মৌসুমীর জন্মদিনে ওমর সানীর আবেগঘন শুভেচ্ছা, স্ত্রীকে দিলেন বিশেষ উপাধি
ওমর সানী ও মৌসুমী। ছবি: ফেসবুক
বিনোদন ডেস্ক
প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৬ | ১৪:১৭ | আপডেট: ০৩ নভেম্বর ২০২৬ | ১৪:৩৫
ঢাকাই চলচ্চিত্রে তিন দশকের বেশি সময় ধরে দর্শকের ভালোবাসা পেয়েছেন অভিনেত্রী মৌসুমী। তার অভিনয়জীবনের এই দীর্ঘ পথচলায় ভক্তদের পাশাপাশি কাছের মানুষদের কাছেও তিনি বিশেষ। জন্মদিনে সেই ভালোবাসার কথাই প্রকাশ করলেন স্বামী চিত্রনায়ক ওমর সানী। স্ত্রীকে শুভেচ্ছা জানিয়ে তাকে ‘বাংলা চলচ্চিত্রের শেষ মেগাস্টার’ বলে আখ্যা দিয়েছেন এই অভিনেতা।
আজ ৩ নভেম্বর মৌসুমীর জন্মদিন। এ উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্ত্রীর একটি ছবি প্রকাশ করে শুভেচ্ছা জানান ওমর সানী। ছবির ক্যাপশনে তিনি লেখেন, ‘শুভ জন্মদিন প্রিয়দর্শিনী মৌসুমী। বাংলা চলচ্চিত্রের শেষ মেগাস্টার শুধু তুমি...।’
স্ত্রীর প্রতি ভালোবাসা প্রকাশের পাশাপাশি বাংলা চলচ্চিত্রে মৌসুমীর অবস্থান নিয়েও নিজের মুগ্ধতার কথা জানিয়েছেন ওমর সানী। তাঁর এই পোস্ট ঘিরে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে।
এর আগে আরেকটি ফেসবুক পোস্টে স্ত্রীর জন্মদিন উপলক্ষে দোয়া ও বিশেষ আয়োজনের কথা জানান ওমর সানী। মৌসুমীর সুস্থতা, ভালো থাকা ও সম্মানজনক জীবনের জন্য দোয়া চেয়ে তিনি লেখেন, ‘৩ নভেম্বর প্রিয়দর্শিনী মৌসুমীর জন্মদিন আলহামদুলিল্লাহ। আমার দোয়া আল্লাহ তোমাকে সুস্থ রাখুন, ভালো রাখুন, সম্মানের সাথে রাখুন। আমার পরিবারের তাজ হয়ে থাকো।’
ওই পোস্টে আরও জানান, মৌসুমীর ফ্যান ক্লাবের আয়োজনে ৪ নভেম্বর সাভারের হেমায়েতপুরে চাপওয়ালা শ্বশুরবাড়ি রেস্টুরেন্টে থাকবেন তিনি। সেখানে ফাইজা ও মৌসুমীর জন্মদিন উপলক্ষে অসহায় ও দুস্থ মানুষের মধ্যে তবারক বিতরণ করা হবে। এ আয়োজনের জন্য দোয়া চেয়েছেন অভিনেতা।
১৯৭৩ সালের ৩ নভেম্বর খুলনায় জন্মগ্রহণ করেন আরিফা জামান মৌসুমী। নব্বইয়ের দশকে প্রয়াত নির্মাতা সোহানুর রহমান সোহানের ‘কেয়ামত থেকে কেয়ামত’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় তাঁর। প্রথম সিনেমাতেই প্রয়াত চিত্রনায়ক সালমান শাহর বিপরীতে অভিনয় করে দর্শকের নজর কাড়েন। এরপর একের পর এক জনপ্রিয় সিনেমায় অভিনয়ের মধ্য দিয়ে ঢাকাই চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী হয়ে ওঠেন তিনি।
মৌসুমীর উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে ‘দোলা’, ‘আত্মঅহংকার’, ‘স্নেহ’, ‘দেনমোহর’, ‘অন্তরে অন্তরে’, ‘মাতৃত্ব’, ‘দেবদাস’, ‘বিশ্বপ্রেমিক’, ‘আম্মাজান’, ‘লুটতরাজ’, ‘মেঘলা আকাশ’, ‘ইতিহাস’, ‘লাল দরিয়া’, ‘খায়রুন সুন্দরী’ ও ‘মোল্লাবাড়ির বউ’। অভিনয়ের পাশাপাশি নির্মাতা হিসেবেও কাজ করেছেন তিনি। তাঁর পরিচালিত সিনেমা ‘কখনো মেঘ কখনো বৃষ্টি’ ও ‘মেহেরনিগার’।
১৯৯৬ সালের ২ আগস্ট চিত্রনায়ক ওমর সানীর সঙ্গে বিয়ে হয় মৌসুমীর। দীর্ঘ দাম্পত্য জীবনে তাঁদের দুই সন্তান রয়েছে। ব্যক্তিজীবনের পাশাপাশি চলচ্চিত্র অঙ্গনেও দুজনের পথচলা দর্শকের কাছে পরিচিত।