ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

হেলথ টিপস

পায়ের গোড়ালির ব্যথা

পায়ের গোড়ালির ব্যথা
×

এম ইয়াছিন আলী

প্রকাশ: ২০ জানুয়ারি ২০২৩ | ১৮:০০ | আপডেট: ২১ জানুয়ারি ২০২৩ | ০৬:২৩

সুফিয়া খাতুন (কল্পিত), বয়স ৩৬ বছর। ইদানীং ঘুম থেকে উঠে ফ্লোরে পা রাখতেই পায়ের তলায় তীব্র ব্যথা অনুভূত হয়। আবার অনেকক্ষণ বসে থাকার পর উঠে দাঁড়াতেই পায়ের তলায় তীব্র ব্যথা হয়। একটু হাঁটাহাঁটি করলে ব্যথা কিছুটা কমে আসে। আবার কিছুক্ষণ বসে থাকলে উঠে প্রথমে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে হয়, তারপর আস্তে আস্তে ব্যথা কমে আসে। প্রথম দিকে এতটা গুরুত্ব না দিলেও পরে ব্যথার তীব্রতা এত বেড়ে গেল, শেষ পর্যন্ত চিকিৎসকের শরণাপন্ন না হয়ে পারলেন না। চিকিৎসক বললেন, এটি সাধারণত দুটি কারণে হয়ে থাকে। প্রথমত প্লান্টার ফ্যাসাইটিস, দ্বিতীয়ত ক্যালকেনিয়াম স্পার।

রোগ নির্ণয়ের জন্য একটি এক্স-রে করতে বললেন। এক্স-রে রিপোর্টে দেখা গেল, পায়ের গোড়ালির প্রধান হাড়, যাকে ক্যালকেনিয়াম বলা হয়ে থাকে, সেই ক্যালকেনিয়াম হাড়ের নিচের দিকে ছোট হুকের হাড় বৃদ্ধি পেয়েছে, যাকে মেডিকেল পরিভাষায় বলা হয়, ক্যালকেনিয়াম স্পার। এতে ওষুধের পাশাপাশি ফিজিওথেরাপি চিকিৎসায় ভালো ফল পাওয়া যায়। সে ক্ষেত্রে একজন বিশেষজ্ঞ ফিজিওথেরাপিস্টের পরামর্শ অনুযায়ী চিকিৎসা নিতে হবে।


পাশাপাশি কিছু নিয়মকানুন মেনে চলতে হয়, যেমন-
- সব সময় নরম জুতা ব্যবহার করতে হবে।
-হাঁটাচলার সময় হিল কুশন ব্যবহার করবেন।
- শক্ত স্থানে খুব বেশি সময় দাঁড়িয়ে থাকা যাবে না বা শক্ত স্থানে বেশি হাঁটাচলা করাও উচিত নয়।
- ভারী কোনো জিনিস বহন করা থেকে বিরত থাকতে হবে। যেমন- বেশি ওজনের বাজারের থলি, পানিভর্তি বালতি ইত্যাদি বহন করা যাবে না।
- সিঁড়ি দিয়ে ওঠানামা করার সময় মেরুদণ্ড সোজা রেখে হাতে সাপোর্ট দিয়ে ধীরে ধীরে উঠবেন ও নামবেন এবং যথাসম্ভব গোড়ালির ব্যবহার কম করবেন।
- হাইহিল জুতা পরা সম্পূর্ণ নিষেধ।
-মোটা ব্যক্তিদের ওজন কমাতে হবে এবং সব সময় ওজন নিয়ন্ত্রণে রাখতে হবে।

আরও পড়ুন

×