তিন দিনেই 'গাঙ্গুবাই কাথিয়াওয়ারি' ছবির আয় ৩৮ কোটি রুপি
আলিয়া ভাট
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২২ | ০১:৪৬ | আপডেট: ২৮ ফেব্রুয়ারি ২০২২ | ০১:৫০
বলিউডের প্রখ্যাত পরিচালক সঞ্জয় লীলা বানসালির 'গাঙ্গুবাই কাথিয়াওয়ারি' ছবিটি মুক্তি পেয়েছে গত ২৫ ফেব্রুয়ারি। এই ছবিতে মুম্বাইয়ের ‘মাফিয়া কুইন’ গাঙ্গুবাইয়ের ভূমিকায় অভিনয় করেছেন আলিয়া ভাট। যৌনপল্লী কামাঠিপুরার ‘ম্যাডামজি’ হিসাবে দর্শকদের মুগ্ধ করেছেন আলিয়া।
করোনা পরিস্থিতে বলিউডের হিট ছবির সংখ্যা প্রায় শূন্য। সেই খরা কাটিয়ে প্রথমদিনই গাঙ্গুবাই কাথিয়াওয়ারি' ছবিটি আয় করেছে সাড়ে ১০ কোটি রুপি । রোববার পর্যন্ত বক্স অফিসে এই ছবির কালেকশন দাঁড়িয়েছে ৩৮ কোটি রুপিরও বেশি। সোমবার ছুটি থাকায় সপ্তাহ শেষে এই আয় ৪০ কোটিতে পৌঁছবে বলে ধারণা করছেন সিনেমা বিশেষজ্ঞরা। পাশাপাশি করোনা সংক্রমণ কমে আসায় ১০০ শতাংশ দর্শক নিয়ে সিনেমা হল খুলে যাওয়ায় ছবিটি নিয়ে ভালো ব্যবসার আশা করছেন হল মালিকরা।
'গাঙ্গুবাই কাথিয়াওয়ারি' ছবির প্রিমিয়ার অনুষ্ঠিত হয়েছিল বার্লিন ফিল্ম ফেস্টিভ্যালে। এই ছবি নিয়ে ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমসে প্রকাশিত রিভিউতে বলা হয়েছে, আলিয়ার অভিনয় মন জয় করার মতো। নিখুঁত শব্দচয়ন, উপভাষা, অভিব্যক্তি এবং যেভাবে তিনি রাগ, আনন্দ আর অসহায়ত্বর আবেগকে তুলে ধরেছেন তা সত্যি প্রশংসাযোগ্য। আলিয়ার পর্দায় উপস্থিতি অবাক করার মতো'।
আলিয়া ছাড়াও এই ছবিতে অভিনয় করেছেন শান্তনু মহেশ্বরী, অজয় দেবগণ, বিজয় রাজ।
