ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

সোনাকান্ত যেন এক পদ্মবিল

সোনাকান্ত যেন এক পদ্মবিল
×

কল্যাণ ভৌমিক

প্রকাশ: ১২ আগস্ট ২০২২ | ১২:০০ | আপডেট: ১২ আগস্ট ২০২২ | ২২:১১

বেশ কয়েক বছর পর সোনাকান্ত বিলে এবার ফুটেছে প্রচুর পদ্ম ফুল। লাল, সাদা পদ্মে ছেয়ে গেছে গোটা বিল। প্রতিদিনই ভিড় করছেন আশপাশের পদ্মপ্রেমী লোকজন। দৃষ্টিনন্দন এই পদ্মবিলের সৌন্দর্য উপভোগ করতে দূর থেকেও আসছেন অনেক মানুষ।

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার হাটিকুমরুল ইউনিয়নের আমডাঙ্গা গ্রামের পাশে সোনাকান্ত বিলের অবস্থান। এই বিলে রয়েছে প্রায় ৪০ বিঘা জমি। এসব জমি পার্শ্ববর্তী আমডাঙ্গা, সড়াতৈল, অলিপুর ও বাগধা গ্রামবাসীর। বিলের জমিতে বছরে একবার বোরো ধান চাষ হয়। অপেক্ষাকৃত নিচু জমি বলে বর্ষায় বছরের ৬ মাসেরও বেশি সময় এখানে পানি জমে থাকে।

বর্ষাকালে এ বিলের অধিকাংশ জমিতেই প্রাকৃতিকভাবে পদ্ম ফুল জন্মে। এ কারণে এখন এ বিলটি 'পদ্মবিল' নামে পরিচিত হয়ে উঠেছে। চারদিকে শুধু পদ্ম আর পদ্ম। বিস্তীর্ণ এলাকাজুড়ে গোলাপি রঙের পদ্ম দেখলে মনও জুড়িয়ে যায়। চোখ যত দূরে যায় শুধু পদ্ম আর পদ্ম। এমন অপরূপ দৃশ্য ভ্রমণপিপাসুদেরও হাতছানি দেয়। তবে এবারের এই ব্যাপক ফুলের সমারোহ একেবারেই অন্যরকম।

সরেজমিন সোনাকান্ত বিলের পদ্ম ফুলের সমারোহ দেখতে গেলে কথা হয় স্থানীয় বাসিন্দা মাহমুদুল হাসান বাবলা, রুবেল ও নাঈমের সঙ্গে। তাঁরা জানান, বছর দুই-তিনেক ধরে এই বিলে পদ্ম ফুল ছিল একেবারেই হাতেগোনা। এ বছর সোনাকান্ত বিলে ফুটেছে অজস্র পদ্ম। দূর থেকে মনে হবে যেন পদ্মের মেলা বসেছে এখানে। দেখা গেল বেশ কয়েকজন শিশু-কিশোর বিলে নেমে পদ্ম ফুল তুলছে। বাবলা তালুকদার জানান, অভাবী পরিবারের ছেলেমেয়েরা বিলে নেমে পদ্ম ফুল সংগ্রহ করে তা উল্লাপাড়াসহ বিভিন্ন বাজারে ফেরি করে বিক্রি করে। ১০ থেকে ১৫ টাকা পর্যন্ত বিক্রি হয় একটি পদ্ম ফুল।

পদ্ম ফুল তোলা শিশু মাহি, অনন্যা ও জারাত জানায়, প্রতিদিন পদ্ম গাছের কাঁটার আঘাত সহ্য করে তারা ফুল তুলে আনে। এসব ফুল তারা বাজারে বিক্রি করে প্রতিদিন দুইশ থেকে তিনশ টাকা পর্যন্ত পাচ্ছে। ভাদ্র মাস পর্যন্ত তারা ফুল তুলতে পারবে। বিলের জমির মালিকরা পদ্ম ফুল তুলতে বাধা দেন না বলে জানায় শিশুরা।

সোনাকান্ত বিলের জমির মালিকদের মধ্যে রয়েছেন আমডাঙ্গা গ্রামের আব্দুস ছাত্তার ও বাগধা গ্রামের রফিকুল ইসলাম। তাঁরা জানান, এই বিলে দীর্ঘদিন ধরেই বর্ষা মৌসুমে পদ্ম ফুল ফোটে। এতে বিলের সৌন্দর্য বাড়ে। এলাকার ও দূরের লোকজন প্রতিদিন পদ্ম ফুলের এই সমারোহ ও মনোরম দৃশ্য দেখতে বিল পাড়ে আসেন। অনেকে পদ্ম ফুল তুলে বাজারেও বিক্রি করেন।

এ বিষয়ে উল্লাপাড়া উপজেলা কৃষি কর্মকর্তা সুবর্ণা ইয়াসমিন সুমি জানান, এটি জলজ উদ্ভিদ। পাখির দ্বারা পদ্ম ফুলের বীজ বিলে পড়ে গাছ জন্মায় এবং সেখান থেকেই পদ্ম গাছের বিস্তৃতি হয়। সোনাকান্ত বিল এবার পদ্ম ফুলে ছেয়ে গেছে। অনেক দর্শনার্থী এ বিলে আসছেন। বিলটি এখন একটি দর্শনীয় স্থানে পরিণত হয়েছে।

আরও পড়ুন

×