স্ত্রীর আনা অভিযোগ উড়িয়ে দিলেন হানি সিং
হানি সিং। ছবি: ফাইল
বিনোদন ডেস্ক
প্রকাশ: ০৭ আগস্ট ২০২১ | ০৫:২০ | আপডেট: ০৭ আগস্ট ২০২১ | ০৬:১৭
ভারতের পাঞ্জাবের জনপ্রিয় র্যাপার হানি সিংয়ের সময়টা মোটেও ভালো যাচ্ছে না। সম্প্রতি হানির বিরুদ্ধে শারীরিক নির্যাতন ও যৌন হেনস্তার অভিযোগ আনেন তার স্ত্রী শালিনী তলওয়ার।
স্ত্রীর অভিযোগ, একাধিক নারীর সঙ্গে যৌন সম্পর্কে লিপ্ত তিনি। এছাড়া আরও অনেক অভিযোগ এনেছেন তার স্ত্রী। এবার স্ত্রীর আনা এসব অভিযোগ নিয়ে মুখ খুললেন হানি সিং। শুক্রবার এ বিষয়ে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে বিস্তারিত তুলে ধরেন এই র্যাপার।
তিনি লেখেন, আমার ২০ বছরের সঙ্গী শালিনী তলওয়ার আমার ও আমার পরিবারের বিরুদ্ধে যে মিথ্যা ও বিদ্বেষমূলক অভিযোগ এনেছেন, তাতে আমি গভীরভাবে ব্যথিত। অভিযোগগুলি অত্যন্ত ঘৃণ্য।'
হানির ভাষ্য, ‘আগে আমার গানের কথা নিয়ে কড়া সমালোচনা, আমার স্বাস্থ্য নিয়ে জল্পনা, সংবাদ-মাধ্যমে নেতিবাচক খবর প্রকাশিত হওয়ার পরও কোনোদিন প্রেস বিবৃতি দিইনি। তবে এবার আমার বৃদ্ধ বাবা-মা ও ছোট বোনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। তারা আমার সব সময় পাশে থাকেন। আমাকে নিয়েই তাদের পৃথিবী। তাই এবার আর চুপ থাকার কোনো কারণ দেখি না। ওদের বিরুদ্ধে অভিযোগগুলো অপমানজনক।’
র্যাপ গায়ক আরও লেখেন, ‘গত ১৫ বছর ধরে আমি বিভিন্ন সঙ্গীতশিল্পীসহ বিভিন্নজনের সঙ্গে কাজ করেছি। তারা সকলেই আমার স্ত্রীকে চেনেন ও জানেন। শালিনী এক দশকেরও বেশি সময় ধরে আমির টিমের সদস্য। আমার বিভিন্ন মিটিং, শুটিং, রেকর্ডিং সব জায়গাতেই থাকত। আমি শালিনীর আনা সমস্ত অভিযোগ অস্বীকার করছি, তবে বিষয়টি আপাতত আদালতের বিচারাধীন। তাই এর থেকে বেশি কিছু বলব না। দেশের বিচার ব্যবস্থার উপর আমার পূর্ণ আস্থা আছে। আমি নিশ্চিত যে, শিগগিরই সত্য বেরিয়ে আসবে।’ সূত্র: ইন্ডিয়া টুডে
- বিষয় :
- হানি সিং
- স্ত্রীর অভিযোগ
