ঢাকা শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬

ইমরান-জেনেলিয়ার নতুন রসায়ন

ইমরান-জেনেলিয়ার নতুন রসায়ন
×
×

‘গানমাস্টার জি নাইন’ সিনেমায় জেনেলিয়া দেশমুখ ও ইমরান হাশমি

আনন্দ প্রতিদিন ডেস্ক 

প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৬ | ১২:১৫ | আপডেট: ২৭ নভেম্বর ২০২৬ | ১২:১৮

গল্পটা ঈশ্বর নামে এক যুবকের। যিনি সাধারণ মানুষের মতো জীবনযাপন করলেও লুকিয়ে রেখেছেন এক গোপন অতীত। সে অতীত এক গোয়েন্দার। তবে অন্য আট-দশজন সিক্রেট অপারেটিভের মতো নন ঈশ্বর। যে কারণে তাঁর জীবন অধ্যায়ের গল্পটাও হয়ে উঠেছে ভিন্নরকম। কারণ তিনি নিজের ভালোবাসার মানুষকে পাওয়ার জন্য মরিয়া। এক ভয়ংকর অপরাধী চক্র ও শক্তিশালী শত্রুর হাত থেকে প্রিয়তমাকে বাঁচাতে তিনি বেছে নিয়েছেন চরম এক পথ। অস্ত্র চোরাচালান, গুপ্তচরবৃত্তি এবং ব্যক্তিগত দ্বন্দ্বের জালে জড়িয়ে আবারও তিনি পুরোনো ও ভয়ংকর রূপে ফিরে এসেছেন। তাঁর এই ফিরে আসার মধ্য দিয়ে উন্মোচিত হতে শুরু করেছে অন্ধকার ঘেরা গোয়েন্দা জগতের প্রকৃত রূপ। 

সারিম মোমিন ও জুনায়েদ ওয়াসির যৌথভাবে লেখা এমনই এক গল্প নিয়ে পরিচালক আদিত্য দত্ত নির্মাণ করছেন ‘গানমাস্টার জি নাইন’ সিনেমাটি। এটি কেবল গোয়েন্দা জগতের আঁধারের গল্প নয়, একই সঙ্গে ভালোবাসা ও প্রতিশোধের গল্প। যেখানে ঈশ্বর নামে নতুন এক চরিত্রে দেখা যাবে ইমরান হাশমিকে। শুধু ভিন্নরকম গল্প আর চরিত্রের কারণে নয়, অভিনয়কে দর্শকের কাছে বিশ্বাসযোগ্যভাবে তুলে ধরার চ্যালেঞ্জও নিতে হয়েছে তাঁকে। যদিও চলতি বছর ‘আওয়ারাপান-২’ সিনেমার মধ্য দিয়ে যার অভিনয় ক্যারিয়ারকে চাঙা করার সুযোগ পেয়েছেন এই অভিনেতা, তবু সাফল্যের ক্ষুধাটা রয়ে গেছে। কারণ একটাই, একুশ শতকের শুরু থেকে এক দশকের বেশি সময় যে অভিনেতা বলিউড দাপিয়ে বেড়িয়েছেন, তিনি ক্যারিয়ারের পতনও দেখেছেন খুব কাছে থেকে। তাই তো ইমরান হাশমি অকপটে স্বীকার করেন, ‘চলার পথে কখনও কখনও হোঁচট খেতে হয়। পিছিয়ে পড়তে হয়, প্রতিযোগীদের থেকে। তবু থেমে যেতে নেই। দৃঢ় মনোবল ধরে রেখে নতুন উদ্যমে শুরু করতে হয় যাত্রা। বিরামহীন সেই যাত্রা এক সময় পৌঁছে দেয় কাঙ্ক্ষিত লক্ষ্যে। এই বিশ্বাস নিয়ে বলিউড যাত্রায় অব্যাহত রাখার চেষ্টা করেছি। জানতাম, ঘুরে দাঁড়ানোটা শুধু সময়ের ব্যাপার।’ তাঁর এই কথা থেকে বোঝা যায়, খ্যাতির চূড়ায় পৌঁছে গিয়েও পা ফসকে পড়ে যাওয়ার অনুভূতিটা কেমন। তাইতো ইমরান হাশমি হাল ছাড়েননি কখনও। অভিনয় ক্যারিয়ার চিরতরে শেষ হয়ে যায়নি। আশায় বুক বেঁধে নতুন করে পথচলা শুরু করেছেন এবং সাফল্যের দেখা পাচ্ছেন এই সময়ে এসে। 

শুধু ইমরান হাশমি নন, ‘গানমাস্টার জি নাইন’ সিনেমার আরতি চরিত্রের অভিনেত্রী জেনেলিয়া দেশমুখের জন্যও কাঙ্ক্ষিত একটি সিনেমা। অভিনয় জগতে নিজেকে নতুন করে দাঁড় করানোর চ্যালেঞ্জ তাঁর জন্যেও সমান। কেননা, বিয়ে, মাতৃত্ব আর ঘর-সংসারের কারণে অনেক দিন অভিনয় থেকে দূরে ছিলেন জেনেলিয়া। গত বছর আমির খানের বিপরীতে ‘সিতারে জমিন পার’ সিনেমায় অভিনয় করে নতুন করে আলোচনায় এসেছিলেন। সেই সুবাদে আবার বলিউডে ব্যস্ততা বেড়ে গেছে জেনেলিয়ার। পরপর তিনটি সিনেমা ‘জুনিয়র’, ‘মাস্তি-৪’ ও ‘রাজা শিবাজি’তে কাজের পর আলোচনা শুরু হয়েছে তাঁর মুক্তি প্রতীক্ষিত সিনেমা ‘গানমাস্টার জি নাইন’ নিয়ে। কারণ একটাই, এতে জেনেলিয়া প্রথমবার জুটি বেঁধেছেন অভিনেতা ইমরান হাশমির সঙ্গে। পর্দায় তাদের রসায়ন কেমন হবে– এটা দেখার প্রতীক্ষা এখন সবার।

ইমরান-জেনেলিায় জুটির পাশাপাশি ‘গানমাস্টার জি নাইন’ সিনোমায় দেসু নামে এক গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা মিলতে যাচ্ছে অপার শক্তি খুরানার। তাঁর পাশাপাশি অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন অবনীত কৌর, অভিষেক সিং, ইনায়াত ভার্মা, তৃষা ঠোসার, রেশ লাম্বা প্রমুখ। আজ ভারতের বিভিন্ন প্রেক্ষাগৃহে মুক্তি 
পাচ্ছে সিনেমাটি।

আরও পড়ুন

×