গুঞ্জন সত্যি হলো, গ্রিসে বিয়ে সারলেন কাব্য-অনিরুদ্ধ
অনিরুদ্ধ রবিচন্দর ও কাব্য মারান। ছবি: ইন্সট্রাগ্রাম
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬ | ১৭:০৭ | আপডেট: ১২ নভেম্বর ২০২৬ | ১৭:১৫
সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে বিয়ের বন্ধনে আবদ্ধ হলেন দক্ষিণ ভারতের জনপ্রিয় সংগীত পরিচালক অনিরুদ্ধ রবিচন্দর ও আইপিএল দল সানরাইজার্স হায়দরাবাদের মালিক ও সিইও কাব্য মারান। ১১ নভেম্বর গ্রিসের মনোরম পরিবেশে ঘনিষ্ঠ স্বজন ও তারকা অতিথিদের উপস্থিতিতে বিয়ে করেন তাঁরা।
বিয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বিশেষ দিনের ছবি ভাগ করে নিয়েছেন অনিরুদ্ধ। ক্যাপশনে লিখেছেন, ‘মাই ওয়ান্স ইন আ লাইফটাইম, ফর আ লাইফটাইম ১১.১১।’ ছবিতে নবদম্পতিকে প্যাস্টেল রঙের পোশাকে দেখা গেছে। অনিরুদ্ধর পরনে ছিল আইভরি রঙের কুর্তা, ভেশতি ও কারুকাজ করা লম্বা জ্যাকেট। অন্যদিকে ব্লাশ-পিঙ্ক লেহেঙ্গা, জমকালো ব্লাউজ এবং কুন্দনের চোকার ও কানের দুলে সেজেছিলেন কাব্য।
১০ ও ১১ নভেম্বর গ্রিসে বিয়ের নানা আয়োজন চলে। অনুষ্ঠানে যোগ দিতে আগেই সেখানে গিয়েছিলেন অভিনেতা রজনীকান্ত ও তামিলনাড়ুর সাবেক মুখ্যমন্ত্রী এম কে স্টালিন। তাঁদের পরিবারের সদস্যদের সঙ্গে বিমানবন্দরে যাওয়ার ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

গ্রিসে বিয়ের আনুষ্ঠানিকতা শেষে এবার চেন্নাইয়ে বসবে জমকালো বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন। আগামী ২১ নভেম্বর এই অনুষ্ঠানের কথা রয়েছে।
কাব্য মারান ভারতের অন্যতম প্রভাবশালী ব্যবসায়ী পরিবারে জন্ম নেওয়া একজন উদ্যোক্তা। তিনি সান গ্রুপের চেয়ারম্যান কালানিধি মারান ও কাবেরী মারানের মেয়ে। কাব্য সান টিভি নেটওয়ার্কের নির্বাহী পরিচালক হওয়ার পাশাপাশি আইপিএলের দল সানরাইজার্স হায়দরাবাদের সিইও হিসেবেও দায়িত্ব পালন করছেন।
২০২৫ সালের মাঝামাঝি সময়ে অনিরুদ্ধ ও কাব্যর সম্পর্ক নিয়ে প্রথম গুঞ্জন ছড়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে। সে সময় বিষয়টিকে গুজব বলে উড়িয়ে দিয়েছিলেন অনিরুদ্ধ। তবে ২০২৬ সালের জুনে তাঁর কাকা, বর্ষীয়ান অভিনেতা ওয়াই জি মহেন্দ্র তাঁদের বিয়ের খবর অনেকটাই নিশ্চিত করেন। শেষ পর্যন্ত সেই গুঞ্জনই সত্যি হলো। সূত্র: এনডিটিভি
- বিষয় :
- বিয়ে