মা হওয়ার পর জীবনকে নতুনভাবে উপভোগ করতে শিখেছি: মুনমুন
রুমানা মালিক মুনমুন
এমদাদুল হক মিলটন
প্রকাশ: ২০ নভেম্বর ২০২১ | ০১:০৮ | আপডেট: ২০ নভেম্বর ২০২১ | ০১:১০
রুমানা মালিক মুনমুন। মডেল, উপস্থাপক ও অভিনেত্রী। আড়াই বছর পর দেশে ফিরেছেন তিনি। বর্তমানে রান্নাবিষয়ক অনুষ্ঠান 'লেমন ব্রাইট তোমার জন্য রান্না'র শুটিং করছেন। এটি পরিচালনা করছেন কাজী মোহাম্মদ মোস্তফা। নতুন অনুষ্ঠান ও অন্যান্য প্রসঙ্গে কথা হলো তার সঙ্গে-
দীর্ঘদিন পর দেশে ফিরে কেমন লাগছে?
দেশে ফেরার আনন্দ অন্য রকম। কিছু অনুভূতি ভাষায় প্রকাশ করা যায় না। দেশে ফিরতে পেরে ভালোই লাগছে। এখন বাইরে বের হলে সারাক্ষণ একটাই চিন্তা- কখন মেয়ের কাছে যাব।
কন্যার সঙ্গে নিশ্চয়ই মধুর সময় পার করছেন ...
মাতৃত্বের স্বাদ পেয়ে জীবনকে নতুনভাবে উপভোগ করতে শিখেছি। গত বছরের ২৪ মে কানাডায় আমার কন্যা ঈমান হোসেইনের জন্ম হয়। এটাই ঈমামের প্রথম বাংলাদেশ সফর। দু'জনে সময়টা ভালোই কাটাচ্ছি। খুব অল্প সময়েই ঈমান তার দাদি, নানা, খালা, ফুফুদের সঙ্গে মিশে গিয়েছে। বাড়িময় ঘুরে বেড়াচ্ছে। পরিবারের সব সদস্য, অসংখ্য খেলার সাথী পেয়েছে। এই ভালোবাসা কানাডায় সে মিস করছিল। চ্যানেলগুলোও সাপোর্ট দিচ্ছে। যেজন্য শুটিং করেও মেয়েকে সময় দিতে পারছি। আমাকে সহযোগিতা করার জন্য চ্যানেল কর্তৃপক্ষের কাছে কৃতজ্ঞ।
প্রবাস জীবনে দেশের কোন বিষয় মিস করেছেন...
অবশ্যই কাজের জায়গা, সহকর্মী, দর্শকদেরও ভীষণভাবে মিস করেছি। কানাডায় আমি সম্পূর্ণ ভিন্ন মানুষ। সেখানে মিডিয়ার সঙ্গে সম্পৃক্ত হতেও চাইনি।
শুনেছি, অল্প কিছু দিনের জন্য দেশে এসেছেন। কবে আবার কানাডায় যেতে চান?
আগামী ৩০ ডিসেম্বরে যাওয়ার ইচ্ছা রয়েছে। যেজন্য তাড়াহুড়া করে সব কাজ শেষ করছি। আর কানাডায় স্থায়ী হতে চাই না। সময় সুযোগ হলেই দেশে আসব। মা হওয়ার আগে সেখানকার স্থানীয় এক বিশ্ববিদ্যালয়ে চাকরি করেছি। ফিরে ফের সেখানে যোগ দেব।
নতুন কাজের কী খবর?
দেশে এসে মাছরাঙা টেলিভিশনের 'রাঙা সকাল' অনুষ্ঠানে অতিথি হয়ে হাজির হয়েছিলাম। আমি উপস্থাপনায় বেশি স্বাচ্ছন্দ্য পাই। যেজন্য এই অল্প সময়ে উপস্থাপনার কাজই নিয়েছি। গতকাল 'তোমার জন্য রান্না' নামে রান্নাবিষয়ক একটি অনুষ্ঠানের শুটিং করেছি। ২৬ পর্বের এ অনুষ্ঠানটি প্রচার হবে এনটিভিতে। এরই মধ্যে আরও কয়েকটি অনুষ্ঠান উপস্থাপনার প্রস্তাব পেয়েছি। মেয়ে ছোট। তার সঙ্গে সার্বক্ষণিক সময় দেওয়া দরকার। কোনো কাজের ব্যাপারে 'হ্যাঁ' বলার আগে বিষয়টি নিয়েও ভাবতে হয়।
অনেকেই অভিযোগ করেন, রান্নার অনুষ্ঠান একই ধরনের হচ্ছে। এ বিষয়ে আপনার অভিমত কী?
রান্নার অনুষ্ঠানগুলো প্রায় একই রকম- এ কথা অনেকেই বলেন। কারণ অনুষ্ঠান উপস্থাপনায় তারা ভিন্নতা খুঁজে পান না। এটা ঠিক, যখন উপস্থাপনায় ভিন্নতা আসবে, তখনই আলাদা কিছু হবে। কারণ উপস্থাপনার কৌশলে অনুষ্ঠানের ধরন বদলে যায়। অনুষ্ঠান তৈরি করার আগে ভালোভাবে রিসার্চ করে দর্শকদের সামনে তুলে ধরা উচিত। তখনই ভালো জিনিস বের হয়ে আসবে। সব চ্যানেল নয়, কিছু কিছু চ্যানেল কর্তৃপক্ষের এ বিষয়ে আরও ভাবা উচিত।
নাটকে অভিনয় নিয়ে কিছু ভাবছেন?
আমি উপস্থাপনার মানুষ। অভিনয় ভালো জানি না। আর নাটকে অভিনয় সময়সাপেক্ষ ব্যাপার। যেজন্য নাটকে অভিনয় নিয়ে আপাতত ভাবছি না।
নতুনদের উপস্থাপনা কেমন হচ্ছে?
খুবই ভালো। উপস্থাপনা যে উপভোগ করা যায়, তা তারা বুঝতে পেরেছে। সবাই এ নিয়ে আগ্রহ প্রকাশ করছে, এটা ইতিবাচক দিক। উপস্থাপনায় তরুণ প্রজন্মের আরও অংশগ্রহণ দরকার বলে মনে করি।
- বিষয় :
- রুমানা মালিক মুনমুন
- বিনোদন
- উপস্থাপিকা