ঢাকা শনিবার, ০৬ জুন ২০২৬

ফোক ফেস্টের সমাপনী আয়োজন শুরু কাওয়ালি গানে

ফোক ফেস্টের সমাপনী আয়োজন শুরু কাওয়ালি গানে
×

শনিবার সন্ধ্যায় সমাপনী আয়োজনের শুরুতে গান পরিবেশন করেন বাংলাদেশের কাওয়ালি গানের সাড়া জাগানো শিল্পী মালেক কাওয়াল-মামুনুর রশিদ

অনিন্দ্য মামুন

প্রকাশ: ১৬ নভেম্বর ২০১৯ | ০৭:৫৫ | আপডেট: ১৬ নভেম্বর ২০১৯ | ১১:৫২

অন্ধকার নেমে এসেছে চারদিকে। সেই অন্ধকারেই রাজধানীর আর্মি স্টেডিয়ামে বাহারি রঙ্গের সঙ্গে আলিঙ্গন করছে সুরের ইন্দ্রজাল। গত ১৪ নভেম্বর থেকে ১৭ নভেম্বর তিন রাত শেকড়ের গান আর সুরের মূর্ছনায় মেতে থাকার আজ শেষ দিন। ঢাকা আন্তর্জাতিক ফোক ফেস্ট ২০১৯ এর শেষ রাত আজ।

শনিবার সন্ধ্যায় সমাপনী আয়োজনের শুরুতে গান পরিবেশন করেন বাংলাদেশের কাওয়ালি গানের সাড়া জাগানো শিল্পী মালেক কাওয়াল। আয়োজনের শেষ দিনের প্রথম আয়োজন হিমেল হাওয়ার মতোই আবেশ ছড়িয়ে যায় প্রাণে। মঞ্চে উঠে কাওয়ালির সুরের জাদুতে উপস্থিত শ্রোতাদের মুগ্ধ করে রাখেন এই শিল্পী।

মঞ্চে উঠেই প্রথমে পরিবেশন করেন ইয়া রাসুলে খোদাকে ভুল গিয়া। এরপর একে একে গাইলেন ভান্ডারি বাবা রুহে জাওয়ানেসহ জনপ্রিয় সব গানগুলো। 

উৎসবের শেষ দিনে আরও মঞ্চ মাতাবেন পাকিস্তানের জুনুন ও রাশিয়ার সাত্তুমা।

সান ফাউন্ডেশনের উদ্যোগে ২০১৫ সাল থেকে প্রতি বছর আয়োজিত হয়ে আসছে এশিয়ার সবচেয়ে বড় লোকসংগীতের অনুষ্ঠান ‘ঢাকা ইন্টারন্যাশনাল ফোক ফেস্ট’। এবারের আসরে বাংলাদেশসহ বিশ্বের ছয়টি দেশ থেকে ২০০ জনের বেশি লোকশিল্পী ও কলাকুশলীর পরিবেশনা উপভোগ করছেন শ্রোতারা।

গত তিন বছরের মতো এবারও বিনামূল্যে এ উৎসবে যোগ দেওয়ার জন্য ওয়েবসাইটে নিবন্ধন করেছেন শ্রোতারা। উৎসবস্থলের প্রবেশপথে প্রতিদিন প্রিন্টকৃত এন্ট্রি পাসটি দেখিয়ে প্রবেশ করতে হবে। উৎসবের বিস্তারিত তথ্য পাওয়া যাচ্ছে ফেসবুকে ঢাকা ইন্টারন্যাশনাল ফোক ফেস্ট পেজে ও ওয়েবসাইটে।

আরও পড়ুন

×