ঢাকা শনিবার, ০৬ জুন ২০২৬

প্রিয়াঙ্কা-দিলজিতদের 'সন্ত্রাসী' বললেন কঙ্গনা

প্রিয়াঙ্কা-দিলজিতদের 'সন্ত্রাসী' বললেন কঙ্গনা
×

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৭ জানুয়ারি ২০২১ | ০২:২২ | আপডেট: ২৭ জানুয়ারি ২০২১ | ০৩:২২

ভারতে কৃষক আন্দোলন নিয়ে শুরু থেকেই কেন্দ্রীয় সরকারের পাশে বলিউড তারকা কঙ্গনা রানাউত। এবার সেই কৃষক আন্দোলন নিয়ে কথা বলে আবারও আলোচনায় তিনি। চলমান কৃষক আন্দোলনকে ‘সন্ত্রাসী কর্মকাণ্ড’ বলেও মন্তব্য করেছেন তিনি।

মঙ্গলবার দিল্লিতে কৃষকদের ট্রাক্টর মিছিল হিংসাত্মক রূপ নেওয়ায় ব্যাপক ক্ষোভ প্রকাশ করেন কঙ্গনা। তিনি বলেন, ''লালকেল্লায় তাণ্ডব চালিয়েছে ‘খালিস্তানি’ ও ‘কৃষকের বেশধারী সন্ত্রাসীরা’। এ ধরনের ঘটনা দেশ ও জাতির জন্য চরম অবমাননাকর। বিশ্বের কাছে আজ আমাদের মাথা হেট হয়ে গেল। এই দেশ, সুপ্রিম কোর্ট, সংবিধান, সরকার ‘সব মজাক বনকে রহ গায়ে হ্যায়'।''

মঙ্গলবার দুপুর থেকে বুধবার পর্যন্ত একের পর এক টুইট করে এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন কঙ্গনা। কেন্দ্রীয় সরকারের সমর্থক এই অভিনেত্রী লিখেছেন, ‘এর আগে এই ধরনের সন্ত্রাসের ভয়েই নাগরিকত্ব অধিকার আইন কার্যকর করা যায়নি। আমি নিশ্চিত, কৃষি আইনও এ ভাবেই আটকে যাবে। ভোট দিয়ে আমরা জাতীয়তাবাদী সরকার এনেছি ঠিকই। তবে আখেরে বার বার জিতে যাচ্ছে এই জাতীয়তাবাদ বিরোধীরাই।'

প্রজাতন্ত্র দিবসের দিন লালকেল্লার ঘটনা নিয়ে টুইটারে ভিডিও পোস্ট করে কঙ্গনা লেখেন, 'অসুস্থবোধ করছি এবং প্রতি মাসে এই ধরনের দাঙ্গা আর রক্তগঙ্গা দেখে ক্লান্ত, দিল্লি, বেঙ্গালুরু, এবার ফের দিল্লি।' সঙ্গে কঙ্গনা হ্যাশট্যাগ জুরে দেন- ‘দিল্লি পুলিশ লঠ বজাও’ (দিল্লি পুলিশ লাঠি চালাও) এবং লালকেল্লা।

কৃষি আইনবিরোধী আন্দোলন নিয়ে এর আগেও মতামত জানিয়েছেন কঙ্গনা। কৃষকদের ‘সন্ত্রাসবাদী’র সঙ্গে তুলনা টেনে তীব্র সমালোচনার মুখে পড়েন তিনি। মঙ্গলবার লালকেল্লার ঘটনায় সেই পুরনো প্রসঙ্গ টেনে আনেন তিনি।

সমালোচকদের উদ্দেশে লিখেছেন, ‘কৃষকদের সন্ত্রাসবাদী বলেছিলাম বলে ৬টি সংস্থা আমার সঙ্গে চুক্তি বাতিল করে। আমাকে বলা হয়েছিল, ওই মন্তব্যের জন্যই আমাকে তারা সংস্থার প্রতিনিধিত্ব করতে দিতে পারছে না। আজ আমি বলছি, প্রত্যেক ভারতীয়, যারা কৃষকদের এই দাঙ্গাকে সমর্থন করছেন, তারা নিজেরাও এক একজন সন্ত্রাসবাদী।'

কৃষি আইনবিরোধী আন্দোলন নিয়ে গত মাসে কঙ্গনার সঙ্গে 'টুইট যুদ্ধ' হয় পাঞ্জাবি অভিনেতা দিলজিৎ দোসাঞ্জের। সেখানে অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার বিরুদ্ধেও কৃষকদের উসকানি দেওয়ার অভিযোগ আনেন কঙ্গনা। বলেন, ‘ইসলামপন্থী ও ভারতবিরোধী সংস্থা থেকে প্রশংসা আদায় করার জন্যই প্রিয়াঙ্কা কৃষকদের সমর্থন করছেন। বিদেশে কাজ পাওয়ার জন্যই এসব করেন তিনি।' সর্বশেষ মন্তব্যে কঙ্গনা বলিউডের আরেক প্রতিষ্ঠিত অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া ও অভিনেতা দিলজিৎকে ইঙ্গিত করেন বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুন

×