খ্যাতির আড়ালে চাপা পড়া সত্য, সেই রহস্য উন্মোচনে জেসিকা
‘হার্টল্যান্ড’ সিনেমায় জেসিকা চ্যাস্টেইন
উপমা পারভীন
প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬ | ১৬:১২ | আপডেট: ১২ নভেম্বর ২০২৬ | ১৬:২০
একসময় কান্ট্রি সংগীতের জনপ্রিয় তারকা ছিলেন মিস্টি জোন্স। খ্যাতি, পরিচিতি ও আলো ঝলমলে মঞ্চের জীবন ছেড়ে নিভৃতেই কাটছিল তাঁর দিন। দীর্ঘ ২০ বছর লোকচক্ষুর আড়ালে থাকার পর ভাতিজির নিখোঁজ হওয়ার ঘটনায় ন্যাশভিলে ফিরতে হয় তাঁকে। উদীয়মান কান্ট্রি সংগীতশিল্পী চার্লি হার্টের সন্ধানে নেমে মিস্টি জড়িয়ে পড়েন একটি হত্যাকাণ্ডের তদন্তে। সেই সূত্র ধরে সামনে আসে শহরের অপরাধজগতের নানা রহস্য। একই সঙ্গে সামনে আসে মিস্টির জীবনের এমন কিছু সত্য, যা এতদিন আড়ালেই রাখতে চেয়েছিলেন তিনি। রহস্য, অপরাধ, পারিবারিক টানাপোড়েন ও অতীতের মুখোমুখি হওয়ার গল্প নিয়ে নির্মিত হয়েছে হলিউড সিনেমা ‘হার্টল্যান্ড’।
সিনেমাটির কেন্দ্রীয় চরিত্র মিস্টি জোন্স চরিত্রে অভিনয় করেছেন অস্কারজয়ী অভিনেত্রী জেসিকা চ্যাস্টেইন। ভাতিজির নিখোঁজ হওয়ার ঘটনায় প্রথমে ব্যক্তিগতভাবেই খোঁজ শুরু করেন মিস্টি। কিন্তু অনুসন্ধানের প্রতিটি ধাপে নতুন নতুন তথ্য সামনে আসতে থাকে। একসময় তাঁর কাছে পরিষ্কার হয়, চার্লির অন্তর্ধান কোনো সাধারণ নিখোঁজের ঘটনা নয়। এর সঙ্গে জড়িয়ে আছে হত্যাকাণ্ড এবং ন্যাশভিলের অন্ধকার জগতের একাধিক মানুষের স্বার্থ।
গল্পের অগ্রগতির সঙ্গে মিস্টির অনুসন্ধানও জটিল হয়ে ওঠে। পুলিশের তদন্তের বাইরে নিজের মতো করে সূত্র খুঁজতে থাকেন তিনি। যাদের এতদিন পরিচিত কিংবা বিশ্বাসযোগ্য মনে হয়েছে, তাদের নিয়েও তৈরি হয় সন্দেহ। এই যাত্রায় তাঁর সামনে আসে নিজের অতীতের এমন কিছু বিষয়, যা বর্তমান পরিস্থিতিকে আরও জটিল করে তোলে। একসময় যে সংগীতজগৎ তাঁর পরিচয়ের অংশ ছিল, সেই জগতের সঙ্গে জড়িয়ে থাকা স্মৃতি ও সম্পর্কও গল্পে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। এই সিনেমায় অভিনয় প্রসঙ্গে জেসিকা বলেন, ‘মিস্টি জোন্স চরিত্রটি আমার কাছে বেশ চ্যালেঞ্জিং। তাঁর জীবনে যেমন রয়েছে অতীতের নানা জটিলতা, তেমনি আছে প্রিয়জনকে খুঁজে পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা। চরিত্রটির আবেগ, দ্বন্দ্ব ও সত্যের সন্ধানে এগিয়ে যাওয়ার বিষয়গুলো আমাকে আকৃষ্ট করেছে। বলা যায়, এবার আমি চেনা ছকের বাইরের গল্পে অভিনয় করছি।

‘হার্টল্যান্ড’ সিনেমায় চার্লি হার্ট চরিত্রে অভিনয় করেছেন কান্ট্রি সংগীতশিল্পী কার্টার ফেইথ। উদীয়মান সংগীতশিল্পী হিসেবে তাঁর চরিত্রটি গল্পের রহস্যের কেন্দ্রে রয়েছে। চার্লির নিখোঁজ হওয়ার কারণ এবং তাঁর জীবনের আড়ালে থাকা ঘটনাগুলোই একে একে সামনে নিয়ে আসে সিনেমার গুরুত্বপূর্ণ মোড়। সংগীতজগতের সঙ্গে চরিত্রটির সম্পর্ক থাকায় ন্যাশভিলের কান্ট্রি মিউজিক সংস্কৃতিও গল্পের আবহ নির্মাণে ভূমিকা রেখেছে।
অন্যদিকে রয় কম্বস চরিত্রে অভিনয় করেছেন গ্যারেট হেডলান্ড এবং ক্লার্ক চরিত্রে জন হকস। জেস চরিত্রে অভিনয় করেছেন রস লিঞ্চ। উইনি জো লিন চরিত্রে দেখা যাবে জেনিফার নেটলসকে। এ ছাড়া গুরুত্বপূর্ণ পার্শ্বচরিত্রে রয়েছেন পল স্পার্কস, উইন এভারেট, ডেভিড রাইসডাল, নরবার্ট লিও বাটজ, হিল হার্পার ও বেন ডিকি। পরিচিত ও নতুন মুখের সমন্বয়ে তৈরি হয়েছে সিনেমাটির অভিনয়শিল্পীদের দল।
‘হার্টল্যান্ড’-এর গল্পে সংগীত কেবল পটভূমি নয়, চরিত্রগুলোর পরিচয় ও সম্পর্কের সঙ্গেও যুক্ত। ন্যাশভিলের কান্ট্রি সংগীতের পরিবেশ, শিল্পীদের জীবন এবং খ্যাতির আড়ালে থাকা ব্যক্তিগত বাস্তবতা গল্পের আবহকে আলাদা মাত্রা দিয়েছে। একসময় জনপ্রিয়তার শীর্ষে থাকা একজন শিল্পীর দীর্ঘ বিরতির পর ফিরে আসা এবং সেই শহরেই অপরাধের জট খুলতে নামা– এই দুই বাস্তবতার সংঘাত মিস্টি চরিত্রটিকে করেছে আরও জটিল। তাঁর সামনে একদিকে রয়েছে ভাতিজিকে খুঁজে পাওয়ার তাগিদ, অন্যদিকে নিজের অতীতের মুখোমুখি হওয়ার কঠিন বাস্তবতা। 
সিনেমাটির প্রযোজনায় রয়েছেন পিটার চেরনিন, জেনো টপিং, র্যান্ডাল পোস্টার ও জেসন ওয়েন। চেরনিন এন্টারটেইনমেন্ট ও স্যান্ডবক্স স্টুডিওর ব্যানারে নির্মিত হয়েছে এটি।
১ ঘণ্টা ৫২ মিনিট ব্যাপ্তির ‘হার্টল্যান্ড’ সিনেমাটি আগামীকাল নেটফ্লিক্সে মুক্তি পাবে। একজন সংগীত তারকার ব্যক্তিগত জীবনের সংকট কীভাবে অপরাধের জটিল তদন্তের সঙ্গে মিশে যায়, তা-ই সিনেমাটির অন্যতম আকর্ষণ। শেষ পর্যন্ত ভাতিজির অন্তর্ধানের পেছনে কারা জড়িত, ন্যাশভিলের কোনো গোপন সত্য এতদিন চাপা ছিল এবং নিজের অতীতের সঙ্গে মিস্টির সম্পর্ক কোথায় গিয়ে দাঁড়ায়– এসব প্রশ্নের উত্তর খুঁজতে অপেক্ষা করতে হবে সিনেমাটির মুক্তি পর্যন্ত।