মিস ইউনিভার্সের মঞ্চে মাতৃত্বের গল্প তুলে ধরলেন মাহি
সামিরা খান মাহি। ছবি: ফেসবুক
সমকাল ডেস্ক
প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬ | ১৮:১১ | আপডেট: ২২ নভেম্বর ২০২৬ | ১৮:১৭
মায়ের ভালোবাসার কোনো সীমানা নেই। দেশ, ভাষা কিংবা সংস্কৃতি–সবকিছুর ঊর্ধ্বে এই অনুভূতি। পৃথিবীর প্রতিটি মানুষের জীবনের সঙ্গে জড়িয়ে থাকা সেই চিরন্তন বন্ধনকেই এবার বিশ্বমঞ্চে তুলে ধরলেন বাংলাদেশের প্রতিনিধি সামিরা খান মাহি।
আজ বাংলাদেশ সময় ভোর ৫টায় অনুষ্ঠিত হয় ৭৫তম মিস ইউনিভার্সের জাতীয় কস্টিউম প্রতিযোগিতা। সেখানেই মাতৃত্বকে উপজীব্য করে তৈরি বিশেষ পোশাকে দেখা যায় তাঁকে।
‘মাতৃত্ব-ভালোবাসার এক সর্বজনীন বন্ধন’– এই ভাবনাকে কেন্দ্র করে তৈরি হয়েছে মাহির পোশাকটি। এর নকশায় ফুটিয়ে তোলা হয়েছে জন্মের বিস্ময় থেকে শুরু করে সন্তানের জন্য মায়ের আজীবনের ত্যাগ, যত্ন ও নিঃস্বার্থ ভালোবাসার গল্প। দেশের সংস্কৃতি ও আবেগের সঙ্গে মাতৃত্বের এই সর্বজনীন অনুভূতিকে মিলিয়ে বিশ্বদরবারে তুলে ধরাই পোশাকটির মূল উদ্দেশ্য।

সম্প্রতি সামাজিক মাধ্যমে এক ঘোষণায় জাতীয় পোশাকের ভাবনা তুলে ধরা হয়েছে। সেখানে বলা হয়েছে, একজন মানুষ কোনো জাতির পরিচয় ধারণ করার আগে মায়ের সন্তান। মা যেমন তাঁকে পৃথিবীর আলো দেখান, তেমনি মাতৃভূমি দেয় নিজস্ব পরিচয়। এই দুই বন্ধনের মধ্য দিয়ে মানুষের অস্তিত্ব ও শেকড়ের গল্প প্রকাশ পায়।
মাতৃত্বের প্রতি শ্রদ্ধা জানিয়ে তৈরি পোশাকটির ভাবনায় তাই কেবল একজন মায়ের আত্মত্যাগ নয় বরং মা ও সন্তানের মধ্যকার গভীর সম্পর্কের প্রতিফলন ঘটেছে।
এ প্রসঙ্গে মাহি বলেন, ‘মাতৃত্ব এমন এক অনুভূতি, যা দেশ, ভাষা কিংবা সংস্কৃতির সীমা মানে না। পৃথিবীর প্রতিটি মানুষের জীবনে মায়ের ভালোবাসা ও ত্যাগের গল্প জড়িয়ে আছে। জাতীয় কস্টিউমের মাধ্যমে সেই চিরন্তন ভালোবাসাকেই তুলে ধরতে চেয়েছি। একজন মানুষ হিসেবে আমাদের প্রথম পরিচয় মায়ের সন্তান, আর মাতৃভূমি আমাদের দেয় শেকড় ও পরিচয়। এই দুই বন্ধনের গল্প বিশ্বমঞ্চে তুলে ধরতে পেরে আমি গর্বিত।’
- বিষয় :
- সামিরা খান মাহি
- মিস ইউনিভার্স