ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

লতার শেষকৃত্যে কেন যাননি অমিতাভ বচ্চন?

লতার শেষকৃত্যে কেন যাননি অমিতাভ বচ্চন?
×

লতা মঙ্গেশকর ও অমিতাভ বচ্চন

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২২ | ২৩:১০ | আপডেট: ০৮ ফেব্রুয়ারি ২০২২ | ২৩:১০

গত রোববার সকালে পরলোকগমন করেন ভারতীয় উপমহাদেশের সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকর। তার মৃত্যুর খবর শুনেই তার বাড়িতে ছুটে গিয়েছিলেন বলিউড সুপারস্টার অমিতাভ বচ্চন। ধবধবে সাদা পাঞ্জাবি, মুখে মাস্ক, গায়ে চাদর জড়িয়ে সবার ভিড় ঠেলে প্রয়াত গায়িকাকে শেষ বারের মতো দেখতে পৌঁছে যান ‘বিগ বি’। সেই ‘বিগ বি’, যার অসংখ্য ছবিতে গান গেয়েছিলেন লতা। কিন্তু গায়িকার শেষকৃত্যে বলিউডের অন্যান্য তারকারা থাকলেও দেখা মিলল না তার।

আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে বলা হয়, বলিউডের অনেক অভিনেতা জানিয়েছেন, মূলত কোভিড বিধি বজায় রাখতে লতার শেষকৃত্যে থাকেননি অমিতাভ। শিবাজি পার্কে গায়িকার শেষকৃত্য সম্পন্ন হয়। অগণিত মানুষ গায়িকাকে শ্রদ্ধা জানাতে উপস্থিত হয়েছিলেন সেখানে। ছিলেন শাহরুখ খান, রনবীর কপূর, শ্রদ্ধা কপূরের মতো তারকারাও। কিন্তু সাবধানতা বজায় রাখতে শিবাজি পার্কে যাননি অমিতাভ।

অমিতাভ বচ্চনের ঘনিষ্ঠ ব্যক্তি ভারতীয় এক সংবাদমাধ্যমকে বলেছেন, ‘বচ্চন লতাজির বাড়িতে গিয়েছেন। ওর পরিবারের সঙ্গে কথা বলেছেন। কিন্তু বর্তমান পরিস্থিতিতে নিজের স্বাস্থ্যের কথা মাথায় রেখে তিনি ভিড়ের মধ্যে শেষকৃত্যে উপস্থিত হননি।’

লতার বাস ভবনে সেদিন প্রয়াত গায়িকার পরিবার-পরিজনের সঙ্গে কথা বলেন অমিতাভ। বেশ কিছুক্ষণ সময় কাটান তাদের সঙ্গে। ‘বিগ বি’-র সঙ্গী হয়েছিলেন তার মেয়ে শ্বেতা বচ্চন নন্দা।

আরও পড়ুন

×