'বম্বে গার্ল' জাহ্নবী
বাবার সঙ্গে জাহ্নবী কাপুর- ইনস্টাগ্রাম
বিনোদন ডেস্ক
প্রকাশ: ০৮ অক্টোবর ২০১৯ | ০৫:০৫ | আপডেট: ০৮ অক্টোবর ২০১৯ | ০৫:৪৯
বলিউডের কিংবদন্তি চিত্রনায়িকা প্রয়াত শ্রীদেবী আর প্রযোজক বনি কাপুরের বড় মেয়ে জাহ্নবী কাপুর। করণ জোহরের ধর্মা প্রোডাকশনের ছবি ‘ধড়াক’ দিয়ে বলিউডে সফলভাবে যাত্রা শুরু করেছেন জাহ্নবী কাপুর। তবে বাবার প্রযোজিত কোনো ছবিতে অভিনয় করা হয়ে ওঠেনি ২২ বছর বয়সী এ তারকার।
অবশেষে প্রথমবারের মতো বাবা বনি কাপুরের প্রযোজিত একটি ছবিতে অভিনয় করতে চলেছেন জাহ্নবী কাপুর। ছবির নাম ‘বম্বে গার্ল’। ছবিটি পরিচালনা করছেন, 'স্ট্রাইকার'খ্যাত সঞ্জয় ত্রিপাঠি। ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে এমনটাই বলা হয়েছে।
ছবিতে জাহ্নবীর চরিত্র কী থাকবে এমন প্রশ্নের জবাবে সংবাদমাধ্যমকে বনি কাপুর জানান, জাহ্নবীর চরিত্রটি তার বাকি চরিত্রের থেকে একেবারেই আলাদা। তার বক্তব্য, 'ছবি নিয়ে আমি বেশ এক্সাইটেড। একটা জিনিস দর্শকদের বলতে পারি। ছবিটি এক বার দেখার পর আর ভুলতে পারবেন না।'
প্রথমবারের মতো মেয়ের সঙ্গে কাজ করার অনুভূতি প্রসঙ্গে বনি বলেন, 'আমার মনে হয় সব বাবা-মায়ের কাছে এটা খুবই ইমোশনাল জার্নি। অর্জুনের সঙ্গেও যখন প্রথমবার একসঙ্গে কাজ করেছিলাম, একই রকম অনুভূতি হয়েছিল।'
যদিও ছবিটি সম্পর্কে বিস্তারিত তথ্য শেয়ার করতে অনিহা বনির, তবুও শোনা যাচ্ছে, এক নিউ-এজ টিনেজারকে নিয়েই গল্প বলবে এই ছবি। সবকিছু ঠিক থাকলে পরের বছর জানুয়ারিতে ওই ছবির শুটিং শুরু হবে বলে শোনা যাচ্ছে।
তবে আপাতত পরবর্তী ছবি ‘রুহি আফজা’ নিয়ে বেজায় ব্যস্ত জাহ্নবী। ছবিতে রাজকুমার রাওয়ের বিপরীতে দেখা যাবে তাকে।
- বিষয় :
- বম্বে গার্ল
- জাহ্নবী কাপুর
- বিনোদন
