বাপ্পার ‘মুনলিট মেলোডিজ’ এবার চট্টগ্রামে
বাপ্পা মজুমদার
আনন্দ প্রতিদিন প্রতিবেদক
প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৬ | ১৪:১৩
রাজধানী ঢাকার পর এবার বন্দরনগরী চট্টগ্রামে একক কনসার্ট করতে যাচ্ছেন নন্দিত কণ্ঠশিল্পী ও সংগীতায়োজক বাপ্পা মজুমদার। আগামী ২০ নভেম্বর চট্টগ্রামের র্যাডিসন ব্লু হোটেলে অনুষ্ঠিত হবে ‘মুনলিট মেলোডিজ’ শিরোনামে একক কনসার্টটি। এর আগে ৯ অক্টোবর ঢাকার কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছিল ‘মুনলিট মেলোডিজ’ কনসার্টটি; যা দর্শক-শ্রোতার মাঝে দারুণ সাড়া ফেলেছিল। সেই সুবাদে এবার চট্টগ্রামে আয়োজন করা হচ্ছে এই কনসার্টের দ্বিতীয় পর্বের; যেখানে আরও একবার বাপ্পার কণ্ঠে দর্শক-শ্রোতা শুনতে পাবেন তাঁর কালজয়ী গানগুলো।
বাপ্পা মজুমদারের কথায়, তাঁর শিল্পীজীবনে ‘মুনলিট মেলোডিজ’ কনসার্টটি এক বিশেষ আয়োজন; যেখানে তাঁর সৃষ্টিগুলো নতুনভাবে দর্শক-শ্রোতার সামনে তুলে ধরে ভালোবাসা কুড়ানোর সুযোগ হয়েছে। এ আয়োজনের আরেকটি পর্ব মানে বাড়তি ভালো লাগা। এমন মুহূর্ত খুব কমই আসে। কারণ, তিন যুগের সংগীত সফরে এ পর্যন্ত মাত্র দুটি একক কনসার্ট করার অভিজ্ঞতা হয়েছে। ‘মুনলিট মেলোডিজ’-এর মাধ্যমে তৃতীয়বারের মতো সুযোগ হয়েছে একক কনসার্টের জন্য মঞ্চে ওঠার। এবার এই আয়োজনের দ্বিতীয় পর্ব দিয়ে চতুর্থবারের মতো একক কনসার্ট করতে যাচ্ছেন। তাই চেষ্টা করবেন কনসার্টের প্রতিটি মুহূর্ত সুরের আবেশে দর্শক-শ্রোতার কাছে স্মরণীয় করে রাখার।
বাপ্পা আরও জানান, ২০২২ সালে প্রথমবারের মতো একক কনসার্টের জন্য মঞ্চে উঠেছিলেন তিনি। প্রথম একক কনসার্টে দর্শক-শ্রোতার সাড়া পেয়েছিলেন দারুণ। এরপর ২০২৪ সালে তিনি পারফর্ম করেন ‘ওডিসি’ শিরোনামে দ্বিতীয় একক কনসার্টে। এ আয়োজন দারুণভাবে সফল হয়। তাই আশা করছেন ‘মুনলিট মেলোডিজ’-এর দ্বিতীয় পর্বের আয়োজনও স্মৃতিজাগানিয়া হয়ে থাকবে।
সময়ের সঙ্গে পাল্লা দিয়ে প্রতিনিয়ত নতুন কিছু তুলে ধরার চেষ্টা করে যাচ্ছেন বাপ্পা মজুমদার। সেই ভাবনা থেকে আড়াই বছর পর গত ৯ অক্টোবর ‘মুনলিট মেলোডিজ’ শিরোনামে একক কনসার্ট করেন নন্দিত এই কণ্ঠশিল্পী ও সংগীতায়োজক; যা ছিল এই শিল্পীর তৃতীয় একক কনসার্ট। অন্যদিকে চলতি বছর ১২ জুলাই ঢাকার বনানীর যাত্রাবিরতিতে তরুণ আট শিল্পী ও সংগীতায়োজকরা আয়োজন করেছিলেন ‘সেলিব্রিটিং বাপ্পা মজুমদার’ শিরোনামে ভিন্নরকম সংগীতসন্ধ্যার; যেখানে বাপ্পাকে অতিথি আসনে রেখে তাঁর কালজয়ী কিছু গান পরিবেশন করেছিলেন কণ্ঠশিল্পী এলিটা করিম, শুভ [ডি’রকস্টার তারকা], ফারহিন খান জয়িতা, জয় শাহরিয়ার, খৈয়াম সানু সন্ধি, ইউসুফ আহমেদ খান, কারিশমা সানু সভ্যতা ও ইমতিয়াজ সৌরভ। বাদ্যযন্ত্র পরিবেশনায় ছিলেন বিপু, রিয়াদ, নিপু ও রিমন। মূলত বাপ্পা মজুমদারকে শ্রদ্ধা জানাতেই ছিল আট কণ্ঠশিল্পীর এ আয়োজন। যারা মনে করেন, নিজস্বয়তা ধরে বাপ্পা যে অভিনব সৃষ্টি শ্রোতার কাছে তুলে ধরেছেন, তা দারুণভাবে অনুপ্রেরণা জুগিয়েছে তাদের মতো অগণিত তরুণ শিল্পীকে। তাই এই শিল্পীকে শ্রদ্ধাঞ্জলি দেওয়া ছিল সময়ের দাবি।
এদিকে কনসার্টের পাশাপাশি নতুন গানের আয়োজন নিয়ে ব্যস্ত সময় পার করছেন বাপ্পা মজুমদার। কিছুদিন আগে প্রকাশ পেয়েছে তাঁর গাওয়া ‘যদি কখনো’ শিরোনামে একক গান। যৌথভাবে এই গানের কথা লিখেছেন গীতিকবি শাহান কবন্ধ ও বাপ্পা মজুমদার। সুর ও সংগীতায়োজন করেছেন শিল্পী নিজে। অগ্নিলীলা রেকর্ডসের ব্যানারে নিজস্ব ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ করেছেন বাপ্পা মজুমদার। এর আগে গত আগস্টে ‘গলে যাওয়া সময়’ ও জুলাই মাসে ‘বুড়ো নাবিকের গল্প’ শিরোনামে দুটি ভিন্নরকম একক গান প্রকাশ করে শ্রোতার মনোযোগ কেড়েছেন বাপ্পা মজুমদার। পাশাপাশি প্রশংসা কুড়িয়েছেন কিংবদন্তি কণ্ঠশিল্পী রুনা লায়লার সঙ্গে দ্বৈত কণ্ঠে গাওয়া ‘অনায়াসে’ শিরোনামে বাংলা গজল প্রকাশ করে। এ ছাড়া দেশের নানা প্রান্তে স্টেজ শোর পাশাপাশি বাপ্পা আলোচনায় ছিলেন মাসুদ হাসান উজ্জ্বল পরিচালিত ‘বনলতা সেন’ সিনেমায় ‘এখানে কেউ নেই’ গানের প্লেব্যাক ও সংগীতায়োজন করে। বরেণ্য কণ্ঠশিল্পী লাকী আখান্দকে শ্রদ্ধাঞ্জলি দিতে অমর এই শিল্পীর কালজয়ী সৃষ্টি ‘এই নীল মনিহার’ এবং আইয়ুব বাচ্চুর জন্মদিনে তাঁর অমর কীর্তি ‘রূপালি গিটার’ গান দুটি নতুন সংগীতায়োজনে কণ্ঠ দিয়ে শ্রোতা মনে কড়া নেড়েছেন বাপ্পা মজুমদার।
- বিষয় :
- বাপ্পা মজুমদার
- কনসার্ট
- চট্টগ্রাম