ঢাকা বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

এই সময়ের ভাবনা

এই সময়ের ভাবনা
×
×

আশনা হাবিব ভাবনা

এমদাদুল হক মিলটন

প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬ | ১৮:১৪

অভিনয়, নৃত্য, আঁকাআঁকি, লেখালেখি-সৃজনশীলতার নানা শাখায় নিজেকে মেলে ধরতে ভালোবাসেন তারকা অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। ছোট পর্দায় জনপ্রিয়তা পাওয়ার পর দীর্ঘদিনের পরিচিত জগৎ ছেড়ে তিনি বেছে নিয়েছেন বড় পর্দার চ্যালেঞ্জিং পথ। সিনেমায় নিজের স্বতন্ত্র অবস্থান তৈরি করতে গিয়ে পেরোতে হয়েছে নানা বাধা, অপেক্ষা ও অনিশ্চয়তা। কখনও দেশ ভাগের সময়ের আনজুম, কখনও যাত্রামঞ্চের নৃত্যশিল্পী প্রিন্সেস রোজী, আবার কখনও ঢাকার নগরজীবনের গল্পে নতুন চরিত্র– প্রতিটি কাজেই নিজেকে ভাঙার চেষ্টা করছেন এই অভিনেত্রী। 

মুক্তি পাচ্ছে তাঁর অভিনীত ‘যাপিত জীবন’। পাশাপাশি মুক্তির অপেক্ষায় রয়েছে আরও কয়েকটি সিনেমা। সব মিলিয়ে বড় পর্দায় নিজেকে নতুনভাবে প্রতিষ্ঠার এক গুরুত্বপূর্ণ সময় পার করছেন ভাবনা।

বাবার পরিচালনায় ‘যাপিত জীবন’
কথাসাহিত্যিক সেলিনা হোসেনের বহুল পঠিত উপন্যাস অবলম্বনে নির্মিত হয়েছে ‘যাপিত জীবন’। সিনেমাটি পরিচালনা করেছেন ভাবনার বাবা হাবিবুল ইসলাম হাবিব। সরকারি অনুদানে ইমপ্রেস টেলিফিল্মের প্রযোজনায় এটি নির্মিত হয়েছে। দেশ ভাগ, ভাষা আন্দোলন, পারিবারিক সম্পর্ক এবং মানুষের অস্তিত্বের সংকট নিয়ে নির্মিত সিনেমাটি মুক্তি পাচ্ছে ২০ নভেম্বর।

বাবার পরিচালনায় এটিই ভাবনার প্রথম সিনেমা। এর আগে নিজের অভিনয় জীবনে আলাদা পরিচয় তৈরি করতে চেয়েছেন তিনি। তাই বাবার সঙ্গে কাজ করার সুযোগ থাকা সত্ত্বেও এত দিন একসঙ্গে কাজ করেননি। ‘যাপিত জীবন’ সেই দূরত্ব ভেঙেছে। তবে পারিবারিক সম্পর্কের কারণে কাজটি তাঁর জন্য সহজ হয়ে যায়নি, বরং দায়িত্ব বেড়েছে কয়েক গুণ।

সিনেমাটির শুটিং করতে প্রায় এক বছর সময় লেগেছে। রাজবাড়ীর গোয়ালন্দে টানা ২০ দিন শুটিং হয়েছে। সম্পাদনা, সেন্সর ও মুক্তির প্রস্তুতি মিলিয়ে দীর্ঘ অপেক্ষার মধ্য দিয়ে যেতে হয়েছে পুরো দলকে। ২০২৪ সালের নভেম্বরে সিনেমাটি সেন্সর ছাড়পত্র পায়। অবশেষে প্রেক্ষাগৃহে দর্শকের সামনে আসার অপেক্ষা শেষ হতে যাচ্ছে।
সিনেমায় কাজের অভিজ্ঞতা প্রসঙ্গে ভাবনা বলেন, ‘‘দেশভাগ,ভাষা আন্দোলনসহ অনেক গুরুত্বপূর্ন বিষয়ের ‘যাপিত জীবন’। সেই সময়ের আমি নিজে চাইলেও কখনও ফিরে যেতে পারব না। অভিনেত্রী ভাবনা আনজুম হয়ে সেখানে ফেরত যেতে পেরেছে। এটি আমার জন্য বড় ব্যাপার। অন্য সেটে আমি শুধু একজন অভিনেত্রী। কিন্তু এখানে সিনেমাটির সঙ্গে আমার একাধিক দায়িত্ব জড়িয়ে ছিল। এখানে আমি শুধু অভিনয়শিল্পীই ছিলাম না, দলেরও একজন সদস্য ছিলাম।”

দর্শক কেন সিনেমাটি দেখবেন। এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘এটি বাংলাদেশের সিনেমা। এতে ইতিহাস রয়েছে। অনেক গুনী অভিনয়শিল্পীরা কাজ করেছেন। সিনেমাটি আমাদের শেকড়। এটি সারাজীবন থেকে যাবে সময়ের দলিল হয়ে। সবকিছু মিলিয়ে এটি দর্শকের কাজ গুরুত্বপূর্ণ একটি সিনেমা হয়ে উঠেবে বলে মনে করছি।’  

‘আনজুম’ হয়ে ওঠার প্রস্তুতি
‘যাপিত জীবন’-এ ভাবনার চরিত্র আনজুম। ১৯৪৭ সালের দেশভাগের সময়ের একজন নারীকে পর্দায় ধারণ করা মোটেও সহজ ছিল না তাঁর জন্য। বর্তমান সময়ের একজন মানুষ হিসেবে সেই সময়ের জীবনযাপন, সামাজিক বাস্তবতা, মানসিক গঠন ও আচরণ বুঝে চরিত্রটি নির্মাণ করতে হয়েছে। শুধু সংলাপ মুখস্থ করাই নয়, আনজুমের সময়কে নিজের মধ্যে ধারণ করার চেষ্টা করেছেন তিনি।

এ প্রসঙ্গে ভাবনা আরও বলেন, ‘আনজুম চরিত্রটি খুবই চ্যালেঞ্জিং ছিল। কারণ, আমি এখন ২০২৬ সালের ভাবনা, আর আনজুম ১৯৪৭ সালের একজন মানুষ। সময়ের ব্যবধান অনেক। বিশেষ করে সেই সময়ের মানুষের হাঁটাচলা, চোখের ভাষা, কথা বলার ধরন এবং মানসিক স্থিরতা রপ্ত করতে হয়েছে দীর্ঘদিন ধরে। চরিত্রের প্রয়োজনে নিজের স্বাভাবিক অভ্যাস থেকেও বেরিয়ে আসতে হয়েছে। জীবনবোধ বুঝে চরিত্রটি ধারণ করতে হয়েছে।’ 

দেশভাগ ও ভাষা আন্দোলনের ইতিহাসও ভাবনার কাছে বিশেষ আবেগের বিষয়। ভাষার জন্য বাঙালির আত্মত্যাগকে তিনি মনে করেন বিশ্ব ইতিহাসের এক অনন্য অধ্যায়। তাঁর মতে, নতুন প্রজন্মের সামনে এ ইতিহাস আরও বেশি করে তুলে ধরা প্রয়োজন। ষাটোর্ধ্ব বয়সেও তাঁর বাবা দেশের ইতিহাস, ভাষা ও মুক্তিযুদ্ধের গল্প নিয়ে সিনেমা নির্মাণে সাহসী ভূমিকা রাখছেন বিষয়টিও তাঁকে অনুপ্রাণিত করেছে।

প্রিন্সেস রোজী থেকে নতুন সিনেমার জগৎ
ভাবনার অভিনয়জীবনে আরেকটি উল্লেখযোগ্য সংযোজন আসিফ ইসলামের ‘কিং ইন দ্য ল্যান্ড অব প্রিন্সেস’। দেশের ঐতিহ্যবাহী যাত্রাশিল্পের ক্রমাবনতি এবং দর্শকের পরিবর্তিত রুচিকে কেন্দ্র করে নির্মিত সিনেমাটিতে তিনি অভিনয় করেছেন প্রিন্সেস রোজী চরিত্রে। গল্পে যাত্রাপালার মূল পরিবেশনার চেয়ে একজন নৃত্যশিল্পী কীভাবে দর্শকের প্রধান আকর্ষণে পরিণত হন, সেটিই তুলে ধরা হয়েছে। সিনেমাটির বিশেষত্ব হলো, ভাবনা ছাড়া অধিকাংশ অভিনয়শিল্পীই বাস্তব জীবনের যাত্রাশিল্পী। ফলে চরিত্রটির সঙ্গে মানিয়ে নিতে তাঁকে বাড়তি প্রস্তুতি নিতে হয়েছে। এই সিনেমার মাধ্যমে ভাবনা নিজেকে ভিন্নভাবে আবিস্কারের সুযোগ পেয়েছেন। 
 সিনেমাটি মস্কো, কাজান ও মেলবোর্ন চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে। পরে অস্ট্রেলিয়ার ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল অব সিডনি এবং ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল অব পার্থেও নির্বাচিত হয়েছে।

মুক্তির অপেক্ষায় চার সিনেমা
বর্তমানে ভাবনার হাতে রয়েছে মুক্তির অপেক্ষায় থাকা চার সিনেমা। এর মধ্যে ‘যাপিত জীবন’ মুক্তি পাচ্ছে সবার আগে। অন্যদিকে ‘কিং ইন দ্য ল্যান্ড অব প্রিন্সেস’ আন্তর্জাতিক উৎসবে প্রদর্শিত হয়ে দেশের প্রেক্ষাগৃহে মুক্তির অপেক্ষায় রয়েছে।ওয়ালিদ আহমেদের পরিচালনায় ‘ঢাকা ১২০৫’ ভাবনার আরেকটি গুরুত্বপূর্ণ কাজ। ‘পায়েল’ সিনেমার কাজ শেষ হয়েছে। সেন্সরও পেয়েছে এটি।  

সব মিলিয়ে চারটি সিনেমার মাধ্যমে ভিন্ন ভিন্ন ঘরানার চরিত্রে দর্শকের সামনে হাজির হওয়ার প্রস্তুতি নিচ্ছেন ভাবনা। সিনেমাগুলো নিয়ে বেশ আাশাবদী এই অভিনেত্রী। এছাড়া তানবীর হাসানের পরিচালনায় ‘যাযাবর’ সিনেমায় প্রথমবার বড়পর্দায় জুটি হয়েছেন আব্দুন নূর সজল ও ভাবনা। এর প্রথম লটের কাজ শেষ হয়েছে। থ্রিলার ও অ্যাকশনধর্মী এই সিনেমার গল্প, সংলাপ ও চিত্রনাট্যও লিখেছেন পরিচালক। জঙ্গলের বিভিন্ন লোকেশনে সিনেমাটির শুটিংয়ে অংশ নিতে হয়েছে ভাবনাকে।

কবিতার বই ও বহুমাত্রিক ভাবনা
অভিনয়ের পাশাপাশি আঁকাআঁকি ও লেখালেখি ভাবনার নিয়মিত চর্চার অংশ। সামাজিক মাধ্যমে নিজের আঁকা ছবি, লেখা ও জীবনের নানা মুহূর্ত ভাগ করে নেন তিনি। উপন্যাসের পাশপাশি কবিতাও লিখছেন নিয়মিত। শিগগির নিজের কবিতার বই প্রকাশের ইচ্ছা রয়েছে তাঁর। তবে আসন্ন একুশে বইমেলাতেই বইটি প্রকাশিত হবে।  
প্রকৃতির প্রতিও ভাবনার রয়েছে বিশেষ আকর্ষণ। পাহাড়, জঙ্গল কিংবা নিরিবিলি পরিবেশে সময় কাটাতে ভালোবাসেন। শুটিংয়ের ফাঁকে এসব জায়গায় সময় কাটানোর পাশাপাশি কাজের মুহূর্তও ভাগ করে নেন ভক্তদের সঙ্গে। 

সামাজিক মাধ্যমে কখনও শাড়ি, কখনও আধুনিক পোশাক, আবার কখনও হিজাবে তাঁর উপস্থিতি আলোচনায় আসে। ব্যক্তিগত জীবন ও পোশাকের স্বাধীনতা নিয়েও নিজের অবস্থান স্পষ্ট করেছেন তিনি। আত্মমর্যাদা ও স্বাধীনচেতা মনোভাবকে নিজের শক্তি মনে করেন এই অভিনেত্রী। সব মিলিয়ে আশনা হাবিব ভাবনার বর্তমান সময়টি নিজেকে নতুনভাবে প্রতিষ্ঠার প্রস্তুতির সময়। এমনটি মনে করছেন অনেকেই।

আরও পড়ুন

×