্রে কাজ করাকে এগিয়ে যাওয়ার পথ বলে মনে করেন।
অভিনয়ের ব্যস্ততার বাইরে ৪৫ দিনের ইউরোপ ভ্রমণ শেষে গত মাসে ফিরেছেন প্রিয়ন্তী। জীবনে প্রথমবার ইউরোপে গিয়ে নেদারল্যান্ডস, বেলজিয়াম, ফ্রান্স, জার্মানি ও সুইজারল্যান্ডের বিভিন্ন জায়গা ঘুরেছেন। পরিবারের সঙ্গে সময় কাটানোর পাশাপাশি স্বামীর সঙ্গে নতুন দেশ ও সংস্কৃতি আবিষ্কার ছিল এই ভ্রমণের অন্যতম উদ্দেশ্য।
নেদারল্যান্ডসের খাল, বায়ুকল ও ছোট ছোট কুটির, বেলজিয়ামের স্থাপত্য, প্যারিসের আইফেল টাওয়ার, জার্মানির বার্লিন ও ব্ল্যাক ফরেস্ট কিংবা সুইজারল্যান্ডের ইন্টারলাকেন ও গ্রিন্ডেলওয়ার্ল্ড–প্রতিটি জায়গা তাঁর ভ্রমণস্মৃতিতে জায়গা করে নিয়েছে। স্থানীয় খাবার চেখে দেখা, প্রকৃতির সৌন্দর্য উপভোগ করা এবং প্রিয়জনের সঙ্গে সময় কাটানোয় ভ্রমণটি হয়ে উঠেছে আরও বিশেষ।
প্রিয়ন্তীর কাছে ভ্রমণ শুধু নতুন জায়গা দেখা নয়, বরং নতুন অভিজ্ঞতা সঞ্চয় এবং নিজের মতো করে সময় কাটানোর সুযোগও। দীর্ঘ ছুটি শেষে প্রিয়ন্তী উর্বী নতুন উদ্যমে কাজে ফিরেছেন। হাতে রয়েছে একাধিক নাটকের কাজ।
- বিষয় :
- প্রিয়ন্তী উর্বী
- বিনোদন