খাদ্যসামগ্রী নিয়ে দ্বারে দ্বারে
নিজেদের প্রচেষ্টায় ঘরে ঘরে খাদ্যসামগ্রী পৌঁছে দেন খুলনার সুহৃদরা
এম সাইফুল ইসলাম
প্রকাশ: ০৩ এপ্রিল ২০২৩ | ১৮:০০
নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম লাগামহীন। এরই মধ্যে শুরু হয়েছে রমজান মাস। নিম্ন আয়ের মানুষগুলো অন্য যে কোনো সময়ের তুলনায় অসহায় এখন। এমন পরিস্থিতি বিবেচনায় নিয়ে সুহৃদরা চেষ্টা করেছেন কিছু পরিবারের কাছে খাবার পৌঁছে দেওয়ার। তারা গোপনে তাদের বাড়ি বাড়ি গিয়ে খাদ্যসামগ্রী দিয়ে আসেন। নিম্ন আয়ের মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণের এমন উদ্যোগ নিয়েছে সমকাল সুহৃদ সমাবেশ খুলনা। রমজানের একদিন আগে থেকে এই কার্যক্রম শুরু করেন তারা; যা এখনও চলমান রয়েছে।
সুহৃদরা জানান, রোজার আগে থেকেই এ নিয়ে পরিকল্পনা অনুযায়ী তাঁরা এ কার্যক্রম শুরু করেন। গত ১২ মার্চ সুহৃদদের নিয়ে এ উপলক্ষে একটি প্রস্তুতি সভা সমকাল খুলনা অফিসে অনুষ্ঠিত হয়। নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়ে যাওয়ায় কষ্টে আছেন নিম্ন আয়ের মানুষ। তাদের মধ্যে কিছু মানুষ রয়েছেন, যারা কারও কাছে কিছু চাইতে লজ্জাবোধ করেন। সুহৃদরা এমন পরিবারগুলোকে খুঁজে বের করবেন এবং গোপনীয়তা রক্ষা করে বাসায় গিয়ে ইফতারসামগ্রী পৌঁছে দেবেন। সভায় গৃহীত এ পরিকল্পনা অনুযায়ী মানুষের কাছে পৌঁছে দেওয়া হয়।
সেদিন থেকে পরবর্তী এক সপ্তাহের মধ্যে পরিবারগুলোর নাম তালিকাভুক্ত করা হয়। প্রতিটি পরিবারকে ১ কেজি চিড়া, ১ কেজি চিনি, ১ কেজি ছোলা, ১ কেজি খেজুর, ১ কেজি মুড়ি ও ১ লিটার করে তেলসহ প্যাকেট দেওয়া হয়। আমরা তালিকাভুক্ত পরিবারগুলোর বাড়িতে গিয়ে ইফতারসামগ্রীর ব্যাগ পৌঁছে দিয়েছি। প্রথমে অনেকে ইফতারসামগ্রী নিতে চাননি। এটা সাহায্য নয়, আমাদের পক্ষ থেকে ভালোবাসা– এমন করে বোঝানোর পর ইফতারসামগ্রী নিতে রাজি হন তারা। উপকারভোগী একজন বলেন, ‘স্বল্প বেতনে সংসার চালাতে খুবই হিমশিম খেতে হচ্ছে। এরই মধ্যে রোজার আগে প্রতিটি পণ্যের দাম আরেক দফা বেড়েছে। আপনাদের দেওয়া এসব সামগ্রী পেয়ে অনেক ভালো লেগেছে। আল্লাহ সবার মঙ্গল করুন।’ সুহৃদ প্রিয়া রহমান বলেন, ‘এর আগে বিভিন্ন সময় পথশিশু, ছিন্নমূল মানুষের মধ্যে খাবার বিতরণ করেছি। কিন্তু এবারের অনুভূতি নিম্ন আয়ের মানুষগুলো বর্তমানে কতটা কষ্টে আছে, তাদের কাছে না গেলে বোঝা যেত না।’
কার্যক্রমে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন– সুহৃদ সমাবেশ খুলনার আহ্বায়ক এম সাইফুল ইসলাম, সদস্য প্রিয়া রহমান, মেহেদী হাসান, ইমরান হোসাইন, সুমন হোসাইন, সাইফুল্লাহ মানসুর প্রমুখ।
