ঢাকা মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

বাবার কবরের পাশে চিরনিদ্রায় শায়িত সোহেল খান

বাবার কবরের পাশে চিরনিদ্রায় শায়িত সোহেল খান
×
×

ধামরাইয়ের রাজাপুর গ্রামে অভিনেতা সোহেল খানের জানাজায় জনতার ঢল। ছবি: সমকাল

ধামরাই (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬ | ২০:৫৫ | আপডেট: ২৪ নভেম্বর ২০২৬ | ২০:৫৭

পৈতৃক নিবাস ঢাকার ধামরাইয়ের চৌহাট ইউনিয়নের রাজাপুর গ্রামে বাবার কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন অভিনেতা সোহেল খান। মঙ্গলবার বাদ মাগরিব রাজাপুর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে জানাজা শেষে রাজাপুর কেন্দ্রীয় কবরস্থানে বাবা আতাউর রহমান খানের কবরের পাশে তাকে দাফন করা হয়। জানাজায় এলাকার শত শত মানুষ অংশ নেন।

আজ বিকেল ৩টা ৫৩ মিনিটে অ্যাম্বুলেন্সে করে সোহেল খানের মরদেহ গ্রামে নেওয়া হয়। মরদেহবাহী গাড়িটি বাড়ির আঙিনায় প্রবেশের সঙ্গে সঙ্গে স্বজন ও ভক্তদের কান্নায় পরিবেশ ভারী হয়ে ওঠে। অভিনেতার মৃত্যুর খবর শোনার পর থেকেই তাঁকে শেষবারের মতো দেখতে বাড়ির সামনে অপেক্ষা করছিলেন নারী-পুরুষ, বৃদ্ধ ও শিশুসহ বিভিন্ন বয়সী মানুষ। এ সময় অনেকেই প্রিয় অভিনেতার স্মৃতিচারণা করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন।

হাসপাতালের দেওয়া মৃত্যুসনদ অনুযায়ী, মৃত্যুকালে সোহেল খানের বয়স হয়েছিল ৬৬ বছর। মৃত্যুর কারণ হিসেবে সনদে ‘কার্ডিয়াক অ্যারেস্ট’ উল্লেখ করা হয়েছে।

স্থানীয় ইউপি সদস্য মহসিন খান বলেন, ‘সোহেল খান শুধু অভিনেতাই ছিলেন না, তিনি ছিলেন আমাদের গ্রামের গর্ব। এলাকায় এলেই সবার সঙ্গে সাধারণ মানুষের মতো মিশতেন।’

পারিবারিক সূত্রে জানা গেছে, ৬৬ বয়সী সোহেল খান স্ত্রী আখি আক্তার, ছেলে সফল খান, মেয়ে বনানী আক্তার, ভাই ইবনে হাসান খান, চার বোনসহ অসংখ্য গুণগ্রাহী ও ভক্ত রেখে গেছেন।

‘নসীব’ সিনেমার প্রোডাকশন ম্যানেজার শরিফুল ইসলাম জানান, বুধবার বগুড়ায় গিয়েছিলেন সোহেল খান। সেখানে সিনেমাটির শুটিংয়ে অংশ নিয়ে সহকর্মীদের হাসি-আনন্দে মাতিয়ে রেখেছিলেন তিনি। মঙ্গলবার সকালে শুটিংয়ে অংশ নেওয়ার আগে হোটেল মম ইন অ্যান্ড রিসোর্টের একটি কক্ষের মেঝেতে অসুস্থ হয়ে পড়ে যান। পরে তাঁকে বগুড়ার টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতুল্লাহ কমিউনিটি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।।

অভিনয়ের পাশাপাশি রাজনীতিতেও যুক্ত হয়েছিলেন সোহেল খান। ২০১৬ সালে চৌহাট ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেন তিনি। তবে স্বতন্ত্র প্রার্থী পারভীন হাসান প্রীতির কাছে পরাজিত হন।

চৌহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পারভীন হাসান প্রীতি বলেন, ‘২০১৬ সালে অভিনেতা সোহেল খান আমার সঙ্গে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হলেও অভিনেতা হিসেবে জনপ্রিয় ছিলেন। এলাকার মানুষের সঙ্গেও তার ভালো সম্পর্ক ছিল। সবার সঙ্গে হাসিখুশি থাকতেন। তার মৃত্যুতে আমরা গভীর শোকাহত।’

প্রসঙ্গত, ফারুকীর হাত ধরে অভিনয়ে আসার পর বহু নাটকে অভিনয় করেন তিনি। টেলিভিশনের পাশাপাশি চলচ্চিত্রেও ধীরে ধীরে নিজের জায়গা তৈরি করেন সোহেল খান। তার অভিনীত উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে ‘নয় নম্বর বিপদ সংকেত’ (২০০৭), ‘দারুচিনি দ্বীপ’ (২০০৭), ‘বউয়ের জ্বালা’ (২০০৭), ‘খোঁজ: দ্য সার্চ’ (২০১০), ‘প্রজাপতি’ (২০১১), ‘কমন জেন্ডার’ (২০১২), ‘লাল টিপ’ (২০১২), ‘ইঞ্চি ইঞ্চি প্রেম’ (২০১৩), ‘অনেক সাধের ময়না’ (২০১৪), ‘দেশা: দ্য লিডার’ (২০১৪), ‘পরবাসিনী’ (২০১৭), ‘বীর’ (২০২০), ‘কেমনে কী’ (২০২১) ও ‘শান’ (২০২২)।

এসব সিনেমায় কখনো পার্শ্বচরিত্রে, কখনো গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন সোহেল খান। ‘প্রজাপতি’ সিনেমায় মাহফুজ, ‘অনেক সাধের ময়না’য় মতি ব্যাপারী, ‘দেশা: দ্য লিডার’-এ চেয়ারম্যান এবং ‘শান’ সিনেমায় বাবুল চরিত্রে অভিনয় করে নজর কেড়েছিলেন তিনি।

সর্বশেষ, ২০২৫ সালের ঈদে মুক্তি পাওয়া শিহাব শাহীন পরিচালিত ‘জংলি’ সিনেমাতেও অভিনয় করেছেন সোহেল খান। সেখানে তাকে দেখা গেছে একটি গ্যারেজের মালিকের চরিত্রে।

আরও পড়ুন

×