ঢাকা বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

নতুন দায়িত্ব পেলেন অভিনেতা শিবা শানু

নতুন দায়িত্ব পেলেন অভিনেতা শিবা শানু
×
×

শিবা শানু

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৬ | ১৯:০৩

বাংলাদেশ শিল্পী কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন অভিনেতা চৌধুরী মাজহার আলী শিবা শানু। নতুন দায়িত্বে অতিরিক্ত সচিব পদমর্যাদার গ্রেড-২ অনুযায়ী বেতন-ভাতা পাবেন তিনি।

বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে শিবা শানুর নিয়োগের বিষয়টি জানানো হয়। খবরটি নিজেও নিশ্চিত করেছেন এই অভিনেতা।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘বাংলাদেশ শিল্পী কল্যাণ ট্রাস্ট আইন, ২০০১’-এর ১২ (২) ধারা অনুযায়ী অন্যান্য পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে মাজহার আলীকে এ দায়িত্ব দেওয়া হয়েছে। যোগদানের তারিখ থেকে পরবর্তী এক বছরের জন্য তিনি ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করবেন।

এবার বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতির দায়িত্বেও পালন করছেন এই অভিনেতা।

১৯৯৮ সালে ‘মাতৃভূমি’ সিনেমার মাধ্যমে ঢালিউডে যাত্রা শুরু করেন শিবা শানু। এরপর বিভিন্ন সিনেমায় খল চরিত্রে অভিনয় করে পরিচিতি পান তিনি।

দীর্ঘ অভিনয়জীবনে চলচ্চিত্র অঙ্গনে নিজের অবস্থান তৈরি করেছেন এই অভিনেতা। এবার শিল্পী কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নতুন দায়িত্ব পালন করতে যাচ্ছেন তিনি।

আরও পড়ুন

×