ঢাকা শনিবার, ০৬ জুন ২০২৬

শফিকুলের গান দিয়ে শুরু দ্বিতীয় দিনের ফোক ফেস্ট

শফিকুলের গান দিয়ে শুরু দ্বিতীয় দিনের ফোক ফেস্ট
×

শফিকুলের গান দিয়ে শুরু হয় ফোক ফেস্টের দ্বিতীয় দিনের আয়োজন- সমকাল

অনিন্দ্য মামুন

প্রকাশ: ১৫ নভেম্বর ২০১৯ | ০৭:৩৮

ক্ষুদে বাউল শফিকুল ইসলামের গান দিয়ে শুরু হলো ঢাকা আন্তর্জাতিক ফোক ফেস্ট ২০১৯-এর দ্বিতীয় দিনের আয়োজন। কৈশোরেই গান দিয়ে শ্রোতাদের মন জয় করে নেওয়া শফিকুল এ আয়োজনের মাধ্যমে প্রথমবার বড় কোন মঞ্চে গান গাইলো সে।

শুক্রবার সন্ধ্যা ৬টা ১০ মিনিটে রাজধানীর আর্মি স্টেডিয়ামের মঞ্চে উঠেই সবাইকে স্বাগতম জানানো শফিকুলের পরিবেশনা শুরু হয় শাহ আব্দুল করিমের ‘মন মজাইলা ওরে বাউলা’ গান দিয়ে। এরপর বিরহের গান ‘ও তুমি কই গেলা বন্ধুরে’ পরিবেশনের পর ‘কি সুন্দর এক গানের পাখি’ গানটি দিয়ে পরিবেশনা শেষ করে এই ক্ষুদে বাউল।

শফিকুল মঞ্চ ছাড়তেই গান নিয়ে হাজির হন লোকসঙ্গীত শিল্পী কামরুজ্জামান রাব্বি। 'ম্যাজিক বাউলিয়ানা'র এই শিল্পী মঞ্চে উঠেই একে একে পরিবেশন করেন 'বাংলাদেশের ঢোল', 'তোমার সঙ্গে কীসের পিড়িতি', 'আমি তো ভালা না' গানগুলো। সর্বশেষ 'গ্রামের নওজোয়ান' গানটি দিয়ে পরিবেশনা শেষ করেন তিনি।

শফিকুল ও কামরুজ্জামান রাব্বির শেকড়ের গানে দ্বিতীয় দিনের আয়োজনের শুরুটা বেশ জমকালোই হয়েছে বলা চলে। রাব্বির পর এদিন সঙ্গীত পরিবেশন করবেন বাংলাদেশের মালেক কাওয়াল, ফকির শাহাবুদ্দিন, পাকিস্তানের হিনা নাসরুল্লাহ ও মালির হাবিব কইটে অ্যান্ড বামাদা।

শনিবার ফেস্টের সমাপনী দিনে সঙ্গীত পরিবেশন করবেন বাংলাদেশের কাজল দেওয়ান ও চন্দনা মজুমদার এবং পাকিস্তানের ব্যান্ডদল ‘জুনুন’ ও রাশিয়ার ‘সাত্তুমা’।

আয়োজকরা জানান, প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত এ অনুষ্ঠান চলবে। অনুষ্ঠানস্থলে প্রবেশের জন্য দর্শকদের প্রতিদিন এন্ট্রি পাস দেখাতে হবে। হেডফোন, চার্জার বা পাওয়ার ব্যাংক নিয়ে আর্মি প্রবেশ করা যাবে না। এছাড়া রাত ১০টার পর অনুষ্ঠানস্থলের প্রবেশদ্বার বন্ধ হয়ে যাবে।

আয়োজকরা আরও জানান, উৎসব প্রাঙ্গণে গাড়ি পার্কিংয়ের কোনো ব্যবস্থা থাকছে না। তবে অনুষ্ঠান শেষে আর্মি স্টেডিয়াম থেকে দর্শকদের জন্য পাঁচটি ভিন্ন রুটে বাসের ব্যবস্থা রাখা হয়েছে।

আরও পড়ুন

×