ঢাকা সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

পরিচালক মাতিয়া বানু শুকুর চিকিৎসা সহায়তায় ভিন্নধর্মী উদ্যোগ

পরিচালক মাতিয়া বানু শুকুর চিকিৎসা সহায়তায় ভিন্নধর্মী উদ্যোগ
×
×

মাতিয়া বানু শুকু

সমকাল ডেস্ক

প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬ | ১৮:২২

নাট্যকার, পরিচালক ও প্রযোজক মাতিয়া বানু শুকুর চিকিৎসার সহায়তায় এগিয়ে এসেছে চ্যানেল আই। এ জন্য আগামী ২৮ নভেম্বর শনিবার বিকেল ৪টা ৪৫ মিনিটে চ্যানেল আইয়ের পর্দায় প্রচারিত হবে তাঁর স্বামী নির্মাতা নূরুল আলম আতিক পরিচালিত সিনেমা ‘ডুবসাঁতার’। এই বিশেষ প্রদর্শনী থেকে প্রাপ্ত বিজ্ঞাপন আয়ের পুরো অর্থ ব্যয় করা হবে মাতিয়া বানু শুকুর চিকিৎসায়। তাঁর চিকিৎসায় সহযোগিতার জন্য বিজ্ঞাপনদাতা ও শুভাকাঙ্ক্ষীদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছে পরিবার।

দুরারোগ্য ক্যান্সার ও কিডনি জটিলতায় আক্রান্ত মাতিয়া বানু শুকু বর্তমানে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। প্রায় দেড় বছর আগে তার শরীরে ক্যান্সার ধরা পড়ে। এরপর চিকিৎসার জন্য তাকে ভারতের চেন্নাইয়ে নেওয়া হয়। তবে ব্যয়বহুল চিকিৎসার খরচ জোগাতে হিমশিম খাচ্ছে পরিবার। 

এ প্রসঙ্গে নূরুল আলম আতিক বলেন, ‘আমরা নাটকের মানুষ। আমরা যারা নাটক ও চলচ্চিত্রে কাজ করি, তাদের তো আলাদা কোনো সুযোগ-সুবিধা বা পেনশন নেই। কাজটাই আমাদের ভরসা। হঠাৎ আমাদের মধ্যে কেউ ক্যান্সারে আক্রান্ত হলে পরিবারের জন্য সেটা অনেক বড় চিন্তার কারণ হয়ে দাঁড়ায়। আমরা নানাভাবে চেষ্টা করছি তাঁর পাশে থাকতে। কিন্তু ব্যয়বহুল চিকিৎসার ব্যয় আমাদের সাধ্যের বাইরে চলে যাচ্ছে।’

ভাষাসৈনিক আবদুল মতিনের জ্যেষ্ঠ কন্যা মাতিয়া বানু শুকু দুই দশকের বেশি সময় ধরে ছোট পর্দা ও চলচ্চিত্রে কাজ করছেন। মধ্যবিত্ত জীবনের গল্প এবং সামাজিক বাস্তবতা তাঁর নির্মাণের অন্যতম বৈশিষ্ট্য।

‘টু-লেট’, ‘গোল্লাছুট’, ‘যেখানে সীমান্ত তোমার’ ও ‘প্রজ্ঞা পারমিতা’র মতো টেলিফিল্ম ও ধারাবাহিক নাটক রচনা ও পরিচালনা করেছেন তিনি। ২০২১ সালে ‘লাল মোরগের ঝুঁটি’ চলচ্চিত্রের প্রযোজক হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান এই নির্মাতা।

আরও পড়ুন

×