দিনে গৃহবধূ, রাতে গুপ্তচর
‘মিসেস আন্ডার কভার’ সিনেমার দৃশ্য
উপমা পারভীন
প্রকাশ: ১২ এপ্রিল ২০২৩ | ১৮:০০
দীর্ঘ ক্যারিয়ারে ভিন্ন ভিন্ন চরিত্রে অভিনয় করে দর্শকের নজর কেড়েছেন রাধিকা আপ্তে। আরও একবার ভিন্নধর্মী চরিত্রে অভিনয় করেছেন এই অভিনেত্রী। দিনে গৃহবধূ, রাতে গুপ্তচর! এমনই এক চরিত্রে অভিনয় করেছেন রাধিকা আপ্তে। সম্পূর্ণ ভিন্ন এক চরিত্র, অভিনেত্রীকে দেখে বাহবা করছে নেটপাড়া। একজন বাঙালি রমণীর চরিত্রে স্ক্রিনে ঝড় তুলতে প্রস্তুত রাধিকা।
টিজার শেয়ার করে রাধিকা সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন– ‘হোম মেকার নাকি বোন ব্রেকার?’ ছবির নাম ‘মিসেস আন্ডার কভার’। যদিও এই সিনেমার গল্পে রয়েছে নানা চমক। আছে গুপ্তচরবৃত্তি। ছবির টিজারে দেখা যায়– রাধিকা গৃহবধূ। অন্তত তাঁর স্বামী তেমনটাই বলেন। তিনি কাজ করতে গেলেই তাতে গন্ডগোল বাধে। কিন্তু আদতে একজন গুপ্তচর। সম্প্রতি এই ছবির টিজার প্রকাশ্যে এনে রাধিকা লেখেন, ‘ঘর সামলায় নাকি হাড় ভাঙে?’ সদ্য প্রকাশ্যে আসা টিজারে দেখা যাচ্ছে রাধিকা একটি শাড়ি পরে আছেন। তিনি তাঁর ঘরের কাজ নিয়ে ব্যস্ত।
তাঁকে দেখে মনে হয়, তিনি বুঝেই উঠতে পারেন না যে কোন কাজ কীভাবে করতে হয়। তাঁর হাত থেকে যখন-তখন ধুপধাপ জিনিস পড়ে যায়। সব থেকে বড় গন্ডগোল তখন পাকিয়ে ফেলেন যখন ব্লেন্ডারের ঢাকনা ঠিকভাবে না লাগিয়ে চালিয়ে দেন। এরপর দেখা যায়, তাঁর স্বামীকে (সাহেব চট্টোপাধ্যায়)। তাঁকে যখন রাধিকার বিষয়ে জিজ্ঞাসা করা হয় তখন তিনি বলেন, ‘আরে ও কিছু করে না। ও কেবল গৃহিণী।’ এরপর দেখা যায় রাধিকা কালো বডি স্যুটে গুন্ডাদের রাতের অন্ধকারে পেটাচ্ছেন! ভক্তরা রাধিকার এই রূপে মুগ্ধ।তাঁর প্রশংসা করেছেন।
অভিনেত্রী নিজেই তাঁর সোশ্যাল মিডিয়ায় এই ছবির টিজার পোস্ট করেছেন। সেখানে এক ব্যক্তি লেখেন, ‘রাধিকা আপনাকে সব সময়ই সুন্দর লাগে দেখতে। কিন্তু এবার আরও আকর্ষণীয় লাগছে।’ আরেক ব্যক্তি লেখেন, ‘এটা দারুণ হবে। আমি বুঝতেই পারছি।’ তাঁর এক অনুরাগী লেখেন, ‘দুর্ধর্ষ; একটার পর একটা দুর্দান্ত কাজ এনেই চলেছেন।’ টিজার দেখে মনে হচ্ছে ছবিতে রাধিকার বেশ কিছু অ্যাকশন দৃশ্য দেখা যাবে। আবার অভিনেত্রী যখন গৃহবধূর ভূমিকায় তখন বেশ অগোছালো এবং সেই সময় কমেডির উপাদান বেশি থাকবে বলেই মনে করা হচ্ছে।
ওয়েব ছবিতে নিজের চরিত্র প্রসঙ্গে এই অভিনেত্রী বলেন, ‘এমন চরিত্র আগে কখনও করিনি। তাই শুরুতে একটু আত্মবিশ্বাস কম ছিল। আসলে আমাকে আমার কমফোর্ট জোনের বাইরে গিয়ে অভিনয় করতে হয়েছিল। আমার চরিত্রের কমেডি একদম আলাদা ছিল। কমেডি করা অনেক কঠিন। তাই আমার এ চরিত্র নিয়ে বেশ চাপে ছিলাম। তবে এই ছবিতে দুর্দান্ত সব শিল্পী কাজ করেছেন। তাঁদের মতো অভিনয়শিল্পীদের পাশে পেয়ে আমার কাজটা আরও সহজ হয়ে গিয়েছিল।’ এ
ই ছবিতে সাহেব চট্টোপাধ্যায়ের পাশাপাশি দেখা যাবে আরও একজন বাঙালি অভিনেত্রীকে। তিনি হলেন ‘গোধূলি আলাপ’ ধারাবাহিকের রোশনি ভট্টাচার্য। আগামীকাল জি ফাইভ অরিজিনালসে মুক্তি পাবে ছবিটি।
- বিষয় :
- রাধিকা আপ্তে
- মিসেস আন্ডার কভার
