ঢাকা শনিবার, ০৬ জুন ২০২৬

দালের মেহেন্দিতে মুগ্ধ দর্শক, জানালেন রুনা লায়লার ভক্ত তিনি

দালের মেহেন্দিতে মুগ্ধ দর্শক, জানালেন রুনা লায়লার ভক্ত তিনি
×

ফোক ফেস্টের প্রথম রাতের একটি মুহূর্ত -সমকাল

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ১৪ নভেম্বর ২০১৯ | ১২:৫৭

বিশ্ব দরবারে লোক গানের আবেদন ছড়িয়ে দিতে প্রতিবারের মতো এবারও শুরু হলো ঢাকা আন্তর্জাতিক ফোক ফেস্ট-২০১৯। সান ফাউন্ডেশনের উদ্যোগে ২০১৫ সাল থেকে প্রতি বছর আয়োজিত হয়ে আসছে এশিয়ার সবচেয়ে বড় লোক সংগীতের এই উৎসব। 

বৃহস্পতিবার সন্ধ্যায় উৎসবের পঞ্চম আসরের পর্দা উঠেছে প্রেমা ও ভাবনা নৃত্যদলের শিল্পীদের পরিবেশনা দিয়ে। তাদের পরিবেশনার পর মঞ্চে আসেন জর্জিয়ার জনপ্রিয় ব্যান্ড শেভেনেবুরেবি। এরপর শুরু হয় উদ্বোধনী আনুষ্ঠানিকতা।

এই আনুষ্ঠানিকতা শেষে মঞ্চে আসেন বাংলা বাউল গানের অনন্য শিল্পী, গীতিকার ও সুরকার শাহ্‌ আলম সরকার। 

তার পরিবেশনার পর মঞ্চে আসেন দালের মেহেন্দি। যিনি ভারতের বিহারে জন্ম নিলেও পাঞ্জাবের ভাংড়া গানের অভিনব পরিবেশনা নিয়ে কোটি শ্রোতার মন জয় করেছেন। নব্বইয়ের দশকের মাঝামাঝি ভাংড়া গানের পরিবেশনা দিয়ে ভারতে রীতিমতো ঝড় তুলেছিলেন তিনি। সেই সুবাদে গানের জন্য পেয়েছেন 'দ্য কিং অব ভাংড়া' খেতাব। তিন দশকের ক্যারিয়ারে 'বোল তারা রা রা', 'তুনাক তুনাক তুন', 'না না না রে', 'সাজন মেরে', 'হো জায়েহি বাল্লে বাল্লে' মতো অসংখ্য গান সৃষ্টি করেছেন তিনি। একই সঙ্গে বলিউড ছবিতে প্লেব্যাক করেও প্রশংসা কুড়িয়েছেন। জনপ্রিয়তা পেলেও নিজস্ব লোক ঘরানার গানের চর্চা থেকে কখনও দূরে সরে যাননি দালের মেহেন্দি। ফোক ফেস্টের প্রথম রাতের আয়োজনে তার গানেই যেনো বুদ হয়ে থাকলেন শ্রোতারা।

মঞ্চে উঠেই শুরু করেন না না নারে গান। এর পর একের পর এক গাইতে থাকেন বোল তারা রা রা, হো জায়েহি বাল্লে বাল্লে, গোরি লার্কি হে সহ জনপ্রিয়সহ সব গান। গানের ফাকে ফাকে শ্রোতাদের উদ্দেশে বলেন, বাংলাদেশের চিংড়ি, মাছের ঝোলের তরকারি ও আলু ভাজির মতো মজাদার খাবারের প্রতি তার ভালো লাগার কথা। 

এরপর জানান বাংলাদেশের জনপ্রিয় শিল্পী রুনা লায়লার গানের ভক্ত তিনি। পরে রুনা লায়লার গাওয়া জনপ্রিয় গান দমাধম মাছকালান্দার গান নিজের কণ্ঠে তুলেন। দালের মেহেন্দির কণ্ঠে রুনা লায়লার গান শুনে আনন্দে মাতোয়ারা হয়ে ওঠেন উপস্থিত শ্রোতারা।

পরে আরব কিছু গান পরিবেশনা করেন তিনি। তার পরিবেশনা দিয়েই শেষ হয় ঢাকা আন্তর্জাতিক ফোক ফেস্ট ২০১৯ এর প্রথম রাতের আয়োজন।

আরও পড়ুন

×