রকস্টার রাফার বিয়েতে চমকে দিলেন বেজবাবা সুমন
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ২৯ আগস্ট ২০২১ | ০৫:১৫ | আপডেট: ২৯ আগস্ট ২০২১ | ০৫:২০
বিয়ে করেছেন রক ব্যান্ড অ্যাভয়েডরাফার প্রতিষ্ঠাতা সদস্য এবং অর্থহীন ব্যান্ডের সাবেক গায়ক ও ড্রামার রায়েফ আল হাসান রাফা। আর তার বিয়েতে হাজির হয়ে চমকে দিলেন সদ্য সুস্থ হয়ে উঠা বেজবাবা সুমন। রাফাকে উৎসর্গ করে বেস গিটার হাতে গানও গাইলেন বিয়েতে।
গত ২৩ আগস্ট পারিবারিকভাবে সামিরা কালিমকে বিয়ে করেন রাফা। পরে ২৭ আগস্ট ছিল তাদের বিবাহোত্তর সংবর্ধনা। সেখানেই গিটার হাতে মঞ্চে উঠেন সুমন। দীর্ঘ অসুস্থতার পর দেড় বছরেরও বেশি সময় পর গিটার হতে মঞ্চে গাইলেন এই জনপ্রিয় বেস গিটারিস্ট।
বেসবাবা সুমন বলেন, 'গত তিন বছর আবার কারো সাথে দেখা হয়নি। দেশে আসার পর রাফার বিয়ে বলেই বের হয়েছি। অনেক ভাল লাগলো এবং রাফা জোর করে বলল সুমন ভাই একটা গান গাইতেই হবে। আমি বললাম রাফা আমি গত তিন বছর কোন গান গাইনা। বেস বাজাই না আমার হাতের অবস্থা ভালো না, গলা ভালো না। কিন্তু রাফা আমাকে ছাড়লোই না। তখন আমি চেয়ারে বসে চিন্তা করছিলাম, আমার এরকম একটা গান গাইতে হবে যে গানটায় আমিও আছি রাফাও আছে। আমি যে গানটাই চিন্তা করি সেই গানটাই হাই পিচের। কিন্তু হাই পিচের গান আমি গাইতে পারবোনা। তখন মনা হলো 'চাইতেই পারো ওয়ান' টা গাই। এটা কোনরকম হয়তোবা গাইতে পারবো। আমি আর কোন গানের নাম মনে করতে পারছিলাম না। রাফা আমাকে মনে করিয়ে দিয়েছে সুমন ভাই 'অদ্ভুত সেই ছেলেটি'। তখন আমার মনে পড়লো ও আচ্ছা আমাদের তো অদ্ভুত সেই ছেলেটি ও আছে।'
ক্যানসার ও স্পাইনাল কর্ডের জটিলতায় জর্জরিত এ গায়ক তার ‘অদ্ভুত ছেলেটি’ গেয়ে শোনান। গাওয়ার আগে অভিনন্দন জানান নব দম্পতিকে। মজা করেই বলেন, ‘বিয়েটা স্বাভাবিক বিষয়। একটা মানুষ বিয়ে করবে সেটাই স্বাভাবিক। বাট আমি জীবনে চিন্তা করিনি রাফার বিয়েতে এভাবে গান গাইবো। রাফা-সামিরা দু'জনকেই অভিনন্দন।
প্রায় দুই বছর পর কণ্ঠে গান তোলা প্রসঙ্গে বলেন, ‘অনেকেই স্টেজে উঠে বলেন, আমার বাম পায়ের আঙুল ব্যথা- তাই গলাটা ভালো না, এমন এক্সকিউজ দেয়। বাট আমার বিষয়টি তেমন না। আমি গত দুই বছর গাইতে পারিনি। বাজাতে পারিনি। আমি সত্যিই অসুস্থ ছিলাম। সুতরাং আমার ভুল ক্ষমাসুন্দর কানে শুনবেন।’
রাফার ধানমন্ডির বাসার ছাদে আয়োজিত সেই অনুষ্ঠানে অর্থহীন, ক্রিপটিক ফেইটসহ বিভিন্ন ব্যান্ডের সদস্যরা আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
সুমন গত পাঁচ মাস ধরে দুবাই ও ব্যাংককের হাসপাতালে চিকিৎসা শেষে অগস্টের প্রথম সপ্তাহে দেশে ফিরেছেন।
তিনি সর্বশেষ ২০২০ সালের ৮ মার্চ রাজধানীর আর্মি স্টেডিয়ামে জয় বাংলা কনসার্টে গেয়েছিলেন বেজবাবা’খ্যাত অর্থহীন ব্যান্ডের প্রধান সুমন। অসুস্থ শরীর নিয়েই উঠেছিলেন সেই মঞ্চে। মাঝে দীর্ঘদিন চিকিৎসার জন্য দেশের বাইরে ছিলেন।
এদিকে রাফার বিয়ের বিষয়ে জানা যায়, স্ত্রী সামিরা কালিম ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে চারুকলায় ডিগ্রি নিয়ে কানাডার একটি বিশ্ববিদ্যালয়ে গ্রাফিক ডিজাইনের ওপর পড়াশোনা করছেন। দেশটির টরন্টোতে থাকেন তিনি। সামিরা যুক্তরাষ্ট্রভিত্তিক একটি প্রতিষ্ঠানের কানাডা অফিসের গ্রাহকসেবা প্রতিনিধি হিসেবেও কর্মরত আছেন।
- বিষয় :
- রাফা
- বেজবাবা সুমন
- বিনোদন