ঢাকা বুধবার, ২৬ আগস্ট ২০২৬

অবসরের পর নতুন উদ্যম

অবসরের পর নতুন উদ্যম
×

পারভেজ হিমেল

প্রকাশ: ১৭ জানুয়ারি ২০২৩ | ১৮:০০ | আপডেট: ১৮ জানুয়ারি ২০২৩ | ০৬:১৫

দীর্ঘ কর্মজীবনের পর অবসর গ্রহণ করলে অনেকের জীবনে বিষণ্ণতা ভর করে। রুটিনমাফিক জীবন আর থাকে না। থাকে না কোথাও যাওয়ার তাড়া। বয়সের সঙ্গে সঙ্গে শরীরে নানা অসুখ বাসা বাঁধে। কারও কারও সঙ্গীহীন জীবন খুব দুর্বিষহ হয়ে ওঠে। অবসরের পরও নিজেকে ব্যস্ত রাখা চায়। এতে জীবনের চাপ-তাপ ভোগাতে পারবে না। নতুন উদ্যমে জেগে ওঠা সম্ভব হবে।

প্রথমে নির্ধারণ করুন কী করতে চান :ফেলে আসা দিনগুলোতে যে যে শখ, আহ্লাদ পূরণ করার জন্য আপনার মন ব্যাকুল হতো, সেই শখগুলোকে প্রাধান্য দিন। ফিরে যান নিজের ছোট ছোট ইচ্ছা ও স্বপ্নের কাছে। হতে পারে কবিতা ও গল্প লেখা, ভ্রমণ করা, প্রাণী পোষা, বাগান করা, জিম করা ইত্যাদি। এমনও হতে পারে নাতিদের সঙ্গে খেলাধুলা করা বা তাদের সঙ্গে সময় কাটানো। অর্থাৎ আপনার যা ভালো লাগবে, তাই আপনি অবসর সময় কাটানোর ক্ষেত্রে নির্ধারণ করুন।

পরিকল্পনার ছক :ধরুন অবসর সময় ভ্রমণের মাধ্যমে কাটাতে চান বা গল্প, কবিতা লিখতে চান। এ দুই ক্ষেত্রে টাকার প্রয়োজন ভিন্ন হবে। আবার জীবনসঙ্গীর সঙ্গে ভ্রমণ করতে চাইলে টাকার দরকার আরও বেশি। তাই আপনার উচিত টাকার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করে পরিকল্পনার ছক করা। কারণ পরিকল্পনার পর তা বাস্তবায়ন করতে না পারলে হৃদয়ে ব্যথাগুলো ডানা মেলে।

বন্ধুর বিকল্প নেই :বন্ধুরা হাসতে শেখায়, বাঁচতে শেখায়। অবসরের পর শৈশব, কৈশোরের বন্ধুদের আবারও খুঁজে নিতে পারেন। নিজ উদ্যোগে বন্ধু সার্কেল বানাতে পারেন। সমবয়সী ও অবসরপ্রাপ্তদের নিয়ে ভ্রমণে যেতে পারেন। এ বয়সের বন্ধুত্বের দৃঢ়তা খুব মধুর হয়। একসঙ্গে হাঁটাচলা, ভ্রমণ, কবিতা পাঠচক্র বেশ আনন্দময় হয়ে ওঠে।

বাসার ছাদে বা পতিত জমিতে কৃষি চাষ করুন :বর্তমান সময়ে বাসার ছাদে বা পতিত জমিতে কৃষি চাষ শহরাঞ্চলে বেশ জনপ্রিয়তা পাচ্ছে। কেননা বাসার ছাদে বা পতিত জমিতে কৃষি চাষ করলে একদিকে যেমন কায়িক শ্রম হয়, অন্যদিকে প্রকৃতির সান্নিধ্যে থাকা যায়। প্রতিদিন বৃক্ষের পরিচর্যা কর্মব্যস্ত রাখে। এতে মন ও শরীর ভালো থাকবে।

জীবনসঙ্গীর সঙ্গে একাকি সময় কাটানো :অবসরের পর জীবনসঙ্গীকে আরও সময় দিন। তাঁকে নিয়ে পার্কে হাঁটতে যেতে পারেন, দূরে কোথাও বেড়াতে যেতে পারেন। রেস্টুরেন্টে খেতে যেতে পারেন। এই বয়সে রোগ-শোক থাকে অনেকের। সে জন্য খাবারের ক্ষেত্রে সতর্ক থাকা উচিত।

ছোটদের সঙ্গ :ব্যস্তময় পৃথিবীতে সবাই আপনাকে সময় দিতে না পারলেও আপনার নাতি-নাতনিরা সঙ্গ দেবে। ছোট শিশুদের শখ-আহ্লাদ, দুষ্টুমি মনকে নতুন রূপে সাজাবে। অবসরের পর ছোটদের সঙ্গে সময় কাটান। তাদের পড়াশোনায় সাহায্য করুন।

জীবনের অভিজ্ঞতা লিখুন :জীবনসংগ্রামে চলতে-ফিরতে নানা রকম অভিজ্ঞতা প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হয়। প্রাপ্ত অভিজ্ঞতা নিয়ে পরিবারের নতুন সদস্যদের সঙ্গে গল্প করতে পারেন। কিংবা আপনার লেখনী শক্তি ভালো হলে লিপিবদ্ধ করতে পারেন। হয়তো কোনো দিন এই লেখার মাঝে আপনার পরিজন খুঁজে পাবে আপনাকে। সেই সঙ্গে নবীন প্রজন্মের একটি দিকনির্দেশনাময় ডায়েরি হবে।

পছন্দের বিষয়ে পড়াশোনা :চাকরি থেকে অবসর নেওয়ার পর নতুন করে শিক্ষা জীবন শুরু করা আমাদের দেশে অনেকের কাছে হাস্যকর মনে হতে পারে। অন্যান্য দেশে এই বিষয়টি বেশ জনপ্রিয়। ধরুন আপনি ফার্মেসি বিষয়ে শিক্ষা জীবন সমাপ্ত করেছেন। কিন্তু ভাষা ও সাহিত্যের প্রতি অনুরাগ সেই ছোটবেলা থেকেই। অবসরের এই সময়ে শরীর ও মন সাঁই দিলে পছন্দের বিষয়ে নতুন করে পড়াশোনা করতে পারেন। জ্ঞান লাভ করতে পারেন। া

আরও পড়ুন

×