চিকিৎসা নিতে জার্মানি যেতে হবে 'বেজবাবা' সুমনকে
‘অর্থহীন’ ব্যান্ডের প্রতিষ্ঠাতা এবং দলনেতা সাইদুস সালেহীন খালেদ সুমন
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ০২ মার্চ ২০২১ | ০১:১৪ | আপডেট: ০২ মার্চ ২০২১ | ০৫:৫১
‘অর্থহীন’ ব্যান্ডের প্রতিষ্ঠাতা এবং দলনেতা সাইদুস সালেহীন খালেদ সুমনের (বেজবাবা সুমন) শারীরিক অবস্থা খুব একটা ভালো নেই। উন্নত চিকিৎসার জন্য গত বছরই তার জার্মানিতে যাওয়ার কথা ছিল। কিন্তু করোনার কারণে আটকে আছে তার চিকিৎসা। দিন দিন তার অসুস্থতা বাড়ছে।
অর্থহীন ব্যান্ডের সদস্য শিশির আহমেদ জানান, সুমনের শারীরিক অবস্থা ক্রমাগত খারাপ হচ্ছে। তার স্পাইনাল কডের ব্যথা আরও বেড়েছে। খাওয়া-দাওয়া অনেক কমিয়ে দিয়েছেন। চলাফেরা করতেও সমস্যা হচ্ছে এবং বেশিক্ষণ বসে থাকাও তার জন্য কঠিন হয়ে পড়েছে।
মঙ্গলবার ফেসবুকে নিজের একটি ছবি শেয়ার করে শারীরিক অবস্থার আপডেট জানিয়েছেন সুমন। সেখানে তিনি লিখেছেন ‘আমার শরীর ভালো নেই। দোয়া করবেন, যাতে দ্রুত সুস্থ হয়ে উঠতে পারি।’
তিনি আরও লেখেন, 'এটা আমার বর্তমান সময়ের ছবি, কোয়ারেন্টাইন জীবন।’
সোমবার সংবাদ মাধ্যমে বেজবাবা সুমনের শারিরীক অবস্থা সংকটাপন্ন বলে খবর প্রকাশিত হয়েছে। বিষয়টি নিয়ে অর্থহীন ব্যান্ডের ম্যানেজার রাজু আহমেদ জানান, সুমন ভইয়ের অবস্থা সংকটাপন্ন নয়। তবে তার শারীরিক অবস্থার উন্নতি হয়নি। স্পাইনাল কর্ডের ব্যথা বেড়েছে। অপারেশনের জন্য তার জার্মানি যাওয়া প্রয়োজন।’
ক্যানসারকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে সেই আঙুল দিয়ে বারবার গিটারে ঝড় তুলেছেন যিনি, তিনি বাংলাদেশের জনপ্রিয় রক ব্যান্ড ‘অর্থহীন’-এর প্রতিষ্ঠাতা এবং দলনেতা সাইদুস সালেহীন খালেদ সুমন (বেসবাবা সুমন)। বাংলাদেশের অন্যতম সেরা বেস গিটারিস্ট সাইদুস সালেহীন খালেদ সুমন তাঁর রক-সংগীতের জীবন শুরু করেন ১৯৮৬ সালে ‘ফ্রিকোয়েন্সি’ ব্যান্ড গঠনের মাধ্যমে।
১৯৯৭ সালে যোগ দেন ব্যান্ড ‘ওয়ারফেজ’-এ গিটারবাদক হিসেবে। দুই বছর পর ‘ওয়ারফেজ’ ছেড়ে সুমন নিজের প্রথম একক অ্যালবাম ‘সুমন ও অর্থহীন’ প্রকাশ করেন এবং সে বছরই প্রতিষ্ঠা করেন ‘অর্থহীন’ ব্যান্ড। ২০১৩ সাল থেকে একাধিকবার ক্যানসারে আক্রান্ত হলেও গান ছাড়েননি আলোচিত গিটারিস্ট।