বিচারকের আসনে রাভিনা ট্যান্ডন
রাভিনা ট্যান্ডন- ফাইল ছবি
বিনোদন ডেস্ক
প্রকাশ: ২৬ নভেম্বর ২০১৯ | ১০:৪৭
নব্বইয়ের দশকে বলিউড ইন্ডাস্ট্রিতে দাপটের সঙ্গে অভিনয় করেছেন অভিনেত্রী রাভিনা ট্যান্ডন। অভিনয়ের পাশাপাশি তিনি নাচেও সমানভাবে পারদর্শী। তবে এখন বড়পর্দায় আগের মতো তেমনটা দেখা না গেলেও এবার ছোটপর্দায় দেখা যাবে তাকে।
নাচ-বিষয়ক রিয়েলিটি শো 'ডান্স ডান্স জুনিয়র'-এ বিচারকের ভূমিকায় দেখা যাবে তাকে। তবে বিশেষ একটি পর্বের জন্য এতে তিনি অতিথি বিচারক হয়েছেন। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে এ তথ্য বলা হয়েছে।
স্টার জলসায় প্রচার হবে এটি। এই শোতে প্রধান বিচারক মিঠুন চক্রবর্তী। সহবিচারক হিসেবে আছেন টালিউড তারকা সোহম ও শ্রাবন্তী। বিশেষ এ পর্বের নাম দেওয়া হয়েছে 'রূপকথার খোঁজে'। এতে নব্বই দশকের বিভিন্ন গানের সঙ্গে পারফর্ম করবেন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিল্পীরা। অনুষ্ঠানে 'আঁখিও সে গোলি মারো'সহ আরও বেশ কয়েকটি গানে নাচ পরিবেশন করেছেন রাভিনা। এ ছাড়া খুদে প্রতিযোগীদের সঙ্গে ভাগ করে নিলেন নাচ ও কথার নানা মজার মুহূর্ত। নাচের চ্যালেঞ্জ দিয়ে তাদের প্রতিভাও যাচাই করে নিয়েছেন।
স্টার জলসার কর্মকর্তা সাগ্নিক ঘোষ বলেন, 'আমরা অত্যন্ত আনন্দিত যে এই শোতে রাভিনাকে পেয়েছি। খুদে প্রতিযোগীরাও দারুণ খুশি। রাভিনার সামনে তারা এমন সব পারফর্ম করেছে, তা অবাক করার মতো।'
- বিষয় :
- রাভিনা ট্যান্ডন
- বিনোদন
