দিল্লি গিয়ে মা-বাবার কবরের পাশে কাঁদলেন শাহরুখ
বিনোদন ডেস্ক
প্রকাশ: ০৭ মার্চ ২০২১ | ০৪:৫৫ | আপডেট: ০৭ মার্চ ২০২১ | ০৭:৪৫
১৯৬৫ সালের ২ নভেম্বর ভারতের দিল্লিতে এক সাধারণ মধ্যবিত্ত পরিবারে জন্ম শাহরুখ খানের। এ শহরে বেড়ে ওঠা থেকে শুরু করে অনেক স্মৃতি রয়েছে কিং খানের।
তাই শত ব্যস্ততা কাটিয়ে সম্প্রতি সেই দিল্লি শহরে গিয়ে ছল ছল চোখে মা-বাবার কবর জিয়ারত করেন শাহরুখ। সেখানে কিছু সময় নিরবে দাঁড়িয়ে থাকেন তিনি। বলিউড বাদশার এই ব্যক্তিগত মুহূর্ত পাপরাজ্জিদের ক্যামেরায় ধরা পড়তেই তা ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে।
এর আগে একাধিক সাক্ষাৎকারে মা-বাবা নিয়ে কথা বলেন শাহরুখ খান। তার বাবার তাজ মহম্মদ খান পাকিস্তানের পেশোয়ার থেকে ভারতে আসেন। শাহরুখের বয়স যখন ১৫ বছর তখন ক্যান্সারে মারা যান তার বাবা। দীর্ঘ অসুস্থতার পর ১৯৯০ সালে শাহরুখের মাও চলে যান।
আনন্দবাজার পত্রিকা জানায়, মা-বাবার এমন চলে যাওয়া সে সময় মেনে নিতে পারেননি শাহরুখ। জীবনে যে শূন্যতা সৃষ্টি হয়েছিল, অভিনয়ের মাধ্যমে তা পূরণ করতে চেয়েছিলেন তিনি। তখনই বড় পর্দায় অভিনয়ের সুযোগ আসে তার। তাই অভিনয়কে শাহরুখ অভিনয় হিসেবে দেখেন না, এটি তার অনুভূতি প্রকাশেরও মাধ্যম বটে।
ডেভিড লেটারম্যানের টক শো-তে শাহরুখ জানান, মা-বাবার সঙ্গে সময় কাটাতে না পারার আফসোস রয়ে গেছে তার। তাই নিজের সন্তানদের সঙ্গে যতটা বেশি সম্ভব সময় কাটান তিনি। শাহরুখের ছেলে আরিয়ান খান এবং কন্যা সুহানা খান লেখাপড়ার জন্য বিদেশে থাকেন। সুযোগ পেলেই তাদের কাছে চলে যান শাহরুখ। নানা খুনসুটিতে মেতে ওঠেন।
- বিষয় :
- শাহরুখ খান
- কবর জিয়ারত
- দিল্লি
