ঢাকা শনিবার, ০৬ জুন ২০২৬

গানে গানে বিরহ ছড়িয়ে গেলেন কাজল দেওয়ান

গানে গানে বিরহ ছড়িয়ে গেলেন কাজল দেওয়ান
×

গানে গানে ফোক ফেস্ট জমিয়ে তোলেন কাজল দেওয়ান- সমকাল

অনিন্দ্য মামুন

প্রকাশ: ১৫ নভেম্বর ২০১৯ | ০৯:১৫

জমে উঠেছে ঢাকা আন্তর্জাতিক ফোক ফেস্টের দ্বিতীয় দিনের আয়োজন। রাজধানীর আর্মি স্টেডিয়ামে এদিনের আয়োজনের অন্যতম আকর্ষণ ছিলেন দেশের লোক গানের জনপ্রিয় শিল্পী কাজল দেওয়ান। তার জনপ্রিয় সব গান মুগ্ধ করে শ্রোতাদের। 

ফোক ফেস্টের দ্বিতীয় দিনের আয়োজন শুরু হয় ক্ষুদে বাউল শফিকুল ইসলামের গান দিয়ে। শফিকুলের পর মঞ্চে ওঠেন লোকগানের আরেক শিল্পী কামরুজ্জামান রাব্বি। রাব্বির পরিবেশনা শেষ হতেই মঞ্চে আসেন কাজল দেওয়ান।

বাবা প্রখ্যাত বাউল কবি আবদুর রাজ্জাক দেওয়ান, যার হাত ধরে নিজেকে বাউল গানের সুরে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ফেলেছেন কাজল দেওয়ান। ঢাকার কেরানীগঞ্জের এই লোকশিল্পীর সঙ্গীতে হাতেখড়ি শৈশবে। পালাগান ও লোকসঙ্গীতকে দেশের বিভিন্ন প্রান্তে পৌঁছে দিতে এ পর্যন্ত তিন শতাধিক অ্যালবাম প্রকাশ করেছেন তিনি।

শুক্রবার আর্মি স্টেডিয়ামের মঞ্চে উঠেই কাজল দেওয়ান 'দিন ফুরাইলেই ভাইঙ্গা যাইবো এই রঙ্গের মেলা' গানটি দিয়ে তার পরিবেশনা শুরু করেন। এর পর একে একে গেয়ে শোনান 'পিড়িতের বাজার ভালো না', 'আমায়  এত দুঃখ দিলি বন্ধু রে বন্ধু', 'আমি তোর পিড়িতের দিওয়ানা রে দিওয়ানা' গানগুলো। আর এসব গানে যেন বিরহ নেমে আসে আর্মি স্টেডিয়ামে। ফাঁকে ফাঁকে গানের ব্যাখ্যাও দিতে থাকেন কাজল দেওয়ান। তার কথাগুলোগুলো মন্ত্রমুগ্ধের মতো শুনছিলেন উপস্থিত শ্রোতারা। পরে 'আরে ও জীবন রে', 'না না আজ আমার মন ভালো না'সহ জনপ্রিয় আরো কয়েকটি গান দিয়ে পরিবেশনা শেষ করেন তিনি।

এর আগে 'ম্যাজিক বাউলিয়ানা'র  শিল্পী কামরুজ্জামান রাব্বি মঞ্চে উঠেই একে একে গেয়ে শোনান 'বাংলাদেশের ঢোল', 'তোমার সঙ্গে কিসের পিড়িতি', 'আমি তো ভালা না' গানগুলো। 'গ্রামের নওজোয়ান' গানটি দিয়ে পরিবেশনা শেষ করেন রাব্বি।

কাজল দেওয়ানের পর সঙ্গীত পরিবেশন করবেন বাংলাদেশের ফকির শাহাবুদ্দিন, পাকিস্তানের হিনা নাসরুল্লাহ ও মালির হাবিব কইটে অ্যান্ড বামাদা।

আয়োজকরা জানান, সান ফাউন্ডেশনের পৃষ্ঠপোষকতায় বৃহস্পতিবার সন্ধ্যায় শুরু হওয়া তিনদিনের 'ঢাকা ইন্টারন্যাশনাল ফোক ফেস্ট ২০১৯'-এ বাংলাদেশসহ ছয়টি দেশ থেকে ২০০ জনের বেশি লোকশিল্পী ও কলাকুশলী অংশ নিচ্ছেন। উৎসব চলবে শনিবার পর্যন্ত। প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত রাজধানীর আর্মি স্টেডিয়ামে উৎসবে দর্শকরা উপভোগ করতে পারবেন দেশ-বিদেশের জনপ্রিয় লোকসঙ্গীত শিল্পীদের শেকড় সন্ধানী গান।

আরও পড়ুন

×